২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিতকে ছাড়িয়ে বাটলার

এক ম্যাচে দুটি মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ ইংলিশ ব্যাটসম্যান।

রোহিতকে ছাড়িয়ে বাটলার
জস বাটলার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2026, 06:42 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

প্রয়োজন ছিল তিন রানের। জস বাটলার করতে পারলেন ওই তিন রানই। এতে ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান স্পর্শ করলেন দারুণ এক মাইলফলক। তার নাম উঠে গেল রেকর্ড বইয়ের পাতায়।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চার হাজার রানের মাইলফলক থেকে তিন রান দূরে থেকে বিশ্বকাপে শনিবার স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নামেন বাটলার। কলকাতার ইডেন গার্ডেন্সে রান তাড়ায় দ্বিতীয় ওভারে সিঙ্গলের পর, দুই রান নিয়ে পৌঁছে যান কাঙ্ক্ষিত ঠিকানায়। ওই ওভারেই আউট হয়ে যান তিনি (৪ বলে ৩)।

এই সংস্করণে বলের হিসাবে দ্রুততম চার হাজার রানের রেকর্ড এখন বাটলারের। মাইলফলটি ছুঁতে তার লাগল তিন হাজার ৬৯০ বল। তিন হাজার ৮৬০ বলে চার হাজার ছুঁয়ে রেকর্ডটি ছিল এতদিন ভারতের গত বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শার্মার।

ইংল্যান্ডের প্রথম ও বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে চার হাজার রানের ঠিকানায় পা রাখলেন বাটলার। প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০২২ সালের নভেম্বরে এই মাইলফলক স্পর্শ করেন ভারতীয় গ্রেট ভিরাট কোহলি। ২০২৪ সালে কোহলির পাশে বসেন রোহিত। একই বছর এই তালিকায় নাম লেখান পাকিস্তানের তারকা বাবর আজম।

ইনিংসের হিসাবে দ্রুততম চার হাজার রানের রেকর্ড কোহলির। তার লেগেছিল ১০৭ ইনিংস। ১১২ ইনিংস লেগেছিল বাবরের। বাটলার ১৩৮ ও রোহিত ১৪৪ ইনিংসে স্পর্শ করেছেন মাইলফলকটি।

এই ম্যাচে আরেকটি মাইলফলক ছুঁয়েছেন বাটলার। ইংল্যান্ডের প্রথম ও বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে এই সংস্করণে ১৫০ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন তিনি। ১৬৩ ম্যাচ খেলে সবার ওপরে আছেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং।

দেড়শ ম্যাচে ৩৪.৭৮ গড় ও ১৪৮.৫৮ স্ট্রাইক রেটে এই চার হাজার রান করেছেন বাটলার। ২৮টি ফিফটির পাশে সেঞ্চুরি আছে একটি।