ভারতের বিপক্ষে আগ্রাসী মানসিকতায় মাঠে নামবে পাকিস্তান
যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের পর পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান বললেন, চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে ম্যাচেও আক্রমণাত্মক থাকতে চান তারা।
নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রত্যাশিত জয় ধরা দিয়েছে। সুপার এইটে ওঠাও অনেকটা নিশ্চিত হয়ে গেছে। তবে বড় একটি পরীক্ষা তো এখনও অপেক্ষায় পাকিস্তানের। পরের ম্যাচটিই তো ভারতের বিপক্ষে! চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে আছেন সাহিবজাদা ফারহান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের মতো আগ্রাসী মানসিকতায় ম্যাচটি তারা খেলবেন বলে জানালেন এই ওপেনার।
আগামী রোববার কলম্বোয় হবে বহুল আলোচিক ম্যাচটি। মহারণের আগে দুটি ম্যাচ জিতে আপাতত অনেকটাই নির্ভার পাকিস্তান।
প্রথম ম্যাচে যদিও পরাজয়ের চোখরাঙানি ছিল। তবে শেষ পর্যন্ত ডাচদের হারাতে পারে তারা। দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে হারাতে খুব বেশি বেগ পেতে হয়নি তাদের। কলম্বার সিংহলিজ স্পোর্ট ক্লাব মাঠের প্রথম দিন-রাতের ম্যাচে ২০ ওভারে ১৯০ রান তুলে সালমান আলি আগার দল জিতে যায় ৩২ রানে।
ওপেনিংয়ে ৫ ছক্কায় ৪১ বলে ৭৩ রান করে দলের জয়ের ভিত গড়ে দিয়ে ম্যাচ-সেরা হন সাহিবজাদা। ম্যাচের পর তিনি বলেন, এই ধারা ধরে রাখতে চান ভারতের বিপক্ষেও।
“আমরা একটি মানসিকতায় মাঠে নামব, ভারতের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচসহ অন্যান্য ম্যাচে যে মানসিকতায় খেলেছি। আমরা চেষ্টা করব ইতিবাচক থাকবে এবং আগ্রাসী ক্রিকেট খেলতে।”
মজার ব্যাপার হলো, গত এশিয়া কাপে ভারতের বিপক্ষে তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছিল পাকিস্তান। ফাইনালে তারা বেশ লড়াই করলেও শেষ পর্যন্ত জেতে ভারতই।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের ৮ লড়াইয়ের ৭টিই জিতেছে ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটে সব মিলিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের ১৬ লড়াইয়ে পাকিস্তান জিততে পেরেছে মোটে ৩টি। সবশেষ ৫ ম্যাচই জিতেছে ভারত।
এবার বহুল আলোচিত লড়াইটি হবে আগামী রোববার কলম্বোয়। পাকিস্তান শুরুতে এই ম্যাচ বর্জনের ঘোষণা দিলেও পরে সরে আসে সেই অবস্থান থেকে।
