২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাচ ছেড়ে ম্যাচ হার নেদারল্যান্ডসের, জীবন পেয়ে পাকিস্তানের নায়ক ফাহিম

দারুণ জয়ের সম্ভাবনা জাগিয়েও পারল না নেদারল্যান্ডস, রোমাঞ্চ ছড়ানো উদ্বোধনী ম্যাচে হারের চোখরাঙানি এড়িয়ে স্বস্তির জয়ে বিশ্বকাপ শুরু করল পাকিস্তান।

ক্যাচ ছেড়ে ম্যাচ হার নেদারল্যান্ডসের, জীবন পেয়ে পাকিস্তানের নায়ক ফাহিম
শেষের নায়ক ফাহিম আশরাফ। ছবি: পাকিস্তান ক্রিকেট টিম ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2026, 03:13 PM

Updated : 26 Aug 2026, 02:53 PM

ফুল টস বলে টাইমিং ঠিকঠাক করতে পারলেন না ফাহিম আশরাফ। লং অনে ছুটে এসে ডাইভ দিয়ে বল মুঠোয় নিলেন মাক্স ও’ডাউড। কিন্তু বল গেল ফসকে। আরেক দফা চেষ্টায়ও পারলেন না মুঠোয় জমাতে। ম্যাচটাও ফসকে গেল সেখানেই। আগের বলে ছক্কার পর ওই জীবন পেয়ে তিন বলের মধ্যে আরও দুটি ছক্কায় ম্যাচের ভাগ্য গড়ে দিলেন ফাহিম। অসাধারণ এক জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত পেরে উঠল না নেদারল্যান্ডস।

সহজ জয়ের পথে থাকা পাকিস্তান পথ হারিয়ে পৌঁছে গিয়েছিল পরাজয়ের দুয়ারে। কিন্তু সেই চোখরাঙানি এগিয়ে শেষ পর্যন্ত স্বস্তির জয়ে তারা শুরু করতে পারল বিশ্বকাপ। রোমাঞ্চ ছড়ানো জমজমাট ম্যাচ দিয়ে শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শেষ ওভারের ফয়সালায় নেদারল্যান্ডসকে ৩ উইকেটে হারাল পাকিস্তান।

কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব মাঠে শনিবার ডাচদেরকে ১৪৭ রানে আটকে রেখে পাকিস্তান জয় পায় ৩ বল বাকি রেখে। 

১১ ওভার শেষে পাকিস্তানের রান ছিল ৯৮। ৮ উইকেট নিয়ে তখন প্রয়োজন ছিল ৫৪ বলে মাত্র ৫০ রান। মনে হচ্ছিল, সহজ জয়ের পাশাপাশি রান রেটও বেশ বাড়িয়ে নেবে তারা।

কিন্তু পাকিস্তানের চিরায়ত অনিশ্চিত চরিত্রের প্রত্যাবর্তন ও ডাচদের লড়াই মিলিয়ে দ্রুত বদলাতে থাকে ম্যাচের চিত্র। ১৮ ওভার শেষে ডাচদের জয়ই মনে হচ্ছিল সম্ভাব্য ফল। ২ ওভারে পাকিস্তানের প্রয়োজন পড়ে ২৯ রানের। উইকেট বাকি ৩টি।

১৯তম ওভারে লগান ফন বিকের প্রথম বলে ছক্কা মারেন ফাহিম। পরের বলেই সেই ক্যাচ হাতছাড়া। উল্টো মেলে দুটি রান। এরপর তিন বলের মধ্যে ফাহিমের আরও দুটি ছক্কা, শেষ বলে ব্যাটের কানায় লেগে চার। এক ওভারেই ২৪ রান। শেষ ওভারে বাউন্ডারি মেরে ফাহিমই জিতিয়ে দেন দলকে।

মূলত পেস বোলিং অলরাউন্ডার হলেও এ দিন এক ওভারও বোলিং করতে হয়নি তাকে। ব্যাটিংয়ে আট নম্বরে নেমে ১১ বলে ২৯ রানের অপরাজিত ইনিংসে তিনিই ম্যাচের সেরা।

হারের চোখ রাঙানি এড়িয়ে স্বস্তির জয়ে শুরু পাকিস্তানের। ছবি: পাকিস্তান ক্রিকেট টিম ফেইসবুক।

হারের চোখ রাঙানি এড়িয়ে স্বস্তির জয়ে শুরু পাকিস্তানের

শক্তি-সামর্থ্যের ব্যবধান তো আছেই, পাকিস্তান অনেক এগিয়ে ছিল প্রস্তুতিতেও। গত এক বছরে প্রচুর টি-টোয়েন্টি খেলেছে তারা। ডাচদের সেখানে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে পাঁচ মাস পর। তার পরও লড়াই কম করেনি তারা। কিন্তু পারেনি ওই ব্যবধান ঘুচিয়ে দিতে। 

শ্রীলঙ্কার প্রধান টেস্ট ভেন্যুগুলোর একটি এই মাঠে টি-টোয়েন্টি ক্রিকেট হলো ১৬ বছর পর। উইকেট ছিল সবুজ ঘাসে ভরা।  টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা বললেন, “শ্রীলঙ্কায় এত সবুজ উইকেট আগে কখনও দেখিনি।” ধারাভাষ্যে ওয়াসিম আকরামের অভিমত, “দেখে মনে হচ্ছে ইংল্যান্ডের উইকেট।” নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস অবশ্য বললেন, “ঘাস থাকলেও উইকেট দারুণ ব্যাটিং সহায়ক হবে বলেই মনে হচ্ছে।” আদতেও দেখা গেল তেমনই। কিন্তু শুরুটা ভালো করলেও ব্যাটিং সহায়ক উইকেটের ফায়দা নিতে পারেনি এডওয়ার্ডসের দল। 

শাহিন শাহ আফ্রিদির প্রথম বলে মাইকেল লেভিটের বাউন্ডারিতে শুরু হয় এবারের বিশ্বকাপ। প্রথম ওভারে দুই বাউন্ডারির পর বাঁহাতি এই পেসারের পরের ওভারেও চার ও ছক্কা মারেন লেভিট।

তবে স্পিন আক্রমণে আসতেই থেমে যান তিনি। মোহাম্মাদ নাওয়াজের প্রথম বলটিই উড়িয়ে মেরেছিলেন। লং অন সীমানায় দারুণ ফিল্ডিংয়ে বল ভেতরে রাখেন বাবর আজম, ছুটে এসে ক্যাচ নেন আফ্রিদি। 

আরেক ওপেনার মাক্স ও’ডাউড আগেই বিদায় নেন সালমান মির্জার বলে কিপার উসমান খানের ভালো ক্যাচে। 

জোড়া ধাক্কায় ভড়কে না গিয়ে বাস ডে লেডে ও কলিন আকারম্যান এগিয়ে নেন দলকে। কিন্তু বাধ সাধেন আবরার। তার ক্যারম ডেলিভারি স্টাম্পে টেনে আনেন ১৪ বলে ২০ রান করা আকারম্যান।

এরপর ডে লেডের সঙ্গে এডওয়ার্ডসের জুটিও ছিল দারুণ সম্ভাবনাময়। একসময় মনে হচ্ছিল, ১৬৫-১৭০ রান করে ফেলতে পারে ডাচরা।

এই জুটিও থামে স্পিনে। নাওয়াজের ওভারে এডওয়ার্ডসের ছক্কার পর ডে লেডে একটি বাউন্ডারি মেরে আউট হয়ে যান ছক্কার চেষ্টায় (২৫ বলে ৩০)।

সেখান থেকে পথ হারায় নেদারল্যান্ডসের ইনিংস। আবরারের বলে সুইপ খেলে বিদায় নেন ডাচ অধিনায়ক এডওয়ার্ডস (২৮ বলে ৩৭)। সাইম আইয়ুবের এক ওভারে ফেরেন জ্যাক লায়ন-ক্যাশে ও লগান ফন বিক।

শেষ দিকে আরিয়ান দত্তের দুটি বাউন্ডারিতে দেড়শ সম্ভাবনা জাগালেও সালমান মির্জার টানা দুটি উইকেটে শেষ হয়ে যায় ইনিংস।

২৪ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার বাঁহাতি পেসার সালমান মির্জা। তবে সেরা বোলার ছিলেন নিঃসন্দেহে আবরার আহমেদ। এই লেগ স্পিনারের পাশাপাশি ঘাসের উইকেটেও কার্যকর ছিলেন পাকিস্তানের অন্য তিন স্পিনার।

রান তাড়ায় প্রথম ওভারে ছক্কা, পরের ওভারে টানা তিন বাউন্ডারিতে ঝড়ের গতিতে শুরু করেন সাইম আইয়ুব। ১৩ বলে ২৪ রান করে আউট হয়ে যান তিনি তৃতীয় ওভারে। তাকে ফেরানোর পর পাওয়ার প্লের মধ্যে সালমান আলি আগাকেও ফেরান অফ স্পিনার আরিয়ান দত্ত।

তাতে খুব বিপাকে পড়েনি পাকিস্তান। বাবর আজম ধুঁকতে থাকলেও সাহিবজাা ফারহান দারুণ ব্যাটিংয়ে এগিয়ে নেন দলকে। ১১ ওভার শেষে শতরানের দুয়ারে চলে যায় দল।

পাকিস্তানের পুরোনো সত্বা জেগে ওঠে তখন। ৩১ বলে ৪৭ করে আউট হন সাহিবজাদা। পল ফন মিকেরেনের বলে লং অনে দারুণ ক্যাচ নেন ৪১ বছর বয়সী রুলফ ফন ডার মেরওয়া। এক বল পরই বল স্টাম্পে টেনে আনেন উসমান খান।

পরের ওভারে শেষ হয় বাবরের ভোগান্তি (১৮ বলে ১৫)। 

শেষ দিকে ঝড় তুলতে পারেন যে দুজন, সেই মোহাম্মাদ নাওয়াজ (১৩ বলে ৬) ও শাদাব খান (১২ বলে ৮) হাঁসফাঁস করে আউট হন দলকে বিপদে ঠেলে দিয়ে। 

১২ থেকে ১৮, এই সাত ওভারে রান ওঠে মাত্র ২১। পতন হয় ৫ উইকেটের। উজ্জ্বল হয়ে ওঠে ডাচদের সম্ভাবনা।

কিন্তু শেষ পর্যন্ত তাদের দুঃখ হয়ে থাকে ওই ক্যাচ ফসকে যাওয়া। ভারতের বিপক্ষে ম্যাচ ছেড়ে দেওয়ার ঘোষণার পর পাকিস্তান রক্ষা পায় বড় এক বিপদ থেকে। 

সংক্ষিপ্ত স্কোর: 

নেদারল্যান্ডস: ১৯.৫ ওভারে ১৪৭ (লেভিট ২৪, ও’ডাউড ৪, ডে লেডে ৩০, অ্যাকারম্যান ২০, এডওয়ার্ডস ৩৭, লায়ন-ক্যাশে ৯, ফন বিক ০, আরিয়ান ১৩, ফন ডা মারওয়া ৪, ক্লাইন ২*, ফন মিকেরেন ০; আফ্রিদি ৩-০-২৮-১, সালমান মির্জা ৩.৫-০-২৪-৩, নাওয়াজ ৪-০-৩৮-২, শাদাব ৪-০-২৮-০, আবরার ৪-০-২৩-২, সাইম ১-০-৭-২)।

পাকিস্তান: ১৯.৩ ওভারে ১৪৮/৭ (সাহিবজাদা ৪৭, সাইম ২৪, সালমান আগা ১২, বাবর ১৫, উসমান ০, শাদাব ৮, নাওয়াজ ৬, ফাহিম ২৯*, আফ্রিদি ৫*; আরিয়ান ৪-০-৩৩-২, ফন বিক ৪-০-৪৬-১, ক্লাইন ৩-০-২৩-১, ফন ডার মারওয়া ৩-০-১৩-১, ফন মিকেরেন ৪-১-২০-২, ডে লেডে ১.৩-০-১৩-০)।

ফল: পাকিস্তান ৩ উইকেটে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: ফাহিম আশরাফ।