আইপিএলে চোখ রেখে বিশ্বকাপে কানাডার ইউভরাজ সিং
ভারতীয় গ্রেট ইউভরাজ সিংয়ের নামে নাম রেখেছেন তার বাবা, সাবেক ভারতীয় অলরাউন্ডারকে আদর্শ মেনে এগিয়ে চলা ১৯ বছর বয়সী ব্যাটসম্যান ছাপ রাখতে চান বিশ্ব মঞ্চে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হতে যাচ্ছেন কানাডার ইউভরাজ সিং সামরা। এতে কোনো চাপ অনুভব করছেন না তিনি। কেননা, ১৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের জন্মের দিন থেকেই তার ক্রিকেটপ্রেমী বাবা তাকে দেখেছে ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে। যার নামে নাম রেখেছিলেন তার বাবা, সেই ভারতীয় গ্রেট ইউভরাজ সিংকে আদর্শ মেনে এগিয়ে চলা সামরা ছাপ রাখতে চান বিশ্ব মঞ্চে।
ভারতের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ের নায়কদের একজন ইউভরাজ সিংয়ের নামে ছেলের নাম রেখেই শুধু সন্তুষ্ট থাকেননি সামরার বাবা বালজিত, তিনি তার ছেলেকেও বাঁহাতি ব্যাটসম্যানে পরিণত করেছেন, ঠিক যেমনটা সাবেক ভারতীয় অলরাউন্ডার।
বার্তা সংস্থা রয়টার্সকে সামরা বললেন, “আমার মনে হয়, বাবা আমাকে বাঁহাতি হতে বাধ্য করার আগে ডানহাতি ছিলাম আমি।”
ইউভরাজ সিংয়ের মতোই আগ্রাসী ব্যাটসম্যান সামরা। এখন পর্যন্ত ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ছক্কা মেরেছেন তিনি ২৭টি। গত বছর বাহামাসের বিপক্ষে পাঁচ ছক্কা ও তিন চারে ১৫ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলে দলকে জেতান তিনি। তার সেদিনের ১৫ বলে ফিফটি কানাডার হয়ে দ্রুততম।
সব ঠিক থাকলে আগামী সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হবে সামরার, সেদিন তার বয়স হবে ১৯ বছর ১৩৩ দিন। আসরের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হলেও নির্ভার থাকার কথা বললেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।
“আমার বাবা বলেছিলেন, ‘তোমার জন্য কানাডার হয়ে খেলাই শেষ লক্ষ্য নয়। তোমাকে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগে খেলতে হবে’।”
“তাই আমিও ভেবেছি... এটাই আমার কাজ হতে যাচ্ছে, তাই ভয় পাওয়ার কিছু নেই।”
এই নির্ভীক মানসিকতার জন্যও ইউভরাজ সিংয়ের প্রতি কৃতজ্ঞ থাকার কথা বলেছেন সামরা।
সামরার বয়স যখন ১৩ বছর, তার ক্লাব পাতিয়ালা শাহিতে একজন ওপেনার দেরিতে আসায় ব্যাটিংয়ে পাঠানো হয় তাকে। এরপর আর কখনও তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।
কানাডার প্রচণ্ড শীত এড়িয়ে প্রায়ই পাঞ্জাবে ক্রিকেট খেলতে যেতেন সামরা। তার বাবার জন্ম পাঞ্জাবেই। সেখানে স্থানীয় টুর্নামেন্টে তিনি খেলতেন প্রথম শ্রেণির অভিজ্ঞতাসম্পন্ন বোলারদের বিপক্ষে।
ভারতীয় কন্ডিশনের সঙ্গে এই পরিচিতি বিশ্বকাপে তার নিজের ও সতীর্থদের জন্য কাজে লাগতে পারে বলে মনে করেন সামরা।
“আমাদের মধ্যে কয়েকজন আছেন, যারা ভারতে রাজ্য ক্রিকেট খেলেছেন এবং জাসকারান সিং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেছেন।”
২০২৪ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলে কানাডা। সেবার আয়ারল্যান্ডকে হারিয়ে চমক দেখায় তারা। এবার আরও বেশি ম্যাচ জয়ের লক্ষ্য তাদের, বললেন সামরা।
“এই বিশ্বকাপ আমাদের জীবন বদলে দিতে পারে... ক্রিকেট এত দ্রুত এগিয়ে যাচ্ছে, কিন্তু মানুষ আমাদের দেখতে পাচ্ছে না। আমার মনে হয় এবার মানুষ দেখতে পাবে। কানাডার ভালো খেলোয়াড় আছে।”
এই বিশ্বকাপে ছাপ রেখে একদিন বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে খেলার ছবি মনের ক্যানভাসে আঁকছেন সামরা।
“আইপিএল খেলা আমার সবসময়ের লক্ষ্য।”
“ইউভরাজ সিং যখন অস্ট্রেলিয়ায় আধিপত্য করেছিলেন, তখন তিনি আমার চেয়ে খুব বেশি বড় ছিলেন না বয়সে। তাহলে আমি কেন পারব না?”
কানাডার হয়ে ১৬ টি-টোয়েন্টিতে ১৬০.৭২ স্ট্রাইক রেটে তিন ফিফটিতে সামরা করেছেন ৪৪২ রান। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দলের সর্বোচ্চ ও আসরের দ্বিতীয় সর্বোচ্চ ২১৬ রান করেন তিনি ২০৯.৭০ স্ট্রাইক রেটে। সেখানে ৬ ইনিংসে তিনি ছক্কা মারেন ১৬টি।
এখনও টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা হয়নি সামরার। এবারের বিশ্বকাপে কানাডার গ্রুপে দক্ষিণ আফ্রিকা ছাড়াও টেস্ট খেলুড়ে দল আছে আরও দুটি- নিউ জিল্যান্ড ও আফগানিস্তান। ‘ডি’ গ্রুপের আরেক দল সংযুক্ত আরব আমিরাত।
