১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুর্দান্ত ইনিংসে সাড়ে চার বছর পর ম্যাচ সেরা মার্করাম

দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রানের কীর্তিও গড়লেন তিনি।

দুর্দান্ত ইনিংসে সাড়ে চার বছর পর ম্যাচ সেরা মার্করাম
এবারের বিশ্বকাপে তিনটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন এইডেন মার্করাম। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2026, 08:17 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

প্রথম বলে চার মেরে শুরু। সেখান থেকে আর থামাথামি নেই। দারুণ ব্যাটিং পারফরম্যান্সে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়লেন এইডেন মার্করাম। ম্যাচ সেরার স্বীকৃতিও পেলেন তিনিই। তাতে দীর্ঘ এক অপেক্ষা ফুরাল দক্ষিণ আফ্রিকা অধিনায়কের। 

সুপার ফোরে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে উড়িয়ে সেমি-ফাইনালের দুয়ারে পৌঁছে গেছে দক্ষিণ আফ্রিকা। ক্যারিবিয়ানদের ১৭৬ রান তারা পেরিয়ে গেছে ২৩ বল হাতে রেখেই।

সাত চার ও চার ছক্কায় ৪৬ বলে অপরাজিত ৮২ রানের চমৎকার ইনিংস খেলে ‘ম্যান অব দা ম্যাচ’ মার্করাম।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রায় সাড়ে চার বছর পর ম্যাচ-সেরার স্বীকৃতি পেলেন তিনি। গোটা ক্যারিয়ারে আগে পেয়েছিলেন দুইবার, ২০২১ সালের জুলাই থেকে সেপ্টেম্বরে পাঁচ ম্যাচের মধ্যে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইনিংসের প্রথম বলে ম্যাথু ফোর্ডকে চার মেরে শুরু করেন মার্করাম। ফোর্ডের পরের ওভারে আরেকটি চারের পর একটি সুযোগ দিয়েছিলেন তিনি, কিন্তু কঠিন ক্যাচ নিতে পারেননি ব্র্যান্ডন কিং। 

আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়ে যান প্রোটিয়া অধিনায়ক। প্রথম পাঁচ ওভারে দলের ৫৩ রানের মধ্যে তার একার রানই ছিল ৪৩। পরে ঝড় তোলেন আরেক ওপেনার কুইন্টন ডি ককও।

২৪ বলে ৪৭ রান করে অষ্টম ওভারে ফেরেন ডি কক। থামে ৪৮ বলে ৯৫ রানের উদ্বোধনী জুটি।

পরের ওভারে মার্করাম ফিফটি করেন ২৬ বলে। ৫৩ রানে আরেকটি সুযোগ দেন তিনি, এবার ফিরতি ক্যাচ নিতে পারেননি বোলার রোস্টন চেইস। জীবন পেয়ে চেইসের পরের ওভারে পরপর দুটি ছক্কা মারেন মার্করাম। 

জেসন হোল্ডারকে চার মেরে দলের জয়ে তুলির শেষ আঁচরটাও দেন মার্করাম। রায়ান রিকেলটনের (২৮ বলে ৪৫*) সঙ্গে তার অবিচ্ছিন্ন জুটিতে আসে ৫০ বলে ৮২ রান। 

এই বিশ্বকাপে তিনটি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের দুটিতে অপরাজিত রইলেন মার্করাম। গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে ৩২ বলে ৫৯ রানের পর, নিউ জিল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় করেছিলেন ৪৪ বলে অপরাজিত ৮৬।

৬ ইনিংসে ৬৬ গড় ও ১৭৮.৩৭ স্ট্রাইক রেটে ২৬৪ রান করে আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানও এটি। পেছনে পড়ে গেল ২০২৪ আসরে ডি ককের ২৪৩ রান।   

অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ম্যাচের ১৪টিই জিতলেন মার্করাম। একমাত্র হারটি গত আসরের ফাইনালে ভারতের বিপক্ষে।

বিশ্বকাপে অধিনায়কদের মধ্যে তার চেয়ে বেশি জয় আছে কেবল মাহেন্দ্র সিং ধোনির (৩৩ ম্যাচে ২১টি)। মার্করামের সমান ১৪ জয় আছে কেন উইলিয়ামসনের (২১ ম্যাচে)।