ঝড় তুলে রেকর্ড গড়ে নায়ক ব্রুক
২০ ওভারের ক্রিকেটের বিশ্বকাপে আগে যা কখনও কোনো অধিনায়ক পারেনি, তাই করে দেখালেন হ্যারি ব্রুক।
সতীর্থরা কেউই সেভাবে সঙ্গ দিতে পারলেন না। কঠিন পরিস্থিতিতে একাই দলকে টানলেন হ্যারি ব্রুক। অতি আগ্রাসী না হয়েও, দলের চাহিদা মেটালেন তিনি। গড়লেন অনন্য এক কীর্তি। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে তুললেন সেমি-ফাইনালে। ম্যাচ শেষে তাই সেরা খেলোয়াড় বাছাইয়ে তার কোনো প্রতিদ্বন্দ্বীই রইল না।
পাল্লেকেলেতে মঙ্গলবার সুপার এইটের ম্যাচে পাকিস্তানের ১৬৪ রান পাঁচ বল হাতে রেখে পেরিয়ে যায় ইংল্যান্ড। ১০ চার ও চার ছক্কায় ৫১ বলে ১০০ রান করে মূল ভূমিকা রাখেন অধিনায়ক ব্রুক।
২ উইকেটের দারুণ এই জয়ে সেমি-ফাইনালও নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড। এবং এই প্রতিযোগিতার ইতিহাসে আগে যা কখনও হয়নি, সেটাই করে দেখিয়েছেন ব্রুক। প্রথম অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে করেছেন সেঞ্চুরি।
অধিনায়ক হিসেবে এই টুর্নামেন্টে আগের সর্বোচ্চ ছিল ক্রিস গেইলের ৯৮; ২০১০ সালে ব্রিজটাউনে ভারতের বিপক্ষে ইনিংসটি খেলেছিলেন ক্যারিবিয়ান তারকা।
পাকিস্তানের সংগ্রহ নাগালের মধ্যে থাকলেও, রান তাড়ায় শুরুটা ভীষণ বাজে হয় ইংলিশদের। প্রথম বলেই ফিরে যান ফিল সল্ট। সেই ধাক্কা সামলে নিতে নিজেই দায়িত্ব কাঁধে তুলে নেন ব্রুক; ব্যাট হাতে নেমে পড়েন তিন নম্বরে, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে যে পজিশনে আগে কখনও খেলেননি তিনি।
প্রথম ওভারে দেখে-শুনে খেলেন। পরের ওভারে সালমান মির্জাকে একটি করে চার ও ছক্কা মারেন। তৃতীয় ওভারে আরেকটি উইকেটের পতন, ব্যর্থতার ধারা লম্বা করে ফিরে যান জস বাটলার।
পরের ওভারে দুটি বল খেলে একটি বাউন্ডারিসহ পাঁচ রান নেন ব্রুক। টিকতে পারেননি জ্যাকব বেথেলও, পঞ্চম ওভারে সাজঘরে ফেরেন তিনি। পাঁচ ওভারে ৩৬ রানে তিন উইকেট হারিয়ে তখন বেশ বিপদে ইংল্যান্ড।
তবে ষষ্ঠ ওভারে নাওয়াজকে দুটি চার ও একটি ছক্কা মেরে চাপ সরিয়ে দেন ব্রুক। তবে সেই সুবিধা তার সতীর্থরা নিতে পারেনি, উইকেট তাই পড়তেই থাকে। কিন্তু ব্রুক মনোযোগ হারাননি। ২৮ বলে ফিফটি ছুঁয়ে এগিয়ে যান, দলকে এগিয়ে নেন জয়ের পথে।
১০ ওভারে ইংল্যান্ডের রান ছিল চার উইকেটে ৮২। তখন ৬০ বলে তাদের প্রয়োজন ছিল ৮৩ রান। পরের ওভারেই শাদাবকে দুটি চার ও একটি ছক্কা হাঁকান ব্রুক, ওভারটি থেকে আসসে ১৭ রান, তাতে পেয়ে বসতে পারেনি বাড়তি চাপ।
ব্যক্তিগত ৯০ রানে দাঁড়িয়ে সপ্তদশ ওভারে শাহিন শাহ আফ্রিদির পরপর দুই বলে ছক্কা ও চার মেরে সেঞ্চুরিতে স্পর্শ করেন ব্রুক, টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটাই তার প্রথম শতক। দেশের হয়ে এই সংস্করণে তার আগের সর্বোচ্চ ছিল অপরাজিত ৮১।
৫০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ব্রুক, টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যা যৌথভাবে দ্বিতীয় দ্রুততম। ২০০৭ সালে উদ্বোধনী আসরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন গেইলও। ২০১৬ আসরে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করে এই তালিকার চূড়াতেও আছেন তিনি।
ইংল্যান্ডের তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরির কীর্তি গড়লেন ব্রুক। প্রথম দুজন বাটলার ও দাভিদ মালান।
ব্রুকের কীর্তির শেষ নয় এখানেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করা ইংল্যান্ডের তৃতীয় ক্রিকেটার তিনি। ২০১৪ আসরে শ্রীলঙ্কার বিপক্ষে অ্যালেক্স হেলস (১১৬*) ও ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই বাটলার (১০১*) পেয়েছিলেন এই স্বাদ।
১৯ বলে যখন ইংল্যান্ডের প্রয়োজন ১০ রান, জয় যখন নাগালে, তখনই সেঞ্চুরি ছোঁয়ার পরের বলেই স্লোয়ার ইয়র্কারে বোল্ড হয়ে ফিরে যান ব্রুক।
এরপর, ১৯তম ওভারে আরও দুটি উইকেটের পতনে ম্যাড়মেড়ে লড়াইয়ে ক্ষণিকের জন্য কিছুটা উত্তেজনা ফেরে। তবে শেষ ওভারের প্রথম বলেই বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন জফ্রা আর্চার, আর পূর্ণতা পায় ব্রুকের অসাধারণ ইনিংসটি।
