Published : 26 Feb 2026, 05:27 PM
ঘরের মাঠের বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কার দ্রুত বিদায় মানতেই পারছেন না ফারভিজ মাহারুফ। চেনা কন্ডিশনেও দলের এমন হতশ্রী পারফরম্যান্সে ভীষণ ক্ষুব্ধ তিনি। যত দ্রুত সম্ভব দল নিয়ে নির্বাচক ও নীতিনির্ধারকদের কঠিন সিদ্ধান্ত নিতে বললেন লঙ্কান সাবেক অলরাউন্ডার।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা খারাপ ছিল না শ্রীলঙ্কার। গ্রুপ পর্বে নিজেদের প্রথম তিন ম্যাচ জিতে সুপার এইটে খেলা নিশ্চিত করে তারা। সেখানে ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ও।
কিন্তু এরপরই যেন দিশা হারিয়ে ফেলে লঙ্কানরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বিব্রতকর হারের তেতো স্বাদ পায় তারা। সুপার এইটে ইংল্যান্ডকে দেড়শর কমে থামিয়েও জিততে পারেনি ব্যাটিং ব্যর্থতায়।
নিউ জিল্যান্ডের বিপক্ষে বুধবারের ম্যাচেরও ব্যাটিং ধসে পড়ে শ্রীলঙ্কা। ১৬৯ রান তাড়ায় ১০৭ রানেই গুটিয়ে যায় তারা। আর তাতে আরেকটি বৈশ্বিক আসরে সেমি-ফাইনালের আগেই বিদায় হয়ে যায় তাদের। ২০১৪ সালে শিরোপা জেতার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা পাঁচ আসরে শেষ চারে খেলতে পারছে না লঙ্কানরা।
কিউইদের বিপক্ষে হারের পর শুরুতে হতাশা ঝরে মাহারুফের কণ্ঠে। ইএসপিএনক্রিকইনফো টাইমআউটে তিনি বলেন, “আমি পুরো বিষয়টা খুব সহজভাবে তুলে ধরব; এটা বেদনাদায়ক, কষ্টকর ও হতাশাজনক।”
এরপর দলের ব্যাটিং নিয়ে কড়া সমালোচনা করেন শ্রীলঙ্কার হয়ে ২২ টেস্ট ও ১০৯ ওয়ানডে খেলা মাহারুফ।
“এই পিচে ব্যাটিং করা কঠিন এটা আমি বুঝি। কিন্তু যেভাবে ব্যাটাররা তাদের উইকেট দিয়ে এসেছে, পাথুম নিসাঙ্কার ডেলিভারিটি ছাড়া, বাকি সবগুলোই ‘সফট ডিসমিসাল’ ছিল, উইকেট বিলিয়ে এসেছে, ইংল্যান্ড ম্যাচের মতো, যেখানে দশটি উইকেটই ‘সফট ডিসমিসাল’ ছিল।”
“সেই একই ধারা আরেক ম্যাচ, সেটাও আবার বাঁচা-মরার লড়াইয়ে, এটাই প্রমাণ করে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা মানসম্মত ছিল না।”
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের উদাহরণ টেনে মাহারুফ বলেন, এক ম্যাচ জিতে সবার প্রত্যাশা বাড়িয়ে ফের হতাশ করা বদভ্যাসে পরিণত হয়েছে শ্রীলঙ্কা দলের।
“এটা বাজে একটা অভ্যাসে পরিণত হচ্ছে। এই কাজ (বিশ্লেষণ) সাত-আট বছর ধরে করছি, আর একই কথা বলছি যে, মাঝেমধ্যে একটি ভালো ম্যাচে আমাদের প্রত্যাশার পারদ চূড়া স্পর্শ করে, এরপর এক ঝটকায় মাটিতে আছড়ে পড়ি। এটা প্রথমবার নয়। আমি শুধু আশা করি ভবিষ্যতে এর অবসান ঘটবে এবং কঠিন কিছু সিদ্ধান্ত নিতেই হবে।”
বিশ্বকাপের পর আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভার ক্রিকেটের সিরিজ খেলবে শ্রীলঙ্কা। ওই সিরিজের আগেই দল নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে বললেন মাহারুফ।
“আমার মনে হয়, আগামী ম্যাচের পর এবং পরবর্তী সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কার নির্বাচক ও নীতিনির্ধারকদের ভবিষ্যৎ নিয়ে গুরুত্ব সহকারে ভাবা উচিত। খেলোয়াড়দের সক্ষমতা যাচাই করা দরকার, কারা দলে থাকবে আর কারা থাকবে না তা নির্ধারণ করে সামনে এগোতে। আশা করছি আগামী কয়েক সপ্তাহের মধ্যে কিছু কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। যদি তা না হয়, তবে আমি খুব অবাক হব।”
এবারের বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আগামী শনিবার পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।