‘সামাজিক মাধ্যম থেকে দূরে থাকো’, নেপালের ক্রিকেটারদের স্টুয়ার্ট লয়ের বার্তা
বিশ্বকাপ চলাকালীন সময়ে মাঠের ক্রিকেটের দিকে দলকে মনোযাগী হওয়ার পরামর্শ দিয়েছেন নেপাল কোচ।
টানা দুই হারে গ্রুপ টেবিলের তলানিতে চলে যাওয়া দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি পথচলায় নতুন বার্তা দিলেন স্টুয়ার্ট ল। রাহুল-কুশলদের সামাজিক মাধ্যম থেকে দূরে থেকে মাঠের ক্রিকেটে মনোযোগী হতে বললেন নেপাল কোচ।
প্রথম ম্যাচে দারুণ জয়ের সম্ভাবনা জাগায় নেপাল, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে তীরে এসে তরি ডুবে যায়; ৪ রানের ব্যবধানে হেরে যায় তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা ইতালির বিপক্ষে ১০ উইকেটের ব্যবধানে আত্মসর্মপণ করে নেপালিরা।
ইতালির বিপক্ষের বিবর্ণ পারফরম্যান্সের পর রাহুল-আসিফদের সামাজিক মাধ্যমে মনোযোগ দিতে বারণ করলেন ল। এ মাধ্যম ‘বিভ্রান্তিকর’ হতে পারে উল্লেখ করে দলকে মূল কাজে দৃষ্টি দিতে বললেন কোচ।
“আমি মনে করি, এখন আমাদের বিষয়গুলো এভাবে দেখতে হবে যে, ইংল্যান্ড ম্যাচ থেকে ইতালির বিপক্ষে ম্যাচ পর্যন্ত আমাদের ক্ষেত্রে বিষয়গুলো কেন এমন হলো, সেটা খুঁজে বের করতে হবে।”
“আমি মনে করি, যদি এই ঘরের মধ্যে নেপালিরা থাকে, তাহলে তারা বুঝতে পারবে যে, সামাজিক যোগাযোগের মাধ্যম নেপালি সংস্কৃতির বিশাল একটা অংশ। আমার মতে, সামাজিক যোগাযোগের মাধ্যম বিশাল বিভ্রান্তির হতে পারে। যদি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কী করছেন, সেখানে লোকে আপনার সম্পর্কে কী বলছে, সেদিকে মনোযোগ দেন, দলের কী প্রয়োজন, সতীর্থরা কী বলছে এবং ম্যাচে কী প্রয়োজন, তা না দেখেন, তাহলে আসল কাজ থেকে ছিটকে পড়ছেন।”
ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোববার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে নেপাল। ম্যাচটি তাদের জন্য ‘বাঁচা-মরার’ লড়াই। বিশ্বকাপে টিকে থাকতে হলে ভাবনার কেন্দ্রে ক্রিকেটকেই রাখতে হবে, মনে করেন বাংলাদেশের সাবেক কোচ ল।
“এটা কঠিন, কেননা, আমি জানি, অনেক খেলোয়াড় তারা এনডোরসমেন্ট ও স্পন্সরশিপ ইত্যাদির ওপর নির্ভর করে। কিন্তু আমি এটাও মনে করি, বিশ্বকাপে ক্রিকেটই মূল বিষয়। আমি ছেলেদের বোঝানোর চেষ্টা করছি যে, যদি আমরা মাঠের খেলায় জিততে থাকি, তাহলে সামাজিক যোগাযোগের মাধ্যমে ‘লাইক’ যেভাবেই হোক বাড়বে।”
