চোটের আঘাত সয়েই বিশ্বকাপ জয়ের আশায় অস্ট্রেলিয়ার এলিস
এক দশকের মধ্যে এবারই প্রথম পেস আক্রমণের ‘বিগ থ্রি’-কে ছাড়া বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া।
বিশ্বকাপ শুরুর আগেই চোটের ছোবলে এলোমেলো হয়ে যায় বোলিং নিয়ে অস্ট্রেলিয়ার পরিকল্পনা। প্রথম আঘাতটা আসে প্যাট কামিন্স ছিটকে পড়ায়। তার অনুপস্থিতিতে পেস বিভাগে যার নেতৃত্ব দেওয়ার কথা, শেষ মুহূর্তে সেই জস হেইজেলউডকেও হারায় তারা। তবে দলে যারা আছেন, তাদেরকে নিয়েই ট্রফি নিয়ে দেশে ফেরার স্বপ্ন দেখছেন ন্যাথান এলিস।
পিঠের চোটে বেশ আগেই কামিন্সের বিশ্বকাপে খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়। হেইজেলউড অবশ্য অ্যাকিলিস ও হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে ছিলেন। বিশ্বকাপের মাঝামাঝি হলেও তাকে পাওয়ার আশায় ছিল দল। কিন্তু বিশ্বকাপ মাঠে গড়ানোর আগের দিন জানা যায়, পুরো আসরেই থাকছেন না ছন্দে থাকা অভিজ্ঞ এই পেসার।
অস্ট্রেলিয়ার অনেক সাফল্যের নায়ক আরেক পেসার মিচেল স্টার্ক আগেই এই সংস্করণকে বিদায় বলায়, এক দশকের মধ্যে এবারই প্রথম সেরা তিন পেসারকে ছাড়া বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া।
এবারের বিশ্বকাপে সবার পরে অভিযান শুরু হবে অস্ট্রেলিয়ার। আগামী বুধবার তারা খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে ‘বি’ গ্রুপের ম্যাচটি।
অভিজ্ঞ সতীর্থদের অনুপস্থিতিতে পেস আক্রমণের নেতৃত্বভার পড়েছে এলিসের কাঁধে। তিনি অবশ্য জাভিয়ের বার্টলেট ও বেন ডোয়ার্শিসকে নিয়ে তারকা ক্রিকেটারদের শূন্যতা পূরণের ব্যাপারে আশাবাদী।
“আমরা একসঙ্গে ১৮-২৪ মাস ক্রিকেট খেলেছি, যখন বিগ থ্রি (কামিন্স-হেইজেলউড-স্টার্ক) ছিলেন না এবং (ওইসময় তারা) টেস্ট ক্রিকেটে অনেক ম্যাচের চাপ সামলেছেন।”
“আমার সত্যিই মনে হয় যে, আমরা একত্রে ভালো, বেশ ভালো কাজ করি। আমাদের সবার ভিন্ন ভিন্ন দক্ষতা আছে এবং ম্যাচের বিভিন্ন ধাপে একত্রে তা মেলে ধরতে পারি।”
সাফল্যের প্রশ্নে বেশ দৃঢ় কণ্ঠেই প্রতিশ্রুতিও দিলেন অস্ট্রেলিয়ার হয়ে ১৭ ওয়ানডে ও ৩২ টি-টোয়েন্টি খেলা এলিস।
“অবশ্যই হফ (হেইজেলউড) ও কামোকে (কামিন্স) নিয়ে দল শক্তিশালী; তবে তাদের ছাড়াও আমরা শেষ পর্যন্ত যেতে পারব বলে বিশ্বাস আমার।”
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বার্টলেট ১৮ মাচে ২২টি ও ডোয়ার্শিস ১৪ ম্যাচে ২২টি উইকেট নিয়েছেন।
সাম্প্রতিক সময়ে চোট এলিসকেও ভুগিয়েছে। ফলে বিগ ব্যাশের পর আর কোনো ম্যাচ না খেলেই বিশ্বকাপে নামতে যাচ্ছেন তিনি। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশড হয় অস্ট্রেলিয়া। ওই সিরিজে খেলতে পারেননি এলিস।
হ্যামস্ট্রিংয়ের সমস্যা কাটিয়ে এখন অবশ্য খেলতে প্রস্তুত দেশের হয়ে ৩২ টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নেওয়া এলিস।
