Published : 16 Feb 2026, 08:50 AM
ভারত ও পাকিস্তানের ম্যাচ মানেই ক্রিকেটারদের জন্য স্নায়ুর পরীক্ষা। এই বিশ্বকাপের ম্যাচে সেই চাপ কতটা নিতে পেরেছে পাকিস্তান, একপেশে লড়াইয়ে ভারতের দাপুটে জয়ের পর প্রশ্নটি তাই উঠছেই। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা যদিও চাপে ভেঙে পড়ার কথা উড়িয়ে দিয়েছেন।
কলম্বোয় রোববার ভারতের বিপক্ষে লড়াই জমাতেই পারেনি পাকিস্তান। ১৭৬ রানের লক্ষ্য তাড়ায় ১১৪ রানে গুটিয়ে ম্যাচ হারে তারা ৬১ রানে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য বরাবরই পাকিস্তানের বিপক্ষে একচেটিয়া দাপট ভারতের। এখন পর্যন্ত নয়বারের দেখায় ভারত জিতল আটটি, পাকিস্তানের জয় একটিতে।
তবে ভারতের বিপক্ষে বিশ্বকাপে এত রানে আগে কখনও হারেনি পাকিস্তান। গত আসরে আগের সর্বোচ্চ ৬ রানে হেরেছিল তারা। ২০০৭ আসরে হেরেছিল ৫ রানে।
ম্যাচের পর পুরস্কার বিতরণী আয়োজনে স্নায়ু চাপে ভোগার কথা উড়িয়ে দিয়ে সালমান বললেন, পরের ম্যাচ জিতে সুপার এইটে ওঠার দিকে মনোযোগ দিতে চান তারা।
“এই ধরনের ম্যাচে আবেগ সবসময়ই অনেক উঁচুতে থাকে। এর সঙ্গে মানিয়ে নিতে হয়। এরকম অনেক ম্যাচ খেলেছি। দুই দিনের মধ্যে একটি ম্যাচ আছে, সেটার দিকে তাকাতে হবে। সেই ম্যাচে জিততে হবে এবং সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। তারপর আবার নতুন একটা টুর্নামেন্ট।”
মন্থর উইকেটে এ দিন ছয় জন স্পিনার ব্যবহার করে পাকিস্তান। বোলিংয়ের শুরু করেন সালমান নিজেই। তারা ঠিকমতো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি বলে মনে করেন পাকিস্তান অধিনায়ক।
“আমাদের স্পিনারদের জন্য দিনটা তেমন ভালো ছিল না। কিছু অংশে কার্যকর হয়নি। আমাদের স্পিনারদের ওপর আস্থা আছে আমাদের, তারা গত ছয় মাসে ভালো করেছে। ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে আমরা অনেক উইকেট হারিয়েছি (৪টি)। প্রথম ইনিংসে উইকেটে বল গ্রিপ করছিল। প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে পিচ ভালো ছিল।”
তিন ম্যাচে শতভাগ সাফল্যে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে ভারত। ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের আর কোনো ম্যাচ বাকি নেই। তাদের সমান পয়েন্ট নিয়ে নেট রানরেটে পিছিয়ে তিনে থাকা পাকিস্তান শেষ ম্যাচে খেলবে নামিবিয়ার বিপক্ষে। ২ পয়েন্ট নিয়ে চার নম্বরে নেদারল্যান্ডস, তারা শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে।
গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সুপার এইটে।