Published : 04 Mar 2026, 11:09 AM
এখনও পর্যন্ত বিশ্বকাপের একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। সবচেয়ে বিনোদনদায়ী দলও সম্ভাবত তারাই। ম্যাচের পর ম্যাচ তারা উপহার দিয়েছে আগ্রাসী ও রোমাঞ্চকর ক্রিকেট, যা মনের খোরাক মিটিয়েছে ক্রিকেট অনুসারীদের। সেমি-ফাইনালেও সেই চেনা ঘরানাতেই থাকতে চান এইডেন মার্করাম। বিনোদনদায়ী ক্রিকেট উপহার দিয়েই প্রোটিয়া অধিনায়ক পা রাখতে চান ফাইনালের মঞ্চে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে বুধবার কলকাতায় দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। এই ম্যাচে পরিষ্কার ফেভারিট হয়েই নামবে প্রোটিয়ারা। গত বিশ্বকাপের রানার্স আপ দলটি এখনও পর্যন্ত এই বিশ্বকাপের সবচেয়ে পরিপূর্ণ দল। কোনো বিভাগে তেমন কোনো ঘাটতি তাদের ফুটে ওঠেনি সেভাবে। আফগানিস্তানের বিপক্ষে ডাবল সুপার ওভারের ম্যাচটি ছাড়া কোনো ম্যাচে খুব একটা পরীক্ষাতেও পড়তে হয়নি তাদের।
তবে ফেভারিট তত্ত্ব নিয়ে আলোচনাতেই উৎসাহী নন মার্করাম। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক শুধু নিজেদের সহজাত খেলা উপহার দিতে চান আবার।
“আমরা ফেভারিট নাকি ফেভারিট নই, এসব লোকের ভাবনার ব্যাপার। দল হিসেবে আমাদের মনোযোগ ভালো ক্রিকেট খেলার এবং গত ১৮ মাস বা এই সময়ে যে রোমাঞ্চকর ব্র্যান্ডের ক্রিকেট আমরা খেলার চেষ্টা করছি, সেটিই আবার মেলে ধরার। যদি আমরা তা করতে পারি, আশা করি বিনোদনদায়ী ক্রিকেট উপহার দিতে পারব এবং সেটি আমাদেরকে ভালো জায়গায় নিয়ে যাবে।”

“ভিন্ন কিছু করার চেষ্টা করছি না আমরা। যে জায়গাগুলোয় আমরা ভালো করেছি এবং যেভাবে এই পর্যন্ত এসেছি, সেগুলোই করতে চাই আবার। ঠিকঠাক করতে পারলে আবার আমাদের ভালো সুযোগ থাকবে (জয়ের)।”
এই বিশ্বকাপে একই গ্রুপে ছিল দুই দল এবং গ্রুপ পর্বের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা জিতেছিল সহজেই। কিউইদের ১৭৩ রান টপকে ১৭ বল বাকি রেখে ৭ উইকেটে জিতেছিল তারা। মার্করাম নিজে অপরাজিত ছিলেন ৪৪ বলে ৮৬ রানের ইনিংস খেলে।
সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি আবার করতে পারবে কি না প্রোটিয়ারা, এমন প্রশ্ন উঠল। মার্করাম মনে করিয়ে দিলেন পারিপার্শ্বিকতা ও বাস্তবতা।
“সত্যিই যদি ক্রিকেট এতটা সহজ হতো! নিউ জিল্যান্ড মনসম্পন্ন দল। অনেক বছর ধরেই তারা প্রমাণ করে আসছে তা। গ্রুপ পর্বে তাদের বিপক্ষে ভালো করেছি বটে, তবে এরপর দুই দলই অনেক ক্রিকেট খেলেছে এবং অনেক পথ পাড়ি দিয়েছে। কালকে একদমই নতুন শুরু। সেমি-ফাইনাল বলেও ম্যাচটি রোমাঞ্চকর।”
“কাজেই আগের লড়াইয়ের পুনরাবৃত্তি করা এতটা সহজ নয়। অনেক কিছুই ভাবনায় রাখতে হবে। তবে নিউ জিল্যান্ডের মতো দারুণ একটি দলের সঙ্গে সেমি-ফাইনাল নিয়ে ছেলেরা রোমাঞ্চিত এবং আমরা চেষ্টা করব, নিজেদের সেরাটা আরেকবার মেলে ধরতে।”