কলম্বোতে ম্যাচ বলেই পাকিস্তানকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ভারতের কোচ
ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা থাকলেও প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি দল, বলেছেন ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট।
দুই দলের ক্রিকেটীয় লড়াই এখন বেশির ভাগ সময়ই একতরফা। শক্তি-সামর্থ্য আর মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও ভারত এগিয়ে যোজন যোজন। তার পরও পাকিস্তানকে এবার চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে। কন্ডিশনের সঙ্গে যে অভ্যস্ত হয়ে উঠেছেন পাকিস্তানিরা!
দুই সপ্তাহ ধরে কলম্বোতে পাকিস্তান দল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ খেলবে তারা সেখানে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচটি খেলতে শ্রীলঙ্কায় যেতে হবে ভারতীয় দলকে। এটাকেই লড়াইয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন টেন ডেসকাটে।
চলতি মাসের শুরুতে ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার ঘোষণা দিয়ে তোলপাড় ফেলে দেয় পাকিস্তান। অনেক টানাপোড়েনের পর গত সোমবার তারা নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে। আগামী রোববারের লড়াইটি নিয়ে তাই অনিশ্চয়তা কেটে গেছে।
পাকিস্তান ম্যাচটি শেষ পর্যন্ত না খেললেও মাঠে যেত ভারত। দলের অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ ও বোর্ডের পক্ষ থেকে এমন নিশ্চয়তা দেওয়া হয়েছিল। নেদারল্যান্ডসের সাবেক ক্রিকেটার টেন ডেসকাটে বললেন, ম্যাচটির জন্য তারও ছিলেন সম্পূর্ণ তৈরি।
অনেক জল ঘোলা হওয়ার পর অবশেষে ম্যাচটি হচ্ছে ভেবেই ভালো লাগছে টেন ডেসকাটের। তবে এসব কিছু তাদের প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলেনি বলে জানিয়েছেন তিনি।
“প্রথমত, ম্যাচটা হচ্ছে এটা দারুণ খবর। ম্যাচটা হবে না, এরকম ভেবে আমরা কখনোই আমাদের প্রস্তুতি বদলাইনি। সবসময়ই মনে হয়েছিল, শেষ পর্যন্ত কিছু একটা ঘটবে এবং আমরা খেলব। তাই প্রস্তুতির দিক থেকে তেমন কোনো পরিবর্তন আসেনি।”
“গতকালের শেষ দিকে ও আজ সকালে নিশ্চিত খবর আসতে শুরু করে যে ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের প্রথম পর্বে আবারও একটি মানসম্পন্ন দলের (পাকিস্তান) বিপক্ষে খেলার সুযোগ পেয়ে আমরা খুবই খুশি।”
একই ভেন্যুতে খেলতে পারার সুবিধা যে অনেক, ভালো করেই জানেন টেন ডেসকাটে। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচই ভারত খেলেছিল দুবাইয়ে, একই হোটেলে থেকে। ফাইনালে নিউ জিল্যান্ডকে হারিয়ে শিরোপাও ঘরে তুলেছিল তারা।
চলতি বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। পাকিস্তান তাদের সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কাতে। এমনকি পাকিস্তান সেমি-ফাইনাল ও ফাইনালে উঠলে, ওই ম্যাচ দুটিও হবে কলম্বোতে।
বিশ্বকাপে মুখোমুখি দেওয়া অবশ্য পাকিস্তানের বিপক্ষে অনেক এগিয়ে ভারত। টি-টোয়েন্টি সংস্করণের বৈশ্বিক আসরে আটবারের দেখায় সাতবারই জিতেছে তারা। কিন্তু আসছে ম্যাচটি কলম্বোতে হওয়ায় তাদেরকে কঠিন পরীক্ষায় পড়তে হতে পারে বলে মনে করছেন টেন ডেসকাট।
“কলম্বোতে খেলাটা চ্যালেঞ্জিং হবে, যেখানে পাকিস্তান গত দুই সপ্তাহ ধরে আছে। পরের সপ্তাহের সেই ম্যাচে আমাদের সেরা খেলাটা মেলে ধরতে আমরা সম্পূর্ণ মনোযোগী।”
