সালমানদের সঙ্গে হাত মেলাবেন? রহস্য রেখে দিলেন সুরিয়াকুমার
পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবেন কিনা, তা স্পষ্ট করলেন না ভারত অধিনায়ক।
ক্রিকেটের চিরন্তন চেতনার কথা বলে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা বুঝিয়ে গেলেন, তিনি হাত মেলানোর পক্ষে। ভারত অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ কী চান? সেটা স্পষ্ট না করে রহস্য জিইয়ে রাখলেন তিনি।
কলম্বোয় রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। একসময় এই ম্যাচ নিয়েই শঙ্কা জেগেছিল। পরে সেটা কেটে গেলেও, হাত মেলানো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এশিয়া কাপের গত আসরে তিন ম্যাচে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। ওই ম্যাচগুলোর একটিতেও পাকিস্তানের অধিনায়ক ও দলটির ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের কেউ। যা নিয়ে জল গড়ায় অনেকদূর।
পাকিস্তানকে হারিয়ে ফাইনাল জিতলেও, ট্রফি নিয়ে ঘরে ফিরতে পারেনি ভারত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভি, যিনি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (পিসিবি) চেয়ারম্যান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, তার হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। পরে তাদেরকে আর ট্রফিই দেওয়া হয়নি।
পরে উইমেন’স বিশ্বকাপে ও এবারের যুব বিশ্বকাপেও হাত মেলায়নি ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা। সাবেকদের টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করে ভারত।
এশিয়া কাপের ওই ফাইনালের পর রোববারই প্রথম মুখোমুখি হচ্ছে দল দুটি। ম্যাচের আগের দিন দুই অধিনায়কের সংবাদ সম্মেলনে ওঠে করমর্দনের প্রসঙ্গ।
আগ্রহ নিয়ে ভারতীয়রা কী করে, সেদিকে তাকিয়ে পাকিস্তান অধিনায়ক সালমান। সুরিয়াকুমার সেই কৌতুহল শনিবার মেটালেন না।
“অপেক্ষা করুন এবং দেখুন। ২৪ ঘণ্টা অপেক্ষা করুন। আমরা এখানে ক্রিকেট খেলতে, ভালো খাবার খেতে ও ঘুমাতে এসেছি।”
