২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড ১৯ ছক্কায় ওয়েস্ট ইন্ডিজের ২০ ওভারে ২৫৪

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ আর সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর গড়ল ক্যারিবিয়ানরা।

রেকর্ড ১৯ ছক্কায় ওয়েস্ট ইন্ডিজের ২০ ওভারে ২৫৪
ঝড়ো ফিফটি করেন রভম্যান পাওয়েল। ফাইল ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2026, 09:54 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

শেষ ওভারের প্রথম দুই বলে দুই ছক্কায় ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে গেল ২৪৮ রানে। শ্রীলঙ্কার প্রায় দুই দশক পুরোনো রেকর্ড তখন হুমকির মুখে। তবে শেষ চার বলে ছয় রানের বেশি নিতে পারল না ক্যারিবিয়ানরা। তারপরও তাদের ইনিংসটি জায়গা করে নিল রেকর্ড বইয়ের বেশ কিছু পাতায়।

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে ২০ ওভারে ৬ উইকেটে ২৫৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর এটি। ২০০৭ সালে উদ্বোধনী আসরে জোহানেসবার্গে কেনিয়ার বিপক্ষে ২৬০ রান করে চূড়ায় আছে শ্রীলঙ্কা।

চলতি আসরের গ্রুপ পর্বে কলম্বোয় ওমানের বিপক্ষে ২৩৫ রান করে তালিকার তিন নম্বরে আছে আয়ারল্যান্ড।

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের আগের সর্বোচ্চ স্কোর ছিল ২১৮, ঘরের মাঠে ২০২৪ আসরে আফগানিস্তানের বিপক্ষে।

টি-টোয়েন্টিতে এবারের চেয়ে বড় স্কোর ওয়েস্ট ইন্ডিজের আছে কেবল দুটি। গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে ২৫৬ ও ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫৮ রান করেছিল তারা।

ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা এ দিন ছক্কা মেরেছেন মোট ১৯টি, বিশ্বকাপে এক ইনিংসে যা যৌথভাবে সর্বোচ্চ। ২০১৪ আসরে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯ ছক্কা মেরেছিল নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা।

ওয়েস্ট ইন্ডিজের ১৯ ছক্কার সাতটি মারেন শিমরন হেটমায়ার। চারও মারেন তিনি সাতটি। ৯ রানে জীবন পেয়ে ৩৪ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড ১৯ বলে ফিফটি করেন তিনি।

আসরে হেটমায়ারের মোট ছক্কা হলো ১৭টি, বিশ্বকাপের এক আসরে যা কোনো ব্যাটসম্যানের যৌথভাবে সর্বোচ্চ। গত আসরে ১৭ ছক্কা মেরেছিলেন ওয়েস্ট ইন্ডিজেরই নিকোলাস পুরান। তাকে ছাড়িয়ে যাওয়া হেটমায়ারের জন্য কেবল সময়ের ব্যাপার।

পাওয়ার প্লের মধ্যে ৫৪ রানে দুই ওপেনারকে হারানোর পর, তৃতীয় উইকেটে রভম্যান পাওয়েলের সঙ্গে ৫২ বলে ১২২ রানের বিস্ফোরক জুটি গড়েন হেটমায়ার।

চারটি করে চার ও ছক্কায় ৩৫ বলে ৫৯ রান করেন পাওয়েল।

শেষ দিকে তিনটি ক্যামিও ইনিংস খেলেন শেরফেন রাদারফোর্ড (১৩ বলে ৩১*), রোমারিও শেফার্ড (১০ বলে ২১) ও জেসন হোল্ডার (৪ বলে ১৩)।