২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতি নিয়ে নামিবিয়ার অভিযোগ

ভারতের বিপক্ষে রাতের ম্যাচের আগে ফ্লাডলাইটে অনুশীলনের সুযোগ না পেয়ে হতাশ নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাজমাস।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতি নিয়ে নামিবিয়ার অভিযোগ
কৃত্রিম আলোয় অনুশীলনের সুযোগ পায়নি নামিবিয়া দল। ছবি: ক্রিকেট নামিবিয়া ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 10:35 AM

Updated : 26 Aug 2026, 02:56 PM

নেদারল্যান্ডসের বিপক্ষে পরাজয়ের পরদিনই দিল্লির আরুন জেটলি স্টেডিয়ামে অনুশীলনে আসে নামিবিয়া। প্রশ্নটি তখন থেকেই ভাসতে শুরু করে, ভারতের বিপক্ষে তাদের ম্যাচ রাতে, তাহলে অনুশীলন কেন বিকেলে? প্রশ্নটি আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে, যখন কানাডা দলকে দেখা যায় রাতে অনুশীলন করতে। বিস্মিত ও হতাশ নামিবিয়া অধিনায়ক গেরহার্ড ইরাজমাসের কণ্ঠে ফুটে উঠল চাপা ক্ষোভ।

এমনিতে কৃত্রিম আলোয় অনুশীলন করা খুব বড় কিছু নয়। তবে নামিবিয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। নিজ দেশে কোনো মাঠেই যে তাদের ফ্লাডলাইট নেই! কৃত্রিম আলোয় অভ্যস্ততা বা মানিয়ে নেওয়া তাই তাদের জন্য বড় ব্যাপার। 

ভারতের বিপক্ষে নামিবিয়ার ম্যাচটি বৃহস্পতিবার। তাদের সবচেয়ে কঠিন পরীক্ষা বলা যায় এই ম্যাচকে। সেই লড়াইয়ের আগে রাতের অনুশীলন সেশন তারা পায়নি। ভারতীয় দল ঠিকই সেই সুযোগ পেয়েছে বুধবারও। ভারতের পাশাপাশি রাতে অনুশীলন ছিল কানাডা দলের, যাদের পরের ম্যাচ শুক্রবার। 

নামিবিয়া কেন সুযোগটি পেল না, সেই প্রশ্ন সরাসরিই তুললেন ইরাজমাস। মাঠে নেমে লড়াইয়ের প্রতিশ্রুতিও অবশ্য দিয়ে রাখলেন তিনি। 

“নামিবিয়াতে আমাদের কোনো (মাঠে) ফ্লাডলাইট নেই। অবকাঠামোগত দিক থেকে এটা সম্ভবত আমাদের জন্য চ্যালেঞ্জিং। কাজেই এটা কোনো নৈমিত্তিক ব্যাপার নয় আমাদের জন্য। যারা নেপাল প্রিমিয়ার লিগ, আইএল টি-টোয়েন্টি আর বিশ্বকাপগুলোয় খেলেছে, তারা ছাড়া অন্যদের কৃত্রিম আলোয় অভ্যস্ত হওয়া ও অনুশীলন করার সুযোগ খুব একটা মেলে না।”

“এই ম্যাচের আগে আমাদেরকে রাতে অনুশীলনের সুযোগ দেওয়া হয়নি। জানি না কেন! ভারতীয় দল দুটি অনুশীলন সেশন পেয়েছে রাতে এবং এখন দেখছি, কানাডা দলও রাতে অনুশীলন করছে। যাহোক, আপনারা এখান থেকে যা ইচ্ছা ধরে নিতে পারেন, আমরা স্রেফ মাঠে নামব ও নামিবিয়ান পথে চেষ্টা করে যাব, সেটা হলো লড়াই করা।”

আইসিসির একজন মুখপাত্র অবশ্য ব্যাপারটির একটি ব্যাখ্যা দিয়েছেন ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে।

“টুর্নামেন্ট শুরুর বেশ আগেই, গত ২৭ জানুয়ারি সবগুলো দলকে অনুশীলনের সূচি দেওয়া হয়েছিল এবং সূচিতে পরিবর্তনের অনুরোধও রাখা হয়েছে যতটা সম্ভব। তবে নামিবিয়ার অনুরোধ এসেছে আগের রাতে। সূচিতে পরিবর্তন আনার জন্য একটু বেশিই দেরি করে ফেলেছে তারা।”

নেদারল্যান্ডসের বিপক্ষে পরাজয়ের পর মঙ্গলবার নামিবিয়ার কোচ ক্রেইগ উইলিয়ামস যা বলেছিলেন, তাতে মনে হয়েছিল তারা রানের অনুশীলন সেশনের পাচ্ছেন বলেই ধরে নিয়েছেন।

"আমরা যা করতে পারি তা হলো একটি রাতের সেশনের পরিকল্পনা করা। আপনাদেরকে সত্যিটা বলছি, (কৃত্রিম) আলোয় খেলা আমাদের জন্য সবসময়ই কঠি, কারণ এই সুযোগ খুব বেশি পাই না আমরা। ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছি আমরা এবং এটা যথেষ্টই কঠিন হবে। কাজেই যতটা ভালো সম্ভব প্রস্তুতি নিতে হবে আমাদের, ছেলেদেরকে ভালো মানসিক অবস্থায় রাখতে হবে।”

“কাজেই কৃত্রিম আলোয় প্রস্তুতি নিতে পারলে অবশ্যই আমাদের অনুশীলনের পূর্ণতা আসবে এবং সফল একটি ম্যাচ খেলার জন্য প্রস্তুতি যথাযথ হবে।”