৭ হাজার উইকেট নিতে চান রাশিদ খান!
স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার দুয়ারে দাঁড়িয়ে মজা করে একথা বলেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৭০০ উইকেটও নিতে পারেননি কেউ। প্রথম বোলার হিসেবে মাইলফলকটি ছোঁয়ার দুয়ারে দাঁড়িয়ে রাশিদ খান। তবে তার নজর আরও দূরে। এই সংস্করণে সাত হাজার শিকার ধরতে চান আফগানিস্তানের এই লেগ স্পিনার!
কথাটি অবশ্য মজার ছলে বলেছেন রাশিদ। এক সংস্করণে কেন, তিন সংস্করণ মিলিয়েই ক্রিকেট ইতিহাসেই সাত হাজার উইকেট নেই কারো। সর্বোচ্চ চার হাজার ২০৪ উইকেটের রেকর্ড ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার উইলফ্রেড রোডসের। তিনি কেবল খেলেছেন প্রথম শ্রেণির ক্রিকেট।
স্বীকৃত টি-টোয়েন্টিতে অনেকদিন ধরেই সর্বোচ্চ উইকেটশিকারি রাশিদ। এই সংস্করণে এখন পর্যন্ত ৫১৫ ম্যাচ খেলে ৬৯৬ শিকার ধরেছেন তিনি। সাড়ে ছয়শ উইকেটও নিতে পারেননি আর কেউ।
রাশিদের নেতৃত্বে রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে আফগানিস্তান। আসরে তাদের প্রথম প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। যাদেরকে গত আসরে গ্রুপ পর্বে হারিয়েছিল তারা। ওই ম্যাচে স্রেফ ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন রাশিদ।
৭০০ উইকেটের মাইলফলক ছুঁতে আর কেবল চার উইকেট চাই তার। চেন্নাইয়ে আসছে ম্যাচটিতেই অনির্বচনীয় সেই স্বাদ নিতে পারেন তিনি। কিউইদের বিপক্ষে না হলেও এবারের আসরেই কীর্তিটি গড়ে ফেলবেন রাশিদ, অনেকেই তাই ম করেন।
নিউ জিল্যান্ড ম্যাচের আগের দিন শনিবার রাশিদের সংবাদ সম্মেলনে ওঠে ৭০০ উইকেটের প্রসঙ্গ। মুখে হাসি নিয়ে তামিল ভাষায় বলেন, ‘ভালো লাগছে’ তার।
“আমি কেবল ৯–১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি, আর এর মধ্যেই শীর্ষ উইকেটশিকারি হওয়া আমার কাছে স্বপ্নের চেয়েও বেশি কিছু। টি–টোয়েন্টি ক্রিকেট এসেছে…জানি না, হয়তো ২০০৪–০৫ সালে। এমন অনেক খেলোয়াড়ই আছেন যারা এই সংস্করণে অনেক খেলেছেন; কিন্তু আমার জন্য এটা অর্জন করা সত্যিই বিশেষ কিছু।”
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সবচেয়ে বেশি উইকেট রাশিদের, ১৮৭টি। নিউ জিল্যান্ডের গ্রেট পেসার টিম সাউদি ১৬৪ উইকেট নিয়ে তালিকায় দুইয়ে।
বল হাতে একের পর এক রেকর্ড গড়ে চলা রাশিদ বললেন, এসব উইকেট সংখ্যা মনে রাখেন না তিনি।
“আমি কখনোই আমার উইকেট গণনা করিনি। গণমাধ্যমের মাধ্যমেই এটা জানতাম, আমার ৪০০ হলো, ৫০০ হলো, ৬০০ হলো। আসলে এগুলো নিয়ে খুব বেশি ভাবিনি। আমি শুধু প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, দলের জন্য ভালো পারফরম্যান্স করা আর উইকেট নেওয়াই ছিল লক্ষ্য।”
তবে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পারা যে বিশেষ এক অর্জন হবে তার জন্য, সেটা বুঝতে পারছেন রাশিদ। সঙ্গে রসিকতা করে জুড়ে দেন সাত হাজারের কথা।
“৭০০ উইকেট কোনো ছোট ব্যাপার নয়। এখানে পৌঁছাতে অনেক সময় আর কঠোর পরিশ্রম লাগে। আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এই মাইলফলক ছুঁতে পেরে (কাছাকাছি আসতে পেরে) আমি খুব খুশি, আশা করি সাত হাজারেও পৌঁছাতে পারব (হাসি)।”
