২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-ইংল্যান্ড সেমি-ফাইনাল ভেস্তে গেলে ফাইনালে খেলবে কোন দল

সেমি-ফাইনালের জন্য রিজার্ভ ডে আছে, তবে সেদিনও খেলা না হলে ভারতের জন্য অপেক্ষা করছে বিপদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2026, 12:34 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

আবহাওয়া পূর্বাভাস এখনও পর্যন্ত খুব ভালো। মুম্বাইয়ে ভারত-ইংল্যান্ড লড়াইয়ে বৃষ্টির শঙ্কা নেই। তবে আবহাওয়া তো পরিবর্তন হতে সময়ও লাগে না। পূর্বাভাস অনেক সময় মেলেও না। তেমন কিছু হলে শঙ্কার জায়গা আছে ভারতের জন্য।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে লড়বে ভারত ও ইংল্যান্ড। আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, সর্বোচ্চ চেষ্টা করা হবে এ দিনই খেলা শেষ করতে। সেমি-ফাইনাল ম্যাচের জন্য নির্ধারিত সময়ের পরও আরও ৯০ মিনিট বাড়তি সময় ধরে রাখা আছে খেলা শেষ করতে।

বৃষ্টি হানা দিলে বাড়তি সময় কাজে লাগিয়ে পুরো খেলা শেষ করার চেষ্টা করা হবে। সেটা সম্ভব না হলে অন্তত ১০ ওভারের ম্যাচ খেলানোর চেষ্টা করা হবে।

টি-টোয়েন্টিতে এমনিতে ম্যাচের জয়-পরাজয় বের করতে ন্যূনতম ৫ ওভার করে খেলা হতেই হয়। তবে সেমি-ফাইনাল ও ফাইনালের জন্য ১০ ওভার করে খেলা হওয়া আবশ্যক।

সেটিও সম্ভব না হলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে। সেমি-ফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডেতে খেলা শেষ করতে বাড়তি সময় ধরে রাখা আছে ১২০ মিনিট। 

আগের দিন খেলা যেখানে থেমেছে, রিজার্ভ ডেতে ঠিক সেখান থেকেই শুরু হবে ম্যাচ। 

রিজার্ভ ডেতেও যদি ম্যাচ শেষ করা সম্ভব না হয়, তখন ভাগ্য নির্ধারিত হবে সুপার এইটের অবস্থান দিয়ে। সুপার এইটে যে দল এগিয়ে ছিল, তারা পেয়ে যাবে ফাইনালের ঠিকানা।

এই সমীকরণ এগিয়ে রাখছে ইংল্যান্ডকে। সুপার এইটে তিন ম্যাচ জিতে নিজেদের গ্রুপে সেরা হয়েছিল ইংল্যান্ড। অন্য গ্রুপে একটি পরাজয় আর দুটি জয় নিয়ে গ্রুপে দ্বিতীয় হয়ে সেমিতে জায়গা করে নেয় ভারত।

সেমি-ফাইনাল ম্যাচটি ভেস্তে গেলে তাই ফাইনালে উঠে যাবে ইংল্যান্ড।