২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শূন্যের হ্যাটট্রিক করা আভিশেককে নিয়ে ‘ভাবছেনই না’ সুরিয়াকুমার

কঠিন সময়ে সতীর্থের পাশে থাকাকেই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন ভারত অধিনায়ক।

শূন্যের হ্যাটট্রিক করা আভিশেককে নিয়ে ‘ভাবছেনই না’ সুরিয়াকুমার
সুরিয়াকুমার ইয়াদাভের (বাঁয়ে) সঙ্গে আভিশেক শার্মা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2026, 05:41 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপে আভিশেক শার্মার টানা তিন ম্যাচে রানের খাতা খুলতে না পারা নিয়ে চলছে তুমুল আলোচনা। কিন্তু শূন্যের হ্যাটট্রিক করা সতীর্থকে নিয়ে একদমই চিন্তিত নন সুরিয়াকুমার ইয়াদাভ। ভারত অধিনায়কের মতে, আভিশেক এই জ্বলে উঠলেন বলে!

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন আভিশেক। এই সংস্করণের র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান বিশ্ব মঞ্চে ব্যাট হাতে ঝড় তুললেন, আশায় ছিলেন অনেকেই। কিন্তু প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেননি তিনি।

বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেন একটিতেও রানের খাতা খুলতে পারেননি আভিশেক। আলোচনায় তাই তিনি এখনও আছেন, তবে ব্যর্থতার কারণে। তাকে নিয়ে চলছে নানা বিশ্লেষণ আর কাটাছেঁড়া। সাবেক ক্রিকেটারদের থেকে পাচ্ছেন তিনি বিভিন্ন পরামর্শ।

আভিশেককে নিয়ে ভারতীয় দলে কোনো আলোচনায়ই হচ্ছে না বলে জানিয়েছেন বোলিং কোচ মর্নে মর্কেল। এবার সুরিয়াকুমার বললেন, সতীর্থকে নিয়ে ভাবছেন না তিনিও।

ক্যারিয়ারের শুরুর দিকেও একবার ব্যর্থতার জালে আটকে গিয়েছিলেন আভিশেক। তখন তার কাঁধে আস্থার হাত রেখেছিলেন সুরিয়াকুমার। সেই সময়ের কথা বলতে গিয়ে গত বছর আভিশেক বলেছিলেন, টানা ১৫ ম্যাচ শূন্য রানে আউট হলেও তাকে বাদ না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অধিনায়ক।

তেমন কিছুর ইঙ্গিত যেন আবার মিলল সুরিয়াকুমারের কণ্ঠে। শনিবার সংবাদ সম্মেলনে আভিশেকের প্রসঙ্গ উঠতেই তিনি বললেন, সতীর্থের পাশে থাকার কথা।

“আভিশেককে নিয়ে যারা উদ্বিগ্ন আমি সেসব মানুষদের নিয়ে চিন্তিত। সামনে যে দলগুলো তার মুখোমুখি হবে, আমি তাদের নিয়েই বেশি ভাবছি। গত বছর সে সবকিছু করেছে, এখন আমাদের সেটার প্রতিদান দেওয়ার সময়। তাকে নিয়ে আমি চিন্তিত নই।”

বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে রোববার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।