২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেয়াল মাদ্রিদের ম্যাচ দেখতে যাওয়ার পরিকল্পনা বাতিল করে বিশ্বকাপে সিরাজ

অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভের একটি ফোন কল কীভাবে সবকিছু বদলে দিল, সেই গল্প শোনালেন বিশ্বকাপ শুরুর আগের দিন অপ্রত্যাশিতভাবে দলে ডাক পাওয়া সিরাজ।

রেয়াল মাদ্রিদের ম্যাচ দেখতে যাওয়ার পরিকল্পনা বাতিল করে বিশ্বকাপে সিরাজ
উইকেট নেওয়ার পর মোহাম্মেদ সিরাজ। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2026, 08:34 AM

Updated : 26 Aug 2026, 02:53 PM

বিশ্বকাপ তো দূরের কথা, ভারতের টি-টোয়েন্টি দলের ধারেকাছেও ছিলেন না মোহাম্মেদ সিরাজ। তার পরিকল্পনা ছিল বিশ্বকাপের সময় রেয়াল মাদ্রিদের ম্যাচ দেখতে স্পেনে যাওয়ার। কিন্তু অন্য ক্রিকেটারের চোটে বিশ্বকাপ শুরুর আগের দিন তিনি দলে ডাক পান অনেকটাই অপ্রত্যাশিতভাবে। আরেক জনের অসুস্থতার কারণে সুযোগ পেয়ে যান প্রথম ম্যাচের একাদশেও। অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভের একটি ফোন কল কীভাবে সবকিছু বদলে দিল, সেই গল্প শোনালেন ৩১ বছর বয়সী এই পেসার। 

বিশ্বকাপের উদ্বোধনী দিন শনিবার যুক্তরাষ্ট্রকে ২৯ রানে হারিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে ভারত। চাপের মুখে ব্যাটিংয়ে ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের দারুণ এক ইনিংস খেলে সুরিয়াকুমার জয়ের মূল নায়ক হলেও, সিরাজের অবদানও কম নয়। ২৯ রানে ৩ উইকেট নিয়ে দলের সফলতম বোলার তিনিই।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ী দলের অংশ ছিলেন সিরাজ। তবে সেই বিশ্বকাপ থেকে এই বিশ্বকাপের মাঝের সময়টায় ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলতে পারেন তিনি মাত্র তিনটি। সেটিও ২০২৪ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার সফরে।

দেড় বছরের বেশি সময় পর আবার এই সংস্করণে খেললেন তিনি দেশের হয়ে, সেটাও বিশ্ব মঞ্চে। তার দলে ফেরা কিংবা খেলা, এসবের কিছুই হতো না, যদি চোটে না পড়তেন হার্শিত রানা!

নাভি মুম্বাইয়ে গত বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হাঁটুতে চোট পান হার্শিত। শুক্রবার বিকালে সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক সুরিয়াকুমার বলেন, হার্শিতের অবস্থা ‘খুব একটা ভালো দেখাচ্ছে না।’ পরে রাতে হার্শিতের আসর থেকে ছিটকে পড়া ও বদলি হিসেবে সিরাজকে দলে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের পর সিরাজ বললেন, এভাবে দলে ডাক পাবেন, কল্পনাতেও ছিল না তার।

“যখন আমি এখানে আসার ফ্লাইটে ছিলাম, তখন আমার স্বপ্নের মতো লাগছিল। ভেবেছিলাম আমি বিশ্বকাপের অংশ হব না। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলাম। হঠাৎ সুরিয়া ফোন করে বলল, ‘মিয়াঁ, প্রস্তুত হও, ব্যাগ গোছাও’, তখন তাকে বললাম, ‘রসিকতা করো না’… কিন্তু ঈশ্বর মহান।”

সতীর্থদের সঙ্গে সিরাজের উদযাপন। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

সতীর্থদের সঙ্গে সিরাজের উদযাপন

“বিশ্বকাপে খেলাটা অনেক বড় ব্যাপার।”

১৬১ রানের পুঁজি নিয়ে সুরিয়াকুমার নতুন বল তুলে দেন সিরাজের হাতে। ইনিংসের দ্বিতীয় ওভারে তার দ্বিতীয় বলে ছক্কা মারেন আন্দ্রিয়েস হাউস। এক বল পরই এই ব্যাটসম্যানকে আউট করে প্রতিশোধ নেন সিরাজ। নিজের পরের ওভারে তিনি শিকার ধরেন আরেকটি।

পাওয়ার প্লেতে তিন ওভারে স্রেফ ১৮ রানে ২ উইকেট নেন সিরাজ। তৃতীয় উইকেটটি নেন তিনি ইনিংসের শেষ বলে। 

সিরাজ জানতেন তার জন্য কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

‘আমি জানতাম নতুন বলে মারা সহজ হবে না এবং তাই হয়েছে।”

সিরাজের শনিবার সকালটা শুরু হয়েছিল আরেকটি অপ্রত্যাশিত খবরে। পেস আক্রমণের মূল অস্ত্র জাসপ্রিত বুমরাহর অসুস্থতার কারণে এই ম্যাচে খেলার সুযোগ পান তিনি।

“প্রথমত, জানতাম না যে আমি খেলব। সকালে যখন বার্তা আসে যে আমি খেলব, তখন খুশি হয়েছিলাম।”

বিশ্বকাপ দলে ডাক পাওয়ার আগে তার পরিকল্পনা কী ছিল, সেটাও হাসতে হাসতে বললেন সিরাজ। 

“আমার পরিকল্পনা ছিল ১৫ তারিখ রেয়াল মাদ্রিদের ম্যাচ দেখা। রমজানও আসছে। কিন্তু ঈশ্বরের ইচ্ছা- যা হওয়ার, তাই হয়।”

হুট করে দলে ডাক পাওয়ায় স্বাভাবিকভাবেই ঠিকমতো প্রস্তুতি নিতে পারেননি ভারতের টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য সিরাজ। তবে পিচ সম্পর্কে ধারণা পেয়ে যান তিনি ম্যাচের শুরুর দিকেই।

“বিকাল ৩টায় আসার পর আমি ভিডিও পরিকল্পনা দেখেছি। সঠিক প্রস্তুতি ছাড়া একটি বড় ম্যাচ খেলতে পারবেন না। এটি বিশ্বকাপ।”

“যেহেতু আমি নিয়মিত খেলছি, জানতাম কী করতে হবে। গত রাতেও আমার মনে হয়েছিল- এই লাইন ও লেংথে বল করতে হবে। ইশান (কিষান) যখন ব্যাটিং করছিল, সে বলেছিল যে, পিচে গতির ভিন্নতা আছে এবং আমাদের মনে হয়েছে ১৭০ রানের স্কোর ভালো। সেটাই সঠিক প্রমাণিত হয়েছে।”

গত বিশ্বকাপে তিন ম্যাচ খেলে সিরাজ উইকেট নিতে পেরেছিলেন কেবল একটি। এবার প্রথম ম্যাচেই পেয়ে গেলেন তিনটি।