২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনার আঁচ থেকে বাঁচতে বাবরের মন্ত্র

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের আট ম্যাচের সাতটিই জিতেছে ভারত, তবে এই লড়াইকে ঘিরে উত্তেজনার কমতি নেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2026, 02:33 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ মিলিয়ে ভারতের বিপক্ষে কেবল একটি ম্যাচই জিতেছে পাকিস্তান। সেই ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন বাবর আজম। চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে আরও অনেক ম্যাচ খেলেছেন তিনি। সেই অভিজ্ঞতা থেকে সামনের লড়াইয়ের আগে দলের সবাইকে শান্ত ও চাপমুক্ত থাকার বার্তা দিয়েছেন পাকিস্তান তারকা।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেট আঙিনায় বাড়তি উন্মাদনা। সমর্থক থেকে শুরু করে দুই দলের ক্রিকেটারদের মাঝেও কাজ করে উত্তেজনা-রোমাঞ্চ। অনেক বছর ধরেই এসবের ছোঁয়া পেয়ে আসছেন বাবর। 

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে প্রথমবার ভারতের বিপক্ষে মাঠে নামার অভিজ্ঞতা হয়ে বাবরের। ওই আসরের ফাইনালে প্রতিবেশিদের হারিয়েই শিরোপা ঘরে তুলেছিল পাকিস্তান। সেই ম্যাচে ৪৬ রানের ইনিংস খেলে দলে জয়ে ভূমিকা রেখেছিলেন বাবরও।

এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ৯টি ওয়ানডে খেলেছেন বাবর। রান করেছেন ৩০.১২ গড়ে ২৪১। ৫টি টি-টোয়েন্টিতে ২৬.২৫ গড়ে করতে পেরেছেন ১০৫ রান।

বাবরের নেতৃত্বেই ভারতের বিপক্ষে দীর্ঘ এক অপেক্ষার অবদান ঘটায় পাকিস্তান। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারায় তারা। বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে এখনও পর্যন্ত সেটিই তাদের একমাত্র জয়।

বিশ্ব মঞ্চে আরেকটি লড়াইয়ে নামার অপেক্ষায় এখন দুই দল। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে বাবর বললেন, বাইরের আলোচনায় কান না দিয়ে খেলতে পারলেই সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাদের। 

“যেমনটা আলোচনা হয়, পাকিস্তান-ভারত লড়াই সবসময়ই চরম উত্তেজনাপূর্ণ হয়। দুই দেশের সমর্থকরা তো বটেই, সারা বিশ্বই এই ম্যাচে সম্পৃক্ত থাকে। ম্যাচটার আবহই অন্য উচ্চতায় চলে যায়, তাই প্রত্যাশাটাও অন্য স্তরে পৌঁছে যায়।”

“আমি অনেক ম্যাচের (ভারতের বিপক্ষে) অংশ ছিলাম, সেখান থেকে শিখেছি যে, নিজেকে যতটা শান্ত ও চাপমুক্ত রাখা যায়, বাইরের কথা এড়ানো যায় এবং কেবল ম্যাচের দিকে মনোযোগ রাখা যায়, ততই ভালো। আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটি নিয়ে তরুণদের সঙ্গে কথা বলেছি, তাদের বলেছি উত্তেজনা তো থাকবেই, তবে নিজেকে যতটা চাপমুক্ত রাখবে ততটাই তাদের জন্য ভালো।”

বাণিজ্যিক দিক থেকে বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি মাঠে গড়ানো নিয়েই এতদিন ছিল অনিশ্চয়তা। চলতি মাসের শুরু ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের এই লড়াইয়ে মাঠে না নামার ঘোষণা দেয় পাকিস্তান সরকার। অনেক টানাপোড়েনের পর গত সপ্তাহে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে তারা।

‘এ’ গ্রুপের ম্যাচটি কলম্বোতে রোববার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।