২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়াকে খোঁচা বেথেলের

টি-টোয়েন্টি বিশ্বকাপে চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার দ্রুত বিদায় ভালো লেগেছে ইংল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটসম্যানের।

গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়াকে খোঁচা বেথেলের
জ্যাকব বেথেল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2026, 08:53 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

সুযোগটা যখন এলো, হাতছাড়া করলেন না জ্যাকব বেথেল। ইংল্যান্ডের এই অলরাউন্ডার বললেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার দ্রুত বিদায় ভালো লেগেছে তার।

সুপার এইটে জায়গা করে নিয়েছে বেথেলের দল ইংল্যান্ড। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। 

বিবিসি টেস্ট ম্যাচ স্পেশাল-এ বাঁহাতি বেথেল বলেন, আসরে সেভাবে কখনও জ্বলে উঠতে পারেনি অস্ট্রেলিয়া।

“ভালোই লেগেছে। দেখে মনে হয়নি, টুর্নামেন্টে সেভাবে জ্বলে উঠতে পেরেছে তারা। গ্রুপ পর্যায়ের ম্যাচে যদি দ্রুত নিজেদের গুছিয়ে নিতে না পারেন, তাহলে এমন কিছুর শঙ্কায় পড়বেন। তাই হ্যাঁ, এটা তাদের জন্য বিব্রতকর।”

আয়ারল্যান্ডকে ৬৭ রানে হারিয়ে আসর শুরু করে অস্ট্রেলিয়া। পরের ম্যাচে বড় ধাক্কা খায় তারা, ২৩ রানে হারে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর শীলঙ্কার বিপক্ষে হারে ৮ উইকেটে।

এতে বিদায়ের দুয়ারে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। টুর্নামেন্টে তাদের টিকে থাকা নির্ভর করে অন্য ম্যাচের ফলের ওপর। পরে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে নিশ্চিত হয়ে যায় অস্ট্রেলিয়ার বিদায়।

শ্রীলঙ্কার বিপক্ষে রোববার সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে খেলবে ইংল্যান্ড। আগামী মঙ্গলবার তারা খেলবে পাকিস্তানের বিপক্ষে। পরে শুক্রবারে মুখোমুখি হবে নিউ জিল্যান্ডের।