‘ভালো উইকেটে সেঞ্চুরি করবেন বাটলার’
বিশ্বকাপে পাঁচ ম্যাচে ৬০ রান করা অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে নিয়ে চিন্তার কিছু দেখছেন না ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক।
ব্যাট হাতে জস বাটলারের দুঃসময় কাটছে না। বিশকাপে আরও একটি ম্যাচে তিনি আউট হয়েছেন অল্প রানে। তবে অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে নিয়ে চিন্তার কিছু দেখছেন না ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। তার বিশ্বাস, ‘ভালো উইকেটে’ খেলা হলে বড় ইনিংসের দেখা পাবেন বাটলার।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে চার ম্যাচে বাটলার করতে পারেন কেবল ৫৩ রান। প্রথম দুই ম্যাচে নেপাল ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো শুরু পেয়েও তিনি আউট হয়ে যান ২৬ ও ২১ রানে। পরের দুই ম্যাচেই তিন রান করে আউট হন স্কটল্যান্ড ও ইতালির বিপক্ষে।
সুপার এইটে রোববার শ্রীলঙ্কার বিপক্ষেও দুই অঙ্কে যেতে পারেননি বাটলার। পাল্লেকেলের মন্থর উইকেটে স্পিনার দুনিথ ওয়েলালাগেকে রিভার্স-সুইপ করার চেষ্টায় এলবিডব্লিউ হন এই ওপেনার। সাত রান করতে খেলেন ১৪ বল।
এই সংস্করণে ইংল্যান্ডের হয়ে সবশেষ ১২ ইনিংসে কোনো ফিফটি নেই বাটলারের। স্বীকৃত টি-টোয়েন্টিতে সবশেষ ১৭ ইনিংসে তার ফিফটি কেবল একটি।
সুপার এইটের আগে বাটলার নিজেই স্বীকার করে নেন, বিশ্বকাপে তার পারফরম্যান্স ‘হতাশাজনক।’
তবে ব্রুকের দৃঢ় বিশ্বাস, টুর্নামেন্টের পরের দিকে বড় রান পাবেন বাটলার। শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৬ রানের পুঁজি নিয়ে ৫১ রানে জয়ের পর ইংল্যান্ড অধিনায়ক বলেন, ৩৫ বছর বয়সী ব্যাটসম্যানের এই মুহূর্তে আত্মবিশ্বাসের কিছুটা ঘাটতি আছে।
“চিন্তার কিছু নেই। তিনি বিশ্ব ক্রিকেটের বড় মাপের খেলোয়াড়। অনেক বছর ধরে খেলছেন। তিনি সম্ভবত এই খেলায় সাদা বলের সেরা খেলোয়াড়। এই মুহূর্তে তার আত্মবিশ্বাসের কিছুটা ঘাটতি আছে…আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং পরবর্তী দুটি ম্যাচে তিনি কেমন করেন, তা দেখার জন্য রোমাঞ্চিত।”
“জস এখনও জ্বলে উঠতে পারেননি, তবে আমরা যদি ভালো উইকেট পাই, তাহলে তিনি শতক করবেন। ফিল সল্টও তাই। আমরা পাওয়ার প্লের সমস্যা কাটিয়ে উঠলে এবং ব্যাট হাতে সেরা অবস্থায় থাকলে, আমাদের হারানো কঠিন হয়ে উঠবে।”
গ্রুপ পর্বে ইংল্যান্ড দুটি করে ম্যাচ খেলেছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ও কলকাতার ইডেন গার্ডেন্সে। ওই দুটি মাঠেই অবশ্য ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল উইকেট।
পরের ম্যাচে পাল্লেকেলেতেই মঙ্গলবার পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। সুপার এইটের শেষ ম্যাচ খেলবে তারা কলম্বোয় নিউ জিল্যান্ডের বিপক্ষে।
