ভারত-পাকিস্তান লড়াইয়ে পুরোনো বিতর্ক নতুন করে চান না সালমান
তবে বিষয়টি প্রতিপক্ষের ওপর নির্ভর করছে, যেন সেই ইঙ্গিতই দিলেন পাকিস্তানের অধিনায়ক।
অনেক টানাপোড়েন শেষে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা কেটে গেলেও, লড়াইটি ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। এবার কি হাত মেলাবেন দুই দলের ক্রিকেটার? বিতর্কিত সেই পরিস্থিতির পরিবর্তন হবে কিনা নিশ্চিত নন সালমান আলি আগা। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে যথাযথ খেলোয়াড়ি মনোভাব নিয়ে খেলতে চান পাকিস্তান অধিনায়ক।
ভারত-পাকিস্তানের রাজনৈতিক শীতল সম্পর্কের প্রভাব দুই দেশের ক্রিকেটে পড়া নতুন কিছু নয়। গত বছর সীমান্তে সংঘর্ষে জড়িয়েছিল দুই প্রতিবেশি। যার রেশ দেখা যায় গত সেপ্টেম্বরের এশিয়া কাপে।
প্রতিযোগিতাটির গত আসরে তিন ম্যাচে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। ওই ম্যাচগুলোর একটিতেও পাকিস্তানের অধিনায়ক ও দলটির ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের কেউ। যা নিয়ে জল গড়ায় অনেকদূর।
পাকিস্তানকে হারিয়ে ফাইনাল জিতলেও, ট্রফি নিয়ে ঘরে ফিরতে পারেনি ভারত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভি, যিনি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (পিসিবি) চেয়ারম্যান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, তার হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। পরে তাদেরকে আর ট্রফিই দেওয়া হয়নি।
পরে উইমেন’স বিশ্বকাপে ও এবারের যুব বিশ্বকাপেও হাত মেলায়নি ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা। সাবেকদের টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করে ভারত।
এশিয়া কাপের ওই ফাইনালের পর আরেকটি লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। কলম্বোয় রোববার সন্ধ্যায় শুরু মাঠের লড়াই। ম্যাচের আগের দিন সালমানের সংবাদ সম্মেলনে ওঠে করমর্দনের প্রসঙ্গ।
“আমি আশা করি, খেলাটি সেই চেতনা নিয়েই খেলা উচিত, যা এর শুরুর সময় থেকে চলে আসছে। (হাত মেলানো হবে কিনা) সেটা কাল দেখা যাবে।”
দুই দেশের মধ্যে বৈরি সম্পর্কের প্রভাব পড়ে চলতি বিশ্বকাপেও। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বর্জনের সিদ্ধান্ত দেয় পাকিস্তান সরকার। পরে আইসিসি, পিসিবি ও বিসিবির সভায় সংকটময় পরিস্থিতির অবসান ঘটে। নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে পাকিস্তান।
ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা থাকলেও সব ধরনের পরিস্থিতির জন্যও প্রস্তুত ছিল পাকিস্তান, বললেন সালমান।
“ভারত-পাকিস্তান ম্যাচ মানেই তীব্র লড়াই…আগামীকালের ম্যাচের ক্ষেত্রেও তাই। আমাদের পক্ষ থেকে, টুর্নামেন্টে আসার আগেই আমরা সম্ভাব্য সব পরিস্থিতির জন্যই প্রস্তুত ছিলাম—ম্যাচটি হোক কিংবা না হোক।”
