ইতিহাসের মোড়ে ভারত, স্বপ্নের দুয়ারে নিউ জিল্যান্ড
আরও একবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জিতে অনন্য অর্জনের হাতছানি ভারতের সামনে, নিউ জিল্যান্ডকে ডাকছে প্রথম বিশ্বকাপ শিরোপার গৌরব।
ফোন হাতে গভীর মনোযোগে উইকেটের ছবি তুলছেন মিচেল স্যান্টনার। সেই ছবি মুহূর্তেই ভাইরাল সামাজিক মাধ্যমে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের আগের দিন এভাবেই এই মাঠের উইকেটের ছবি তুলে খবরের শিরোনামে এসেছিলেন প্যাট কামিন্স। সেবার আর এবারের মিল নিয়ে শোরগোলের মধ্যেই জানা গেল, স্যান্টনারের ছবিটি আসল নয়, ‘এআই’ দিয়ে তৈরি।
ছবিতে মিল না থাকলেও কথায় ঠিকই কামিন্সকে মনে করিয়ে দিলেন স্যান্টনার। ২০২৩ বিশ্বকাপ ফাইনালের আগের দিন অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেছিলেন, আহমেদাবাদের গ্যালারির ১ লাখ দর্শককে চুপ করিয়ে দিতে চান। তিনি আর তার দল সেটি করে দেখিয়েছিলেন পরদিন ভারতকে হারিয়ে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগের দিন নিউ জিল্যান্ড অধিনায়ক বললেন, ট্রফি জিতে শত কোটি হৃদয় ভাঙতে পারলে ভালোই লাগবে তাদের।
কথার মতো কি মিল থাকবে তাদের কাজে? কিউইরা কি পারবে বিশ্বের সবচেয়ে বেশি দর্শক ধারণ ক্ষমতার মাঠে শশ্মানের নীরবতা বয়ে আনার পাশাপাশি শত কোটি ভারতীয়কে মিইয়ে দিতে?
উত্তর মিলবে রোববার রাতে আহমেদাবাদে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের ফাইনালে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও নিউ জিল্যান্ড। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
উত্যুঙ্গ প্রত্যাশার পর ১৯ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের হারের দিনটি ভারতে প্রায় শোক দিবস হয়ে উঠেছে। এবারও পুনরাবৃত্তি হলে ভারতীয় ক্রিকেট আরও একবার ঢেকে যাবে শোকের চাদরে। এই শঙ্কার চোখরাঙানি যেমন আছে, তেমনি আছে উজ্জ্বল সম্ভাবনার হাতছানিও। জিতলে পারলে ভারতের নাম খোদাই হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের পাতায় পাতায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনো দল টানা দুটি শিরোপা জিততে পারেনি। কোনো দল এখনও দুবারের বেশি ট্রফি জিততে পারেনি। নিশ্চিতভাবেই ইতিহাসের বাধা পেরোতো হবে ভারতকে। অতীতের প্রতিবন্ধকতা আছে মুখোমুখি লড়াইয়েও। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুই দলের তিনবারের দেখায় প্রতিবারই জিতেছে নিউ জিল্যান্ড। নিজেদের ইতিহাসে যে দুটি আইসিসি ট্রফি জিতেছে কিউইরা, ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ, দুই ফাইনালেই তারা হারিয়েছে ভারতকে।
ইতিহাসের নতুন দুয়ার উন্মোচন আর প্রতিপক্ষের সঙ্গে বোঝাপড়া, সবকিছুই ভারত করে ফেলতে পারে এবারের ফাইনাল জিতে।
ভারত যখন আশায় রেকর্ড শিরোপার, নিউ জিল্যান্ড তখন মরিয়া প্রথমবার ট্রফি ছুঁয়ে দেখার। দুটি আইসিসি ট্রফি জিতলেও বিশ্বকাপ কখনও জেতা হয়নি তাদের, সেটি হোক ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি। ২০১৯ সাল থেকে এবার নিয়ে ৬ বার আইসিসি টুর্নামেন্টগুলোর সেমি-ফাইনাল খেলেছে তারা, ক্রিকেটবিশ্বে যা সর্বোচ্চ। ৪ বার তারা খেলেছে ফাইনালে। কিন্তু বিশ্বকাপের শেষের হাসি কখনও সঙ্গী হয়নি তাদের।
এবার তারা ফাইনাল পর্যন্ত আসবে, এমন ভাবার লোকও খুব বেশি ছিল না। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে সহজেই হেরে যায় তারা, সুপার এইটে ইংল্যান্ডের কাছে হেরে তাদের ভাগ্য ঝুলছিল অন্য দলের পারফরম্যান্সের ওপর। সেই দলটিই সেমি-ফাইনালে ব্যাটে-বলে হারিয়ে দিল তখনও পর্যন্ত আসরের সেরা দল দক্ষিণ আফ্রিকাকে!
ফাইনালে যদিও ভারত ফেভারিট, তবে স্যান্টনার তাতে ভাবিত নন। বরং আইসিসি আসরে নিজেদের সাফল্যের রেসিপি তুলে ধরে নিউ জিল্যান্ড অধিনায়ক বললেন, একই পথে ছুটে এবার তারা পার হতে চান শেষের বাধা।
“এই দলটিকে যদি দেখেন বা আগের দলগুলি, আমরা এই টুর্নামেন্টগুলোয় বেশ ধারাবাহিক, কারণ আমরা চেষ্টা করি পরিস্থিতি বা প্রতিপক্ষ দেখে নিজেদের হারিয়ে না ফেলতে। আমরা স্রেফ মাঠে নেমে একতাবদ্ধ থেকে নিজেদের কাজ করতে চাই। এবারও ব্যতিক্রম নয়।”
“অবশ্যই কাজটি চ্যালেঞ্জিং হবে, সম্ভবত সবাই জানে যে আমরা ফেভারিট নই। তবে আমাদের তাতে আপত্তি নেই। আমরা জানি, আমরা যদি ছোট কাজগুলি ঠিকঠাক করতে পারি, শক্ত দলীয় পারফরম্যান্স মেলে ধরতে পারি এবং নিজেদেরকে ভালো অবস্থানে নিতে পারি, আশা করি ট্রফি উঁচিয়ে ধরব।”
নিউ জিল্যান্ডের একাদশে একটি জায়গা নিয়েই কেবল সিদ্ধান্ত নেওয়ার আছে, জিমি নিশামকে দলে রাখা হবে কি না। তার বদলি হিসেবে সম্ভাব্য বিকল্প দুজন- জেকব ডাফি ও ইশ সোধি। আহমেদাবাদের উইকেট ব্যাটিং সহায়কই হওয়ার কথা। বোলিংয়ে সেখানে কিছুটা সহায়তা থাকতে পারে পেসারদের। লেগ স্পিনার সোধির না খেলা তাই অনেকটাই নিশ্চিত। নিশামের বদলে ডাফিকে খেলানোর জোর ভাবনা থাকতে পারে। তবে শেষ পর্যন্ত অলরাউন্ড সামর্থ্য আর বড় ম্যাচের অভিজ্ঞতা বিবেচনায় নিশাম টিকে যেতে পারেন।
ভারতীয় দলের সম্ভাব্য পরিবর্তন নিয়ে জল্পনা চলছে প্রচুর। সুপার এইট পর্ব থেকে নিজের ছায়া হয়ে থাকা ভারুন চক্রবর্তি ফাইনালে জায়গা হারাতে পারেন দলে। ম্যাচের আগের দিনের অনুশীলন দেখে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর ধারনা, ফাইনালে তার জায়গায় নেওয়া হবে কুলদিপ ইয়াদাভকে। বাড়তি পেসার খেলাতে চাইলে মোহাম্মাদ সিরাজ তা আছেনই।
একাদশে শেষ পর্যন্ত জায়গা যারই হোক, ভারত ফাইনালে নামবে ফেভারিট হিসেবে। সেটা শুধু নিজের দেশে খেলা বা বিশ্বকাপের পারফরম্যান্সের কারণেই নয়, গত কয়েক বছরের ধারাবাহিকতার কারণেও। টি-টোয়েন্টিতে সবশেষ সিরিজ হেরেছে তারা সেই ২০২৩ সালের অগাস্টে। গত বিশ্বকাপে তারা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্বকাপ জয়ের পর থেকেও গত দেড় বছরে অপ্রতিরোধ্য ছিল এই দল।
তবে বিশ্বকাপ জিততে না পারলে এই ধারাবাহিক পারফরম্যান্সের মূল্য থাকবে সামান্যই। ভারতীয় দলের জন্য তাই ম্যাচটি প্রবল চাপের। গ্যালারির লাখো দর্শকের, দেশজুড়ে শত কোটি সমর্থকের প্রত্যাশার চাপ। আহমেদাবাদে আরেকটি বিশ্বকাপ ফাইনাল হার ভারতীয় ক্রিকেটের জন্য মেনে নেওয়া হবে কঠিন।
এমন ম্যাচের আগে দলকে সাহসী ক্রিকেট খেলার প্রেরণা জোগালেন সুরিয়াকুমার। ভারতীয় অধিনায়কের বিশ্বাস, অভিজ্ঞতার ভেলায় সাফল্যের তীর স্পর্শ করবে তার দল।
“বছর দুয়েক আগে আমাদের পথচলা শুরু এবং ২০২৩ সালে সালে আমরা যেখানে শেষ করেছিলাম, সেই চক্র ফিরে এসেছে আবার এখানেই। দলের প্রতি আমার সাধারণ একটি বার্তা- কঠিন পরিস্থিতিতে সাহসী থাকা।”
“আমাদের ড্রেসিং রুমে অনেকেই আছে, যারা আইসিসি টুর্নামেন্টে খেলছে, আমাদের কোচসহ জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, আকসার প্যাটেল। আইসিসি ইভেন্টের চাপ তারা সামলেছে। টিম বাসে বা রাতের খাবারে যখন আমরা এসব নিয়ে কথা বলি, কীভাবে চাপ সামলাতে হয় এবং সমাধান বের করতে হয়, এগুলো খুব সহায়তা করে। এই ধরনের আলোচনাগুলো খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের চমৎকার উপলক্ষ্যে অভিজ্ঞতা সবসময়ই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি কাজে দেবে।”
অধিনায়ক হিসেবে সুরিয়াকুমারের জন্য সুযোগ ভারতীয় ক্রিকেটে আলাদা জায়গা করে নেওয়ার। তেমনি স্যান্টনারের সামনে হাতছানি নিউ জিল্যান্ডের ইতিহাসে অনন্য হয়ে ওঠার।
ফাইনাল নিয়ে অবশ্য ভারতের সিকি ভাগ আগ্রহও নেই নিউ জিল্যান্ডে। তবে প্রক্রিয়া আর পেশাদারিত্বে মোড়ানো তাদের দল যে ছাড় দিতে চাইবে না একটুও, সেটা নিশ্চিত করেই বলা যায়। প্রেক্ষাপট তাই যেমনই হোক, ফাইনালে রোমাঞ্চের রসদের কমতি নেই।
