২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার-ছক্কার বৃষ্টিতে রেকর্ডের জোয়ারে ২০ ওভারে ভারতের ২৫৩

ইংলিশ বোলিং গুঁড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট ম্যাচে প্রথম দল হিসেবে আড়াইশ করল ভারত।

চার-ছক্কার বৃষ্টিতে রেকর্ডের জোয়ারে ২০ ওভারে ভারতের ২৫৩
শিভাম দুবে ও সাঞ্জু স্যামসন (ডানে) ২২ বলে ৪৩ রানের জুটি গড়েন। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2026, 09:40 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

ইনিংসের দ্বিতীয় ওভারেই আভিশেক শার্মার বিদায়। তাতে কি! ব্যাট হাতে ঝড় তুললেন সাঞ্জু স্যামসন। ইংল্যান্ডের বোলারদের ওপর তাণ্ডব চালালেন বাকিরা। চার-ছক্কার ঝড় তুলে টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট ম্যাচে রেকর্ড সংগ্রহ গড়ল ভারত। সঙ্গে রেকর্ডের আরও কয়েকটি পাতা ওলটপালট করে দিল তারা।

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বৃহস্পতিবার ভারতের ব্যাটসম্যানদের সামনে যেন বল ফেলারই জায়গা পাননি ইংলিশ বোলাররা। তাদেরকে তুলাধুনা করে বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে ২৫৩ রান করে স্বাগতিকরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট ম্যাচে এনিয়ে দ্বিতীয়বার দেখা গেল দুইশ ছাড়ানো সংগ্রহ। আর এই প্রথম দেখা গেল আড়াইশ রানের পুঁজি। ২০১২ সালের সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৫ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

ভারতের এই রান টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ। চলতি আসরেই জিম্বাবুয়ের বিপক্ষে ২৫৬ করেছিল তারা। এবারই একই দলের বিপক্ষে ২৫৪ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। আর ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার ২৬০ রান রেকর্ড।

বিশ ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি ছয়বার আড়াইশ ছোঁয়া পুঁজি গড়ার রেকর্ড এখন ভারতের। তাদেরই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদ পাঁচবার আড়াইশ করেছে। তিনবার করে আড়াইশ ছুঁয়েছে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও ইংল্যান্ডের দল সারে।

রেকর্ড পুঁজি গড়ার পথে এদিন ১৯টি ছক্কা মারেন ভারতীয় ব্যাটসম্যানরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক ইনিংসে যা যৌথভাবে সর্বোচ্চ। ১৯টি করে ছক্কা মেরেছে নেদারল্যান্ডস (২০১৪, প্রতিপক্ষ আয়ারল্যান্ড) ও ওয়েস্ট ইন্ডিজ (২০২৬, প্রতিপক্ষ জিম্বাবুয়ে)।

বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটিও এখন ভারতের। এবার এখন পর্যন্ত ৮৮টি ছক্কা হাঁকিয়েছে তারা। চলতি আসরেই ৭৬ ছক্কা মেরে তালিকায় দ্বিতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজ।

ইংলিশদের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে ১৯টি ছক্কার সঙ্গে ১৮টি চার মেরেছে ভারত। বিশ্বকাপে এক ইনিংসে তাদের ৩৭টি বাউন্ডারির চেয়ে বেশি চার-ছক্কা মেরেছে কেবল শ্রীলঙ্কা, কেনিয়ার বিপক্ষে ৪১টি (৩০ চার ও ১১ ছক্কা)।

ভারতের ব্যাটসম্যানদের মধ্যে বেশিরভাগই ব্যাটিং করেছেন দুইশ ছাড়ানো স্ট্রাইক রেটে। তিনশ স্ট্রাইক রেটে তিন ছক্কায় ৭ বলে ২১ রান করেন তিলাক ভার্মা।

ইংলিশ বোলিং গুঁড়িয়ে দেওয়ার পথে ভারতকে সুরটা বেঁধে দেন স্যামসন। সাতটি ছক্কা ও আটটি চারে ৪২ বলে ৮৯ রানের ইনিংস খেলেন এই ওপেনার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে রান তাড়ায় ৯৭ রানে অপরাজিত ছিলেন তিনি।

তিনে নেমে দুটি ছক্কা ও চারটি ছক্কায় ১৮ বলে ৩৯ রান করেন ইশান কিষান। তাদের সঙ্গে স্যামসনের ৪৫ বলের জুটিতে আসে ৯৭ রান। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে চারটি ছক্কা ও এক চারে ২৫ বলে ৪৩ রান করেন শিভাম দুবে। ১২ বলে ২৭ রান করতে দুটি ছক্কা ও তিনটি চার মারেন পান্ডিয়া।