২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অতি সতর্কতাই’ কাল হয়েছে ইংল্যান্ডের

পরাজয়ের পর নিজেকেও কাঠগড়ায় দাঁড় করালেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক।

‘অতি সতর্কতাই’ কাল হয়েছে ইংল্যান্ডের
নিজেকেও কাঠগড়ায় তুলছেন হ্যারি ব্রুক। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 03:21 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

টপ অর্ডারদের ব্যাটে রান তাড়ার শুরুটা ভালোই করেছিল ইংল্যান্ড। ওভারপ্রতি আসছিল ৯ রানেরবেশি। কিন্তু ইনিংসের দ্বিতীয়ভাগে তালগোল পাকিয়ে ফেলে ইংলিশরা। ওই সময় অতিরিক্ত সতর্ক হয়ে খেলাকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের বড় কারণ হিসেবে দেখছেন অধিনায়ক হ্যারি ব্রুক। 

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার মুখোমুখি হয় দুইবার করে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দুই দল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ২০১৬ আসরের ফাইনালে ক্যারিবিয়ানদের কাছে হারের পর বৈশ্বিক আসরে পরের দুই দেখায় জিতেছিল ইংলিশরা।

কিন্তু এবার আর পেরে ওঠেনি তারা। ১৯৬ রানের লক্ষ্য তাড়ায় পুরো ওভার খেলতে পারেনি ব্রুকের দল। ১৬৬ রানের গুটিয়ে পায় ৩০ রানে হারের তেতো স্বাদ।

লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডকে আগ্রাসী শুরু এনে দেন ফিল সল্ট। দলের প্রথম ৩৮ রানের মধ্যে ৩০ রানই ছিল তার। দ্রুত রান তোলেন জস বাটলার (২১) ও জেকব বেথেলও (৩৩)। দশম ওভারে চতুর্থ উইকেট হারায় ইংল্যান্ড ৯০ রানে।

উইকেট পড়লেও রান ঠিকই আসছিল। কিন্তু এরপরের ব্যাটসম্যানরা টিকতেই পারেননি। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত ধরে রেখে দলের সর্বোচ্চ ৪৩ রান করে অপরাজিত থাকেন স্যাম কারান।

প্রথম ১০ ওভারে ৯৩ রান তোলা ইংল্যান্ড পরে আর খেলতে পারে ৯ ওভার। শেষ ছয় উইকেট হারায় তারা স্রেফ ৩৫ রানে।

শেষ দিকের এমন ব্যাটিং বিপর্যয়ের কারণ ম্যাচের পর ব্যাখ্যা করলেন ব্রুক। 

“আমরা মনে হয় একটু বেশিই সতর্ক ছিলাম, তার মধ্যে আমিও একজন। আজ যেভাবে আউট হয়েছি, এর চেয়ে বাউন্ডারিতে ক্যাচ দিলে বরং বেশি স্বস্তি পেতাম। এটাই টি-টোয়েন্টি ক্রিকেটের অংশ।”

এই ম্যাচে ক্যারিবিয়ানদের সেরা বোলার গুডাকেশ মোটিকে উইকেট দিয়ে আসেন ব্রুক। সিঙ্গল নেওয়ার ভাবনায় লেগ সাইডে খেলার চেষ্টায় এই স্পিনারকে ফিরতি ক্যাচ দেন তিনি। তার বিদায়ের পরই ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং।

“সে (মোটি, যিনি ৩৩ রানে ৩ উইকেটে নিয়েছেন) তখন সম্ভবত সবচেয়ে বড় হুমকি ছিল। আমি চাইছিলাম বলটা লেগ সাইডে ঠেলে স্যামকে আবার স্ট্রাইকে ফেরাতে।”

শিশিরের ভাবনায় টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। কিন্তু তাদের প্রত্যাশা মতো শিশির পড়েনি রান তাড়ার সময়। 

“প্রায় ২০০ রান তাড়া করা সবসময়ই কঠিন চ্যালেঞ্জ। আমরা ভেবেছিলাম উইকেট পরের দিকে আরও ভালো হবে, বল সহজে ব্যাটে আসবে। কিন্তু সেটা হয়নি। আমাদের ভেবেছিলাম, এই রান তাড়া করা সম্ভব, নিশ্চিতভাবেই। শিশিরের কথা ভেবেই (টস জিতে পরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত) পরিকল্পনা করেছিলাম, কিন্তু আমরা যতটা শিশির আশা করেছিলাম, ততটা পড়েনি।”

নেপালের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর এবার হারের তেতো স্বাদ পাওয়া ইংল্যান্ড গ্রুপে আছে তৃতীয় স্থানে। দুইয়ে থাকা স্কটল্যান্ডের মুখোমুখি হবে তারা আগামী শনিবার।