জুনাইদের ৫ উইকেট ও আরিয়ানশ-সোহাইবের জুটিতে আরব আমিরাতের রোমাঞ্চকর জয়
শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া সংযুক্ত আরব আমিরাত ৫ উইকেটে হারিয়েছে কানাডাকে।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে প্রতিপক্ষকে নাগালে আটকে রাখতে বড় অবদান রাখলেন জুনাইদ সিদ্দিকি। সেই রান রান তাড়ায় দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ল সংযুক্ত আরব আমিরাত। চমৎকার ব্যাটিংয়ে দলের হাল ধরলেন আরিয়ানশ শার্মা ও সোহাইব খান। তাদের ব্যাটে শেষ দিকের কঠিন সমীকরণ মিলিয়ে কানাডার বিপক্ষে দারুণ এক জয় তুলে নিল মধ্যপ্রাচ্যের দলটি।
দিল্লিতে শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে ৫ উইকেটে জিতেছে আরব আমিরাত। কানাডার ১৫০ রান দুই বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।
লক্ষ্য তাড়ায় শেষ চার ওভারে ৫৬ রান প্রয়োজন ছিল আরব আমিরাতের। কঠিন সেই সমীকরণ আগ্রাসী ব্যাটিংয়ে সহজ করে দেন আরিয়ানশ ও সোহাইব। পঞ্চম উইকেটে ৪৩ বলে ৮৪ রানের জুটি গড়েন তারা।
ইনিংস শুরু করতে নেমে দলের জয় সঙ্গে নিয়ে ফেরা আরিয়ানশ করেন ৭৪ রান। তার ৫৩ বলের ইনিংসটি গড়া তিনটি ছক্কা ও ছয়টি চারে। আর ছয়ে নেমে চারটি করে ছক্কা-চারে ২৯ বলে ৫১ রান করেন সোহাইব।
ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন জুনাইদ। কানাডাকে নাগালে রাখার দারুণ বোলিংয়ে ৩৫ রান খরচায় পাঁচ উইকেট নেন আরব আমিরাতের এই পেসার। স্বীকৃত টি-টোয়েন্টিতেই এই প্রথম পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি।
অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা কানাডার দুই ওপেনারকে বিদায় করেন জুনাইদ। আক্রমণে এসে প্রথম বলেই শিকার ধরেন মুহাম্মাদ জাওয়াদউল্লাহ।
৩৮ রান ৩ উইকেট হারানো কানাডাকে টানেন নাভনিত ঢালিওয়াল ও হার্শ ঠাকের। তাদের ৫৮ রানের জুটিতে একশর কাছে যায় দলটির রান। ত্রয়োদশ ওভারে নাভনিত রান আউটে কাটা পড়লে ভাঙে তাদের প্রতিরোধ। চারটি চারে ৩৪ রান করেন তিনি।
এরপর শ্রেয়াস মোভাকে নিয়ে আরেকটি কার্যকর জুটি গড়েন হার্শ। ৪০ বলে ৫০ ছুঁয়ে পরের বলেই বিদায় নেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করার পথে তিনটি ছক্কা ও দুটি চার মারেন মিডল অর্ডার ব্যাটসম্যান।
হার্শের পর শ্রেয়াস ও সাদ বিন জাফারকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন জুনাইদ।
রান তাড়ায় আরব আমিরাতকে টানেন আরিয়ানশ। আরেক প্রান্তে ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মাঝে। মুহাম্মাদ ওয়াসিম, আলিশান শারাফু, মায়াঙ্ক কুমার, হার্শিত কৌশিক দুই অঙ্ক ছুঁতে পারেননি।
ত্রয়োদশ ওভারে ৬৬ রানে চার উইকেট হারানো দলকে পথে রাখেন আরিয়ানশ ও সোহাইব। শুরু থেকেই দলের রানের চাকায় দম দেওয়া আরিয়ানশ পরের ওভারে ছক্কায় উড়িয়ে ৪১ বলে ফিফটি স্পর্শ করেন।
মুখোমুখি দ্বিতীয় বলে ছক্কা হাঁকান সোহাইব। ষোড়শ ওভারে চার মারেন তিনি জাসকারান সিংকে। সমীকরণ যখন কঠিন হয়ে উঠেছে, তখনই আগ্রাসী রূপে নিজেকে মেলে ধরেন সোহাইব। সপ্তদশ ওভারে ডিলন হেইলিঙ্গারকে দুটি ছক্কা ও একটি চার মারেন তিনি। পরের ওভারে চার ও ছক্কায় ওড়ান জাসকারানকে।
১৯তম ওভারে কালিম সানাকে টানা দুই চার মারেন আরিয়ানশ। ওই ওভারের শেষ দুই বলে চারের পর ডাবল নিয়ে ২৮ বলে ফিফটিতে পা রাখেন সোহাইব।
শেষ ওভারে ৮ রানের প্রয়োজনে প্রথম বলেই ছক্কা মেরে দেন আরিয়ানশ। এক বল পর ফিরে যান সোহাইব। পরের বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় আরব আমিরাত।
সংক্ষিপ্ত স্কোর:
কানাডা: ২০ ওভারে ১৫০/৭ (ইউভরাজ ৫, দিলপ্রিত ১১, নাভনিত ৩৪, কিরটন ৪, হার্শ ৫০, শ্রেয়াস ২১, জাসকারান ৪*, সাদ ৫, ডিলন ৬*; হায়দার ৪-০-২৯-০, জুনাইদ ৪-০-৩৫-৫, আরফান৪-০-৩৩-০, জাওয়াদউল্লাহ ৪-০-১৬-১, ফারুক ২-০-১৯-০, হার্শিত ২-০-১৭-০)
সংযুক্ত আরব আমিরাত: ১৯.৪ ওভার ১৫১/৫ (আরিয়ানশ ৭৪*, ওয়াসিম ৪, আলিশান ৫, মায়াঙ্ক ৪, হার্শিত ৫, সোবাইব ৫১, আরফান ১*; কালিম ৪-০-২৯-১, ডিলন ৪-০-৩৩-০, জাসকারান ৩.৪-০-৪৫-১, সাদ ৪-০-১৪-৩, আনশ ৩-০-২৫-০, দিলপ্রিত ১-০-৪-০)
ফল: সংযুক্ত আরব আমিরাত ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: জুনাইদ সিদ্দিক।
