২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেমন হবে বিশ্বকাপ ফাইনালের পিচ

মুম্বাইয়ে ভারত-ইংল্যান্ড রান উৎসবের সেমি-ফাইনালের মতো একই ধরনের উইকেটে হবে ফাইনাল ম্যাচটি।

কেমন হবে বিশ্বকাপ ফাইনালের পিচ
১ লাখ ৩২ হাজার দর্শক একসঙ্গে খেলা দেখতে পারেন এই মাঠে। ছবি: বিডিনিউজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2026, 09:20 AM

Updated : 26 Aug 2026, 03:06 PM

মুম্বাই ভারত-ইংল্যান্ড সেমি-ফাইনালের তুমুল উত্তেজনা ও রান উৎসবের রেশ মিলিয়ে যায়নি এখনও। এবার ফাইনালেও দেখা যেতে পারে একই ধরনের রানের জোয়ার। একই ধরনের উইকেট যে বেছে নেওয়া হচ্ছে শিরোপা নির্ধারণী ম্যাচেও!

আহমেদাবাদে রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার মঞ্চে মুখোমুখি হবে ভারত ও নিউ জিল্যান্ড। বিশ্বের সবচেয়ে বেশি দর্শক ধারণক্ষমতার ক্রিকেট ভেন্যু এই নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণ ক্ষমতার গ্যালারিতে কত দর্শক থাকবে, তা যেমন ঔৎসুক্য আছে, তেমনি উইকেটের সম্ভাব্য আচরণ নিয়েও আছে কৌতূহল।

ফাইনালের উইকেট কেমন হবে, সেটির কিছু ধারণা নানা সূত্র থেকে জানতে পেরেছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উইকেট থাকতে পারে সবুজের ছোঁয়া। তবে চেহারা দেখে বিভ্রান্ত হওয়ার কারণ নেই। গত বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামের উইকেটের চেহারাও ছিল এরকমই। উইকেট দেখে অনেকে ভেবেছিলেন, পেস-সহায়ক হবে কি না। আদতে কী হয়েছে, সবারই এখন জানা। চার-ছক্কার বৃষ্টিতে রানের বান বইয়ে গেছে সেদিন। ৪৯৯ রানের ম্যাচে ৭ রানে জিতেছে ভারত।

টি-টোয়েন্টিতে দুই দল মিলিয়ে এত বেশি রান তো আর প্রতিদিন হয় না। তবে ব্যাটসম্যানদের দাপটের আরেকটি ম্যাচই প্রত্যাশা করা হচ্ছে।

লাল ও কালো মাটির মিশ্রণের একটি পিচ ব্যবহার করা হচ্ছে ফাইনালের জন্য। যেখানে টার্ন থাকার কথা সামান্য, বল থেমে আসবে না হয়তো একটুও। বলের পেস ও বাউন্স ভালো থাকবে, অসম বাউন্স থাকবে না বলেই চলে। ব্যাটিং সহায়ক সেই উইকেটে স্পিনারদের চেয়ে পেসারদের ভালো করার রসদ তুলনামূলকভাবে বেশি থাকবে।

‘পার’ স্কোর এই উইকেটে হতে পারে দুইশর আশেপাশে।

অনেকটা নতুন উইকেটের মতোই এটি। এবারের বিশ্বকাপে মাত্র একটি ম্যাচই খেলা হয়েছে এই উইকেটে। সেটিও প্রায় ১ মাস আগে। গত ৯ ফেব্রুয়ারি সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে তুলেছিল ২১৩ রান, কানাডা রান তাড়ায় যেতে পারেন ১৫৬ পর্যন্ত।

নিউ জিল্যান্ড এই মাঠে এবারের আসরে একটি ম্যাচই খেলেছে। গত ১৪ ফেব্রুয়ারি লাল মাটির উইকেটে সেই ম্যাচে কিউইদের ১৭৫ রান ১৭ বল বাকি রেখেই টপকে ৭ উইকেটে জিতে যায় দক্ষিণ আফ্রিকা।

ভারত এই মাঠে খেলেছে এবার দুটি ম্যাচ। গত ১৭ ফেব্রুয়ারি ১৯৩ রান তুলে তারা ১৭ রানের জয় পায় নেদারল্যান্ডসের বিপক্ষে। ৫ দিন পর দক্ষিণ আফ্রিকার ১৮৭ রানের জবাবে সুরিয়াকুমার ইয়াদাভের দল গুটিয়ে যায় ১১১ রানে।

ফাইনালে যদিও ফেভারিট বলে কিছু থাকে না, তবু ভারতকেই একটু এগিয়ে রাখতে হবে নানা বাস্তবতায়।

এক বছরের মধ্যে আইসিসি ইভেন্টে এই দুই দেশের দ্বিতীয় ফাইনাল এটি। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউ জিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।