Published : 07 Mar 2026, 12:19 PM
দক্ষিণ আফ্রিকা-নিউ জিল্যান্ড সেমি-ফাইনালের আগে ভাবনা ছিল একরকম। এই ম্যাচের পর মাইকেল ক্লার্কের ভাবনা হয়ে গেছে আরেকরকম। ফাইনালে ভারত ও নিউ জিল্যান্ডকে সমান্তরালেই রাখছেন তিনি। যদিও শেষ পর্যন্ত ভারতই শিরোপা জিতবে বলে মনে করেন সাবেক এই অস্ট্রেলিয়া অধিনায়ক।
নিউ জিল্যান্ডকে নিয়ে ক্লার্কের ভাবনা বদলে যাওয়ার মূল কারণ সেমি-ফাইনালে তাদের পারফরম্যান্স। প্রবল ফেভারিট হিসেবেই ম্যাচটি খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু দুর্দান্ত পরিকল্পনা আর সেসবের বাস্তবায়ন এবং স্মার্ট ক্রিকেট দিয়ে দাপটেম্যাচ জিতে নেয় কিউইরা। ব্যাটে-বলে প্রোটিয়াদের বিধ্বস্ত করে তারা জায়গা করে নেয় ফাইনালে।
বিয়ন্ড২৩ ক্রিকেট পডকাস্টে ক্লার্ক বললেন, ওই ম্যাচ দেখে নিউ জিল্যান্ডকে নিয়ে তার দৃষ্টিভঙ্গি বদলে গেছে।
“দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমি-ফাইনাল ম্যাচটির আগে যদি বলা হতো যে ভারত-নিউ জিল্যান্ড ফাইনাল হবে, আমার মনে হয় এটা নিয়ে সংশয়ই ছিল না ভারত অনেকটা এগিয়ে থেকে ফেভারিট ছিল। এখন নিউ জিল্যান্ড যেভাবে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে, আমার মনে হয় (সমীকরণ) ৫০-৫০। তবে আমার মনে হয়, নিউ জিল্যান্ডকে হারিয়ে দেবে ভারত।”
ক্লার্কের মতে, ফাইনালে ভারতের জন্য বড় চ্যালেঞ্জ আসলে মাঠের বাইরে। ইতিহাস আর প্রত্যাশার চাপ, দুটিই হতে পারে সুরিয়াকুমার ইয়াদাভের দলের বাধা।
“ভারতের জন্য চ্যালেঞ্জ হলো, কোনো দল এখনও পর্যন্ত পরপর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেনি। তারা সেটা জানে। তারা জানে যে, নিজেদের আঙিনায় খেলছে এবং তারা এখনও পর্যন্ত টুর্নামেন্টের সেরা দল ও জয়টা তাদের কাছে প্রবলভাবে প্রত্যাশিত।”
“এসব (চাপ) যদি তারা সরিয়ে ফেলতে পারে, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের মতো মুক্ত মনে খেলতে পারে, আমার মনে হয়, তারাই জিতবে।”
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবার করে শিরোপা জিতেছে ইংল্যান্ড ও ভারত। এবার জিতলে তাই ইতিহাস গড়বে প্রথম আসরের বিজয়ীরা। পাশাপাশি তারা অনন্য নজির গড়বে প্রথম দল হিসেবে শিরোপা ধরে রেখে।