২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টার্লিংকে নিয়ে প্রবল শঙ্কায় আয়ারল্যান্ড

দুই ম্যাচেই শেষ হয়ে যেতে পারে আয়ারল্যান্ড অধিনায়কের বিশ্বকাপ।

স্টার্লিংকে নিয়ে প্রবল শঙ্কায় আয়ারল্যান্ড
এই বিশ্বকাপে আর নাও দেখা যেতে পারে পল স্টার্লিংকে। ছবি: ক্রিকেট আয়ার‌ল্যান্ড ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 09:52 AM

Updated : 26 Aug 2026, 02:56 PM

প্রথম ডেলিভারিটি খেলে প্রথম রানটি নিয়েই যা বোঝার বুঝে গেলেন পল স্টার্লিং। কোনোরকমে রানটি নিয়েই মাঠ ছেড়ে গেলেন তিনি। পরে জানা গেল, তার হাঁটুর অবস্থা খুব একটা ভালো নয়। দুই ম্যাচেই শেষ হয়ে যেতে পারে আয়ারল্যান্ড অধিনায়কের বিশ্বকাপ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান স্টার্লিং। ম্যাচের সপ্তম ওভারে জশ ইংলিসের ক্যাচ নিয়ে মাঠে পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পান তিনি। পরে আয়ারল্যান্ডের রান তাড়ায় বরাবরের মতোই ওপেনিংয়ে নামেন ৩৫ বছর বয়সী ক্রিকেটার। কিন্তু প্রথম বলে সিঙ্গল নিতে গিয়ে তার ভোগান্তি ছিল স্পষ্ট। খুঁড়িয়ে খুঁড়িয়ে রানটি নিয়েই ছেড়ে যান মাঠ।

ম্যাচের পর আয়ারল্যান্ডের ব্যাটিং কোচ ও সাবেক ক্রিকেটার গ্যারি উইলসন জানান শঙ্কার কথা।

“খুব একটা ভালো মনে হচ্ছে না (স্টার্লিংয়ের চোটের অবস্থা)…। স্ক্যান করতে পাঠানো হয়েছে তাকে। রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

“সে ভেবেছিল যে ঠিকঠাক আছে, এজন্যই ব্যাটিংয়ে নেমেছিল। ভালো অনুভব না করলে তো আর ব্যাটিংয়ে নামত না। তার ভাবনায় ছিল মূলত পাওয়ার প্লে যতটা সম্ভব কাজে লাগানোর চেষ্টা। সিঙ্গল নেওয়ার চেষ্টা করছি। কিন্তু পরিষ্কারভাবেই বেশি জড়তা হাঁটুতে অনুভব করেছে সে।”

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮৩ রান তাড়ায় আইরিশ ব্যাটিং মুখ থুবড়ে পড়েছে ১১৫ রানেই। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কছে তারা হেরেছিল ২০ রানে।

দুটি ম্যাচ হারলেও গাণিতিকভাবে এখনও সুপার এইটে খেলার সম্ভাবনা তাদের আছে। পরের দুটি ম্যাচ তাদের ওমান ও জিম্বাবুয়ের বিপক্ষে, যে ম্যাচগুলিতে তারা জয়ের আশায় মাঠে নামবে। সেখানে স্টার্লিংকে না পাওয়াটা হবে বিশাল ধাক্কা। তিনি শুধু দলের অধিনায়কই নন, দেশের ইতিহাসের সফলতম ব্যাটসম্যানও।

ওমানের বিপক্ষে ম্যাচটি শনিবারই, জিম্বাবুয়ের বিপক্ষে মঙ্গলবার।