ফর্মে ফেরার জন্য ‘১৫ ওভার ব্যাট করবেন না’ বাটলার
বিশ্বকাপে চার ম্যাচে ত্রিশ ছুঁতে না পারা এই ওপেনারকে উইকেটে সময় নিয়ে ১৫ ওভার ব্যাট করার পরামর্শ দিয়েছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন।
বিশ্বকাপে ব্যাট হাতে এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি জস বাটলার। চার ম্যাচে পাননি কোনো ফিফটি। নিজের পড়তি ফর্ম নিয়ে স্বাভাবিকভাবেই হতাশ তিনি। তবে অভিজ্ঞ ইংলিশ ব্যাটসম্যান স্পষ্ট জানিয়ে দিলেন, শুধু ফর্মে ফেরার জন্য কোনোভাবেই তিনি ব্যাটিংয়ের ধরন বদলাবেন না।
এই বিশ্বকাপেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চার হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন বাটলার। তবে আসরে চার ম্যাচে দলের ইনিংস শুরু করে তিনি করতে পেরেছেন মোটে ৫৩ রান।
প্রথম দুই ম্যাচে নেপাল ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো শুরু পেয়েও তিনি আউট হয়ে যান ২৬ ও ২১ রানে। পরের দুই ম্যাচেই তিন রান করে আউট হন স্কটল্যান্ড ও ইতালির বিপক্ষে। এই দুই ম্যাচে প্রায় একইভাবে আউট হন তিনি, পাওয়ার প্লেতে ফিল্ডারের মাথার ওপর দিয়ে খেলার চেষ্টায় ধরা পড়েন মিড-অফে।
গত সেপ্টেম্বরে ম্যানচেস্টারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০ বলে ৮৩ রানের ইনিংস খেলেছিলেন বাটলার। তারপর থেকে ইংল্যান্ডের হয়ে ১১ টি-টোয়েন্টি ইনিংসে কোনো ফিফটি করতে পারেননি তিনি।
গত মাসে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে ডারবান’স সুপার জায়ান্টাসের হয়ে এক ম্যাচে তিনি খেলেন অপরাজিত ৯৭ রানের ইনিংস। কিন্তু প্রতিযোগিতাটিতে বাকি পাঁচ ইনিংসে তার সর্বোচ্চ স্কোর ছিল ২২।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সবশেষ ১৬ ইনিংসে তার ফিফটি ওই একটিই। সবশেষ পাঁচ ওয়ানডে ইনিংসে সর্বোচ্চ স্কোর ৩৮।
বাটলার ও সাবেক ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড মিলে বিবিসির ‘ফর দা লাভ অব ক্রিকেট’ পডকাস্ট করে থাকেন। সেখানে বাটলার বললেন, বিশ্বকাপে দলে উল্লেখযোগ্য অবদান রাখতে না পারাটা পোড়াচ্ছে তাকে।
“সত্যি বলতে, আমি কিছুটা হতাশ। আমার মনে হচ্ছিল, দক্ষিণ আফ্রিকায় এসএ টোয়েন্টিতে বড় স্কোর না পেলেও ভালোই খেলছিলাম। আমি কম রানে আউট হয়ে যাচ্ছি… আমার মনে হয়, ক্রিজে একটু থিতু হওয়ার পরিবর্তে আমি একটু বেশি চেষ্টা করছি। প্রথম দুটি ম্যাচে আমি ২০ এর আশেপাশে রান করেছি, উল্লেখযোগ্য অবদান রাখতে না পারা হতাশাজনক। তারপর স্কটল্যান্ড ও ইতালির বিপক্ষে ছোট স্কোর। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিবাচক থাকার বিষয়, কিন্তু আমি দু-একটা ভুল করে আউট হয়েছি।”
চার ম্যাচের তিনটিতে বাটলার আউট হয়েছেন পাওয়ার প্লের মধ্যে, আরেকটিতে সপ্তম ওভারে। স্কাই স্পোর্টসে আলাপে সাবেক ইংলিশ অধিনায়ক নাসেই হুসেইন পরামর্শ দিয়েছেন বাটলারকে উইকেটে থিতু হতে।
“জস বাটলারকে ইতিবাচকভাবে স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে, ‘তুমি কি জানো তুমি সাদা বলে ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড়? তুমি কি জানো, যদি তুমি ১৫ ওভার ব্যাট করো, তাহলে তুমি একাই আমাদের ম্যাচ জেতাতে পারবে? শুধু একটি সুন্দর ইতিবাচক বার্তা, তুমি কী করছো, জস?”
তবে বাটলার বললেন, শুধু নিজে ফর্মে ফেরার জন্য ১৫ ওভার ব্যাট করতে চান না তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটের বাস্তবতাও তুলে ধরলেন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান।
“টি-টোয়েন্টি এমন একটি খেলা, যেখানে সবসময় শট খেলার দাবি থাকে। মাঝে মাঝে যখন টেস্ট ম্যাচে ফর্মের বাইরে থাকেন, তখন একজন ব্যাটিং কোচ বলতে পারেন, ‘নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখো এবং এক ঘন্টা ব্যাট করার চেষ্টা করো, তাহলে ফর্ম ফিরে পাবে, যেভাবেই হোক এক ঘন্টা ব্যাট করো।’”
“কিন্তু টি-টোয়েন্টিতে স্কোরবোর্ড সচল রাখতে হয়। যদি প্রতি ওভারে ১০ রান করার প্রয়োজন হয়, তাহলে সেই অনুযায়ী খেলতে হয়। আমি নাসেরকে বলতে দেখেছি, ‘শুধু ১৫ ওভার ব্যাট করো।’ আমিও ১৫ ওভার ব্যাট করতে চাই; কিন্তু আমি শুধু নিজের জন্য ১৫ ওভার ব্যাট করতে এবং পরিস্থিতিকে উপেক্ষা করতে চাই না।”
গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটিতে জেতা ইংল্যান্ড সুপার এইটে রোববার শ্রীলঙ্কার মুখোমুখি হবে।
