সুরিয়াকুমারের দারুণ ইনিংসে জয়ে শুরু ভারতের
যুক্তরাষ্ট্রের বিপক্ষে খাদের কিনারা থেকে দলকে টেনে তুলেছেন ভারত অধিনায়ক।
বাড়তি চাপ মেনে নিয়ে বিনোদনের প্রতিশ্রুতি দেওয়া সুরিয়াকুমার ইয়াদাভ হয়তো ভাবতেও পারেননি, এত দ্রুতই কথা রাখতে নিজেকে উজাড় করে দিতে হবে তার! যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ঠিক সেটাই করতে হলো ভারত অধিনায়কের। দুর্দান্ত ইনিংসে খাদের কিনারা থেকে দলকে টেনে তুললেন তিনি, মিলিত চেষ্টায় বাকিটা সারলেন বোলাররা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে শনিবারের তৃতীয় ম্যাচে ২৯ রানে জিতেছে ভারত। ১৬১ রানের পুঁজি গড়ে যুক্তরাষ্ট্রকে ১৩২ রানে থামিয়েছে তারা।
সুরিয়াকুমার ছাড়া দুই দল মিলিয়ে আর কেউ চল্লিশ ছুঁতে পারেননি। সাবধানী শুরুর পর ভারত অধিনায়ক বাড়িয়েছেন রানের গতি। দুটি করে ছক্কা ও চারে শেষ ওভারে ২১ রান নিয়ে দলকে এনে দিয়েছেন মোমেন্টাম। ৪৯ বলে চার ছক্কা ও ১০ চারে অপরাজিত ৮৪ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন তিনি।
পরে পাওয়ার প্লেতে দারুণ বোলিংয়ে মোহাম্মদ সিরাজ ও আর্শদিপ সিং যুক্তরাষ্ট্রকে চাপে ফেলে দেন। সেটা আর কাটিয়ে উঠতে পারেনি দলটি।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই আভিশেক শার্মাকে হারায় ভারত। দারুণ ছন্দে থাকা বিস্ফোরক ওপেনার পান গোল্ডেন ডাকের তেতো স্বাদ। আলি খানের বলে ডিপ কাভারে ধরা পড়েন তিনি।
অনেকটা সময় ক্রিজে থাকলেও ঠিক ছন্দে ছিলেন না ইশান কিষান। যখন মনে হচ্ছিল নিজেকে ফিরে পাচ্ছেন, তখনই ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার (১৬ বলে ২০)।
তিনে নেমে ইতিবাচক শুরু করেন তিলাক ভার্মা। কিন্তু শুরুটা বড় করতে পারেননি তিনি।
শেডলি ফন শলকউইকের একই ওভারে ইশান ও তিলাকের বিদায়ের পর, গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান শিভাম দুবে। দুই অঙ্ক ছুঁতে পারেননি রিঙ্কু সিং ও হার্দিক পান্ডিয়া।
ত্রয়োদশ ওভারে ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতকে পথ দেখান সুরিয়াকুমার। সপ্তম উইকেটে কিছুটা সঙ্গ পান আকসার প্যাটেলের। এছাড়া প্রায় একাই দলকে দেড়শ ছাড়ানো সংগ্রহ এনে দেন তিনি।
ফিল্ডিংয়ের সময় চোট পাওয়ায় নিজের শেষ দুই ওভার বোলিং করতে পারেননি তারকা পেসার আলি। ২৫ রানে ৪ উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রের সফলতম বোলার ফন শলকউইক।
চার ওভারে ৬৫ রান দিয়ে উইকেট পাননি সৌরাভ নেত্রাভালকার। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই সবচেয়ে খরুচে বোলিং। ২০০৭ আসরে পাকিস্তানের বিপক্ষে চার ওভারে ৬৪ রান দিয়েছিলেন শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া। ১৯ বছর পর ‘মুক্তি’ পেলেন সাবেক বাঁহাতি এই স্পিনার।
অসুস্থতার জন্য এই ম্যাচে খেলেননি বোলিংয়ে ভারতের সবচেয়ে বড় ভরসা জাসপ্রিত বুমরাহ। তার জায়গায় একাদশে ফেরা সিরাজ টানা তিন ওভার বোলিং করে নেন দুটি উইকেট, আর্শদিন সিং নেন একটি।
পাওয়ার প্লেতে ৩১ রানে ৩ উইকেট হারানো যুক্তরাষ্ট্র আর লড়াইয়ে ফিরতে পারেনি।
অনেকটা সময় ক্রিজে থাকলেও ক্রমেই কঠিন হয়ে যাওয়া সমীকরণ মেলানোর মতো কিছু করতে পারেননি মিলিন্দ কুমার। ৩৪ রান করতে তিনি খেলেন ৩৪ বল।
সাঞ্জায় কৃষ্ণমূর্তিও অনেকক্ষণ ক্রিজে ছিলেন। প্রত্যাশিত ঝড়ের আভাস ছিল না তার ব্যাটেও। এই মিডল অর্ডার ব্যাটসম্যান ৩৭ রান করতে খেলেন ৩১ বল।
শেষ দিকে ২২ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংসে ব্যবধান কমান শুভাম রাঞ্জানে।
২৯ রানে ৩ উইকেট নেন সিরাজ। দুটি করে উইকেট নেন আর্শদিপ ও আকসার।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৬১/৯ (ইশান ২০, আভিশেক ০, তিলাক ২৫, সুরিয়াকুমার ৮৪*, শিভাম ০, রিঙ্কু ৬, পান্ডিয়া ৫, আকসার ১৪, আর্শদিপ ৪, ভারুন ০; নেত্রাভালকার ৪-০-৬৫-০, আলি ২-০-১৩-১, ফন শলকউইক ৪-০-২৫-৪, মহসিন ৪-০-১৬-১, রাঞ্জানে ২-০-১৬-০, হারমিত ৪-০-২৬-২)
যুক্তরাষ্ট্র: ২০ ওভারে ১৩২/৮ (হাউস ৬, মুক্কামাল্লা ২, মোনাঙ্ক ০, মিলিন্দ ৩৪, কৃষ্ণামূর্তি ৩৭, রাঞ্জানে ৩৭, হারমিত ০, মহসিন ৮, ফন শলকউইক ২*; আর্শদিপ ৪-০-১৮-২, সিরাজ ৪-০-২৯-৩, ভারুন ৪-০-২৪-১, আকসার ৪-০-২৪-২, পান্ডিয়া ৪-০-৩৪-০)
ফল: ভারত ৩২ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সুরিয়াকুমার ইয়াদাভ
