‘রোল মডেলরা এসব করে না’, ভারতের করমর্দন এড়িয়ে যাওয়া নিয়ে পাকিস্তান অধিনায়ক
তরুণ খেলোয়াড়দের জন্য সঠিক দৃষ্টান্ত স্থাপন করা উচিত বলে মনে করেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে গত এশিয়া কাপে পাকিস্তান দলের সঙ্গে ভারতের ক্রিকেটারদের হাত না মেলানোর সমালোচনা করেছেন সালমান আলি আগা। পাকিস্তান অধিনায়কের মতে, তরুণ খেলোয়াড়দের জন্য সঠিক দৃষ্টান্ত স্থাপন করা উচিত তাদের।
বিশ্বকাপের উদ্বোধনী দিন শনিবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পাকিস্তান। তবে বিশ্বকাপের আগে মাঠের ক্রিকেটের চেয়ে বাইরের ঘটনা নিয়েই আলোচনা হচ্ছে বেশি। যার শুরুটা হয় ২০২৫ এশিয়া কাপ দিয়ে।
এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বির তিন ম্যাচে পাকিস্তানের অধিনায়ক ও গোটা দলের সঙ্গে ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ ও তার দলের ক্রিকেটারদের হাত না মেলানো, ম্যাচ রেফারির বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অভিযোগ, রাজনৈতিক মন্তব্যের জন্য সুরিয়াকুমারের বিরুদ্ধে আইসিসির কাছে পিসিবির অভিযোগ, বিতর্কিত উদযাপনের জন্য পাকিস্তানের পেসার হারিস রউফ ও ব্যাটসম্যান সাহিবজাদা ফারহানের বিরুদ্ধে আইসিসির কাছে ভারতীয় বোর্ডের অভিযোগ-এরকম নানা ঘটনাপ্রবাহে পরিস্থিতি ছিল উত্তপ্ত। সেই উত্তেজনার আগুনে ঘি পড়ে ফাইনালের ট্রফি নিয়ে বিতর্কে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি, পিসিবি চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় চ্যাম্পিয়ন ভারতীয় দল। ভারতীয় দলের চাওয়া ছিল, নাকভি ছাড়া অন্য কারও কাছ থেকে পুরস্কার নেবেন তারা। কিন্তু চ্যাম্পিয়ন দলের ট্রফি ও ক্রিকেটারদের মেডেল শেষ পর্যন্ত দেওয়া হয়নি। পরে ভারতীয় দলকে দেখা যায় ট্রফি ছাড়াই উদযাপন করতে।
পরে উইমেন’স বিশ্বকাপে ও এবারের যুব বিশ্বকাপেও হাত মেলায়নি ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা। সাবেকদের টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করে ভারত।
এই বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দিয়ে রেখেছে পাকিস্তান। কলম্বোয় আগামী ১৫ ফেব্রুয়ারি হওয়ার কথা ম্যাচটি। কিন্তু গত রোববার পাকিস্তান সরকার জানায়, ম্যাচটি খেলতে মাঠে নামবে না পাকিস্তান দল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের পাশে দাঁড়াতে এমন পদক্ষেপ নিয়েছেন তারা। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে ভারতে যেতে রাজি না হওয়ায়, তাদের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে স্কটল্যান্ডকে।
সবকিছু মিলিয়ে বিশ্বকাপের আগে পরিস্থিতি বেশ উত্তপ্ত। টুর্নামেন্ট শুরুর আগের দিন কলম্বোয় সংবাদ সম্মেলনে সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে কথা বলেন সালমান। মাঠের ভেতরে ও মাঠের বাইরে পেশাদারিত্ব ও প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধার গুরুত্ব তুলে ধরেন পাকিস্তান অধিনায়ক।
“আমরা কষ্ট পাই না, তবে খেলাটির জন্য এসব ভালো নয়। আমি কোনো দ্বিধা ছাড়াই বলতে পারি: এই ব্যাপারগুলো অবশ্যই হওয়া উচিত নয়।”
“ছোটবেলায় আমি সবসময় দেখেছি, খেলার উন্নতির জন্য যা করা প্রয়োজন, মানুষ তাই করেছে। এসব করার মাধ্যমে আমরা কিছুটা হলেও রোল মডেল হয়ে উঠি। আমরা এই ধরনের আচরণ করি না, কারণ যদি আমরা তা করি, তাহলে বাচ্চারা তা গ্রহণ করবে এবং আগামীকাল এটির পুনরাবৃত্তি করবে। তাই আমি মনে করি এই ব্যাপারগুলো ঘটতে দেওয়া উচিত নয়- রোল মডেলরা এসব করে না।”
