আমিরের চোখে আভিশেক ‘স্রেফ একজন স্লগার’
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান আভিশেক শার্মাকে ‘প্রপার’ ব্যাটসম্যানই মনে করেন না পাকিস্তানের পেসার মোহাম্মাদ আমির।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান আভিশেক শার্মা। রেটিং পয়েন্টে তার ধারেকাছে কেউ নেই। টি-টোয়েন্টি ক্রিকেটের র্যাঙ্কিংয়ের ইতিহাসে সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ড তার। তবে তাকে ‘প্রপার’ ব্যাটসম্যানই মনে করেন না মোহাম্মাদ আমির। সুইং বোলিং সামলাতে পারলেই কেবল ভারতীয় এই ওপেনারকে সত্যিকারের ব্যাটসম্যান হিসেবে মেনে নেবেন আমির।
দেড় বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর টি-টোয়েন্টি ব্যাটিংকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন আভিশেক। ৩৯ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৮ ফিফটিতে ১ হাজার ২৯৭ রান করেছেন তিনি ১৯৪.৪৫ স্ট্রাইক রেটে।
এবার বিশ্বকাপ অভিষেকে অবশ্য প্রথম বলেই আউট হয়েছেন তিনি ছক্কার চেষ্টায়। পেটের সংক্রমণের কারণে খেলতে পারেননি পরের ম্যাচে। তার পরও ৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে এখনও র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে বাঁহাতি এই ওপেনার। দুইয়ে থাকা ফিল সল্টের চেয়ে এগিয়ে আছে তিনি ৮৭ রেটিং পয়েন্টে।
ভারতের পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে রোববার। সুস্থ থাকলে পাকিস্তানের বোলারদের জন্য বড় হুমকি হতে পারেন আভিশেক।
ম্যাচের আগে পাকিস্তানের টিভি শো ‘হারনা মানা হ্যায়’-তে আলোচনায় সঞ্চালক জানতে চান আভিশেককে নিয়ে আমিরের ভাবনা। বাঁহাতি এই পেসারের মতামত আলোচনার খোরাক জোগানোর মতোই।
“এখনও পর্যন্ত তাকে যতটা দেখেছি, আমার সত্যি মতামত যদি জানতে চান, আমার মনে হয় সে স্রেফ একজন স্লগার। প্রতিটি বলেই চালিয়ে খেলে সে। লেগে গেল তো লেগেই গেল। যেদিন লেগে যায়, সেদিন ভালো। বেশির ভাগ দিনই তার ব্যর্থতার সুযোগ বেশি। নিশ্চয়ই দেখে থাকবেন, ৮ ম্যাচ খেললে একটিতে ভালো করে সে। বাকি ১০, ১৫, ০, ২০, এরকম করে।”
“যেভাবে ব্যাট ঘোরায়, টেকনিক দেখি না সেখানে। স্রেফ এভাবে (ব্যাট উঁচিয়ে) দাঁড়িয়ে থাকে, ‘দাও আমাকে বল, আমি চালিয়ে দেব।’ টেকনিকের দিক থেকে তাকে আঁটসাঁট মনে হয় না আমার।”
সঞ্চালক বললেন, “এই কথাগুলি তো ভারতে আগুন জ্বালিয়ে দেবে…।” কথা শেষ হওয়ার আগেই আমির আবার বললেন, “আমি সৎ মতামত দিচ্ছি। এটাও তো বলছি, যেদিন লেগে যায় তো যায়ই। প্রতিপক্ষ দলকে আঘাতও করতে পারে। তবে অনেক উচ্চ ঝুঁকির ক্রিকেট খেলে সে। ভালো ও স্মার্ট বোলার হলে…।”
আলোচনায় ছিলেন সাবেক পাকিস্তান অধিনায়ক রাশিদ লাতিফও। তিনি কিছুটা ব্যাখ্যা দিলেন আমিরের মন্তব্যের।
“প্রথম শ্রেণির ক্রিকেটে তাকে দেখিনি আমরা, ওয়ানডেতে দেখিনি। বেশির ভাগ সময় টি-টোয়েন্টিতেই দেখেছি। টি-টোয়েন্টিতেই সে কাজ করেছে। তার (শরীরের) ওপরের ভাগ সামনের দিকে যায় না, জায়গা বানিয়ে খেলে। লং অফ থেকে কাভার এবং মিড উইকেটের দিকে খেলে, মূলত সামনেই মারে সে।”
“স্লগার এজন্য যে, সে প্রস্তুত থাকে (মারতে)। ডিফেন্স করতে গেলেই সমস্যা হয়, কারণ সে (বলের) লাইনে আসে না। সে সফল হতে পেরেছে, কারণ একটি কাজই করে যাচ্ছে। ডিফেন্স সেভাবে করে না।”
প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও পর্যন্ত ৩০ ম্যাচ খেলেছেন আভিশেক। রেকর্ড খুব ভালো নয়। ১ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ১ হাজার ৭১ রান করেছেন ৩০.৬০ গড়ে। লিস্ট ‘এ’ ক্রিকেটে অবশ্য রেকর্ড তার খারাপ নয়। ৬০ ম্যাচ খেলে ৪ সেঞ্চুরিতে ২ হাজার ১৯৬ রান করেছেন ৩৩.৭৮ গড়ে ও ১০০.১৮ স্ট্রাইক রেটে। সর্বোচ্চ ইনিংসটি ১৭০ রানের।
লাতিফের কথার মধ্যেই আমির একটি চ্যালেঞ্জ ছুড়ে দেন আভিশেককে।
“তাকে আমি ‘প্রপার’ ব্যাটসম্যান তখনই মানব, যখন দেখব, সামান্য হলেও সুইং করছে এবং সে সুইং সামলাচ্ছে ও নিজের শট খেলছে, তখন বলব সে ব্যাটসম্যান। এখন তো স্রেফ লেগে গেলে তো গেলই।”
