সাহিবজাদার ঝড়ের পর স্পিনারদের নৈপুণ্যে পাকিস্তানের দ্বিতীয় জয়
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে চমক দেখানো যুক্তরাষ্ট্র এবার লড়াই খুব একটা জমাতে পারল না।
আগের ম্যাচ যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন আবার শুরু করলেন সাহিবজাদা ফারহান। আরেকটি ঝড়ো ইনিংস খেলে সুর বেঁধে দিলেন এই ওপেনার। সঙ্গে বাবর আজম ও শাদাব খানের কার্যকর ইনিংসে পাকিস্তান পেল বড় পুঁজি। রান তাড়ায় লড়াই করলেও, লক্ষ্যের ধারেকাছে যেতে পারল না যুক্তরাষ্ট্র।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে চমক দেখিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার লড়াই খুব একটা জমাতে পারল না আইসিসির সহযোগী দেশটি। পাকিস্তান জিতল ৩২ রানে।
কলম্বোয় মঙ্গলবার ২০ ওভারে পাকিস্তান তোলে ১৯০ রান। জবাবে ১৫৮ পর্যন্ত যেতে পারে যুক্তরাষ্ট্র।
আসরে দুই ম্যাচের দুটিই জিতল পাকিস্তান। যুক্তরাষ্ট্র হারল দুটি ম্যাচই।
পাকিস্তানের এবারের জয়ের নায়ক সাহিবজাদা। পাঁচ ছক্কা ও ছয় চারে ৪১ বলে ৭৩ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরার পুরস্কার জেতেন ২৯ বছর বয়সী ব্যাটসম্যান।
যুক্তরাষ্ট্রের হয়ে শুভাম রাঞ্জানে তিনটি করে চার ও ছক্কায় ৩০ বলে করেন সর্বোচ্চ ৫১ রান। পাঁচ চার ও দুই ছক্কায় ৩৪ বলে ৪৯ রান করেন শায়ান জাহাঙ্গির।
যুক্তরাষ্ট্রের পতন হওয়া ৮ উইকেটের ৭টিই নেন পাকিস্তানের চার স্পিনার মিলে। ২৭ রানে ৩ উইকেট নিয়ে তাদের সফলতম বোলার অফ স্পিনার উসমান তারিক।
২০ ওভারের ১৬টিই করেন পাকিস্তানের স্পিনাররা, টি-টোয়েন্টিতে এক ইনিংসে যা তাদের স্পিনারদের দ্বিতীয় সর্বোচ্চ। ২০১২ বিশ্বকাপে কলম্বোর আরেক মাঠ আর প্রেমাদাসা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮ ওভার সর্বোচ্চ।
এবার সিনহালিজ স্পোর্টস ক্লাব মাঠে একজন বিশেষজ্ঞ পেসার নিয়ে খেলতে নামে পাকিস্তান। পেসার সালমান মির্জার জায়গায় ফেরানো হয় তারিককে।
রান তাড়ায় যুক্তরাষ্ট্রের শুরুটা যদিও ভালোই ছিল। আন্দ্রিয়েস হাউসের (১৩ বলে ১৩) উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে তারা তোলে ৫০ রান।
পরের ওভারে শাদাব বোলিংয়ে আসার পর পাল্টে যায় চিত্র। এই লেগ স্পিনিং অলরাউন্ডার প্রথম ওভারে দেন কেবল চার রান। টানা স্পেলে পরের দুই ওভারে মোনাঙ্ক প্যাটেল ও ফিফটির দুয়ারে থাকা জাহাঙ্গিরকে ফেরান তিনি।
শাদাব বোলিং শেষ করেন চার ওভারে ২৬ রানে ২ উইকেট নিয়ে।
যুক্তরাষ্ট্র তাদের একমাত্র পঞ্চাশ ছোঁয়া জুটি (৫৪) পায় চতুর্থ উইকেটে মিলিন্দ কুমার ও রাঞ্জানের ব্যাটে।
নিজের তৃতীয় ওভারে মিলিন্দকে (২২ বলে ২৯) ফিরিয়ে প্রথম উইকেটের দেখা পান তারিক। সাঞ্জায় কৃষ্ণামূর্তিকে দ্রুত ফেরান আবরার আহমেদ।
ভারতের পুনেতে জন্ম নেওয়া ও ভারতের সাবেক টেস্ট ক্রিকেটার ভাসান্ত রাঞ্জানের নাতি শুভাম রাঞ্জানে খেলেন দারুণ কিছু শট। তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে পরপর দুটি ছক্কা মারেন তিনি।
তারিক নিজের শেষ ওভারে শিকার ধরেন দুটি। ইনিংসের শেষ ওভারে রাঞ্জানেকে ফিরিয়ে নিজের একমাত্র উইকেটটি পান আফ্রিদি। পাকিস্তানের হয়ে শততম টি-টোয়েন্টি খেলতে নেমে চার ওভারে তিনি দেন ৪২ রান।
শেষের মতো পাকিস্তানের শুরুটাও ছিল দারুণ। ম্যাচের তৃতীয় বলে ছক্কা মেরে শুরু করেন সাইম আইয়ুব। পরের ওভারে এহসান আদিলকে তিনটি চার মারেন সাহিবজাদা।
আদিলের জন্ম পাকিস্তান, তাদের হয়ে খেলেছেন ২০১৫ ওয়ানডে বিশ্বকাপেও। চোট পাওয়া জাসদিপ সিংয়ের বদলি হিসেবে যুক্তরাষ্ট্র দলে ডাক পেয়ে এবার তিনি মাঠে নামলেন জন্মভূমির বিপক্ষেই!
প্রথম পাঁচ ওভারে পাকিস্তান তোলে বিনা উইকেটে ৫৪ রান। পরের ওভারে জোড়া ধাক্কা খায় তারা। সাইম (১৭ বলে ১৯) ও অধিনায়ক সালমান আলি আগাকে ফিরিয়ে দেন শেডলি ফন শলকউইক।
প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩১ বলে ৪৭ রান করা সাহিবজাদা এবার ফিফটি করেন ২৭ বলে। তৃতীয় উইকেটে বাবরের সঙ্গে ৫৩ বলে ৮১ রানের জুটিতে দলকে এগিয়ে নেন তিনি।
ডাচদের বিপক্ষে ১৮ বলে ১৫ রান করে স্ট্রাইক রেট নিয়ে আবার সমালোচনার মুখে পড়া বাবর এবার উন্নতি করেন কিছুটা, চারটি চার ও একটি ছক্কায় ৩২ বলে করেন ৪৬ রান।
ছয় নম্বরে নেমে চারটি চার ও একটি ছক্কায় ১২ বলে ৩০ রান করেন শাদাব। মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফরা শেষ দিকে প্রতাশিত ঝড় তুলতে না পারলেও, আফ্রিদির একটি ছক্কায় ১৯০ পর্যন্ত যায় পাকিস্তান।
প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ২৫ রানে ৪ উইকেট নেওয়া ফন শলকউইক এবার পাকিস্তানের বিপক্ষেও ২৫ রানে নেন ৪ উইকেট। কিন্তু তার দারুণ বোলিংয়ের উপলক্ষ জয় দিয়ে রাঙাতে পারল না সতীর্থরা।
প্রথম ম্যাচে ডাচদের বিপক্ষে পরাজয়ের শঙ্কায় পড়ে কোনোমতে জিতেছিল পাকিস্তান। এবার ব্যাটে-বলে দাপট দেখিয়েই জিতল তারা।
পরের ম্যাচে আগামী রোববার তারা খেলবে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার প্রেক্ষিতে প্রাথমিকভাবে ম্যাচটি বর্জন করলেও, নানা নাটকীয়তার পর সিদ্ধান্ত পাল্টে খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১৯০/৯ (সাইম ১৯, সাহিবজাদা ৭৩, সালমান ১, বাবর ৪৬, নাওয়াজ ৫, শাদাব ৩০, ফাহিম ১, উসমান ০, আফ্রিদি ৯*, আবরার ০; নেত্রাভালকার ৪-০-৪০-১, আদিল ৩-০-৩৯-০, ফন শলকউইক ৪-০-২৫-৪, মিলিন্দ ১-০-১৬-০, মহসিন ৪-০-২৭-১, হারমিত ৪-০-৪১-১)
যুক্তরাষ্ট্র: ২০ ওভারে ১৫৮/৮ (হাউস ১৩, জাহাঙ্গির ৪৯, মোনাঙ্ক ৩, মিলিন্দ ২৯, রাঞ্জানে, ৫১, কৃষ্ণামূর্তি ০, হারমিত ৬, মহসিন ০, ফন শলকউইক ১*, আদিল ১*; আফ্রিদি ৪-০-৪২-১, সাইম ১-০-১১-০, আবরার ৪-০-৩০-১, নাওয়াজ ৩-০-২১-১, শাদাব ৪-০-২৬-২, তারিক ৪-০-২৭-৩)
ফল: পাকিস্তান ৩২ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সাহিবজাদা ফারহান
