আফগানিস্তানে ‘অবশ্যই’ নারী দল দেখতে চান রাশিদ খান
নারী দল গঠনের কথা দিয়েই টেস্ট মর্যাদা পেয়েছে এবং আইসিসির রাজস্ব নিচ্ছে আফগানিস্তান, কিন্তু সেই শর্ত পূরণ করছে না তালেবান সরকার।
“মেয়েদের দল? অবশ্যই চাই…”, রাশিদ খান দৃঢ় কণ্ঠেই বললেন। আইসিসির পূর্ণ সদস্য দেশ বা টেস্ট খেলুড়ে দেশ হওয়ার গুরুত্বপূর্ণ শর্ত এটি, তুলে ধরলেন তিনি সেটিও। তবে পরের কথাগুলোই ফুটে উঠল অসহায়ত্ব। আফগানিস্তানের সবচেয়ে বড় তারকা ও ছেলেদের টি-টোয়েন্টি দলের অধিনায়ক বললেন, নারী দল না থাকায় তাদের কিছুই করার নেই।
আফগানিস্তানের নারী দল না থাকা এবং তালেবানরা ক্ষমতায় আসার পর নারী ক্রিকেট বন্ধ করে দেওয়া নিয়ে গত কয়েক বছরে আলোচনা হয়েছে অনেক। এই প্রথম প্রকাশ্যে এটি নিয়ে উচ্চকিত হলেন রাশিদ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচের আগে চেন্নাইতে রাশিদকে জিজ্ঞেস করা হয়েছিল, আফগান ক্রিকেটের সবচেয়ে বড় দূত হিসেবে নারী দলকে মাঠে দেখতে চান কি না। নিজের মতামত জানিয়েই তিনি তুলে ধরেন পারিপার্শ্বিক বাস্তবতা।
“নারী দল? অবশ্যই চাই। যতদূর জানি, পূর্ণ সদস্য দেশ হওয়ার একটি মানদণ্ডও এটি। আইসিসি, আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি), তাদের আরও ভালো ধারণা আছে। তবে যে কাউকে যে কোনো পর্যায়ে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করতে দেখলে ভালো লাগবে। দেশকে প্রতিনিধিত্ব করতে পারা বিশাল গর্বের ব্যাপার।”
“তবে হ্যাঁ, আমার মনে হয়ে, এসিবি ও আইসিসির সিদ্ধান্তের ব্যাপার এটি। কখনও কখনও ক্রিকেটার হিসেবে অনেক কিছুর নিয়ন্ত্রণ আমাদের কাছে নেই এবং নিয়ন্ত্রণযোগ্য ব্যাপারগুলো নিয়েই কেবল ভাবতে পারি আমরা। এই ব্যাপারেও (নারী ক্রিকেট) আমরা এমন পরিস্থিতিতে আছি যে, খুব বেশি কিছু বলার উপায় নেই। হ্যাঁ, যে সমর্থন দরকার, সবসময়ই আছে তা (আমাদের পক্ষ থেকে)। কিন্তু আরো বড় বড় লোকেরা আছে, তারাই সিদ্ধান্ত নেয় এবং সামনে এগিয়ে নেয়।”
আইসিসির পূর্ণ সদস্যপদ পাওয়ার শর্তগুলোর একটি ছেলে ও মেয়ে, দুটিই দলই থাকতে হবে এবং এই শর্ত পূরণ করার কথা দিয়েই ২০১৭ সালে টেস্ট মর্যাদা পেয়েছিল আফগানিস্তান। সেই সময়ের আফগান সরকার ধীরে ধীরে প্রক্রিয়া শুরু করেছিল, মেয়েরা টুকটাক ক্রিকেট খেলছিলেন। ২০২০ সালে প্রথমবারের মতো ২৫ নারী ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হয়েছিল এবং ওমানে প্রথম সফর নিয়ে আলোচনা চলছিল।
সবকিছু ভেস্তে যায় পরের বছরই। তালেবানরা ক্ষমতায় আসার পর ক্রমে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়, পুরুষ ডাক্তারের কাছে যাওয়া নিষিদ্ধ হয়, এমনকি প্রকাশ্যে মেয়েদের কণ্ঠই শোনা যায় না সেখানে। ক্রিকেট খেলা তো এখন রূপকথার মতো ব্যাপার।
চুক্তিবদ্ধ ২৫ নারী ক্রিকেটারের প্রায় সবাই কোনোরকমে দেশের বাইরে চলে যেতে পারেন, বেশির ভাগই অস্ট্রেলিয়ায়। তাদেরই দুজন, ফিরুজা আমিরি ও বেনাফশা হাশিমি গত বছর বলেছিলেন, নারী ক্রিকেট নিয়ে আফগানিস্তানের ছেলেদের দলকে আরও উচ্চকিত হওয়া উচিত এবং নারীদের জন্য আরও বেশি কিছু করা উচিত।
নারী শিক্ষা বন্ধ হয়ে যাওয়ার পর প্রতিবাদ জানিয়েছিলেন রাশিদ খানসহ মোহাম্মাদ নাবি, রাহমানউল্লাহ গুরবাজের মতো তারকা। ছেলেদের দলের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি গত বছর নারী ক্রিকেট চালুর পক্ষেও কথা বলেছিলেন। তবে তিনিও রাশিদের মতোই বলেছিলেন, “এটা আমাদের হাতে নেই…।”
