১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিস্ফোরক ইনিংসে আফ্রিদির পাশে দিপেন্দ্রা

টি-টোয়েন্টিতে ১১ বার ম‍্যাচ-সেরার পুরস্কার জিতলেন নেপালের এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান।

বিস্ফোরক ইনিংসে আফ্রিদির পাশে দিপেন্দ্রা
ম্যাচ-সেরার পুরস্কার নিচ্ছেন দিপেন্দ্রা সিং আইরি। ছবি: স্ক্রিনশট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2026, 12:43 AM

Updated : 26 Aug 2026, 02:58 PM

ঝড়ো ব‍্যাটিংয়ে কঠিন সমীকরণ মিলিয়ে দিয়ে কেবল নেপালের ১২ বছরের অপেক্ষার অবসানই ঘটালেন না দিপেন্দ্রা সিং আইরি, নিজের অর্জনের মুকুটেও যোগ করলেন একটি পালক। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান প্রথমবার জিতলেন ম‍্যাচ-সেরার পুরস্কার।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার ৭ উইকেটে জিতেছে নেপাল। বাংলাদেশের বদলে সুযোগ পাওয়া স্কটল‍্যান্ডের ১৭০ রান দলটি ছাড়িয়ে গেছে ৪ বল বাকি থাকতে। 

২০১৪ সালের পর এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম‍্যাচ জিতল নেপাল। ২৩ বলে অপরাজিত ৫০ রানের ইনিংসে তাদের জয়ের নায়ক দিপেন্দ্রা।

টি-টোয়েন্টিতে এই নিয়ে ১১ বার ম‍্যাচ-সেরার পুরস্কার জিতলেন দিপেন্দ্রা। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শাহিদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, বাহরাইনের আসিফ আলি ও উগান্ডার রিয়াজাত আলি শাহও জিতেছেন ১১ বার। তাদের চেয়ে বেশিবার ম‍্যাচ-সেরা হয়েছেন ১৭ জন। ২২ বার জিতে চূড়ায় আছেন মালয়েশিয়ার ভিরানদিপ সিং।

আসিফ শেখের বিদায়ের পর দ্বাদশ ওভারে ক্রিজে যান দিপন্দ্রা। একটু পরে ফেরেন রোহিত পাউডেল। একটু সময় নেন নতুন ব‍্যাটসম‍্যান গুলশান ঝা। তবে দলকে কক্ষপথের বাইরে ছিটকে যেতে দেননি দিপেন্দ্রা।

সহজাত আক্রমণাত্মক ব‍্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকেন তিনি। ২০তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে স্পর্শ করেন পঞ্চাশ। এরপরই চার দিয়ে ম‍্যাচ শেষ করেন ঝা।

ম‍্যাচ শেষে দিপেন্দ্রা বললেন, এই জয় খুব দরকার ছিল তাদের জন‍্য।

“ভক্তদের ধন‍্যবাদ। গত বিশ্বকাপে আমরা কোনো ম‍্যাচ জিততে পারিনি। তাই এই জয় আমাদের জন‍্য খুব গুরুত্বপূর্ণ ছিল। সেরা ইনিংসের একটি।”