২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ বছর আগে খেলেছিলেন হকি বিশ্বকাপে, ক্রিকেট বিশ্বকাপে অভিষেকেই হরিষে বিষাদ

২০০৬ হকি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার পর এবার ক্রিকেট বিশ্বকাপে খেলছেন তিনি ইতালির হয়ে, কিন্তু অভিষেকের চতুর্থ ওভারেই তিনি দুঃস্বপ্নের মুখোমুখি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2026, 01:15 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

৪২ বছর বয়সে বিশ্বকাপ অভিষেক। পেশাদার ক্রিকেটে প্রায় ২২ বছরের পথচলায় সবচেয়ে রোমাঞ্চকর দিন হয়তো এটিই। কিন্তু এমন দিনে ৪ ওভারও মাঠে থাকতে পারলেন না ওয়েইন ম্যাডসেন। ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে মাঠ ছাড়তে হলো ইতালি অধিনায়ককে। গুরুতর এই চোটে বিশ্বকাপই শেষ হয়ে যেতে পারে তার।

কলকাতায় সোমবার স্কটল্যান্ডের সঙ্গে ইতালির ম্যাচের চতুর্থ ওভারের ঘটনা সেটি। জর্জ মানজির শট ঠেকাতে বাঁ দিকে ডাইভ দেন ম্যাডসেন। বল তিনি আটকাতে পারেননি, উল্টো চোট পান কাঁধে।

মুহূর্তেই প্রচণ্ড ব্যথার অনুভূতি ফুটে ওঠে তার চোখেমুখে। মাঠেই পড়ে থাকেন কিছুক্ষণ। পরে ফিজিওর সঙ্গে যখন মাঠ ছেড়ে যান, জার্সির সঙ্গে বাঁ হাত স্লিংয়ের মতো করে ঝুলিয়ে রাখতে দেখা যায় তাকে। যন্ত্রণার ছাপ তখনও ছিল তার মুখে।

পরে ধারাভাষ্যকার ইয়ান বিশপ ম্যাচ চলার সময় ইতালির ডাগআউটের সামনে থেকে জানান, “যতটা জানতে পেরেছি আমরা, ওয়েইন ম্যাডসেনের কাঁধের হাড় স্থানচ্যুত হয়েছে। এই ম্যাচে আর তাকে দেখা যাবে না। পরের ম্যাচগুলি খেলতে পারবেন কি না, তা জানা যাবে পরবর্তীতে।”

কাঁধের হাড় নড়ে গেলে সাধারণ ক্ষেত্রেই এক থেকে তিন সপ্তাহ সময় লাগে ঠিক হতে। গুরুতর হলে সেরে উঠতে সময় লাগে তিন থেকে চার মাস।

ইতালির জন্য বড় ধাক্কা এটি। ম্যাডসেন শুধু অধিনায়কই নন, দলের ব্যাটিংয়ের সবেচয়ে বড় ভরসাও। তার অভাব তারা অনুভব করবে প্রবলভাবেই।

ম্যাডসেনের জন্য এটি স্বপ্নভঙ্গের বেদনার মতোই। অনেক পথ পেরিয়ে অবশেষে প্রথমবার বিশ্বমঞ্চে পা রাখতে পেরেছেন তিনি। সেটিই এখন শুরুতেই শেষ হয়ে যাওয়ার শঙ্কায়।

তার জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ আফ্রিকায়। ক্রিকেট আর হকি, দুটিই খেলেছেন চুটিয়ে। একসময় হকিতেই ছিলেন বেশি দক্ষ। দক্ষিণ আফ্রিকার হকি জাতীয় দলে জায়গা করে নেন দ্রুতই। অবিশ্বাস্য হলেও সত্যি, ২০০৬ কমনওয়েলথ গেমস ও ২০০৬ হকি বিশ্বকাপে তিনি খেলেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে।

তবে তার ভালোবাসা বেশি ছিল ক্রিকেটকে ঘিরে। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩৯টি হকি ম্যাচ খেলার পর ক্রিকেটকেই বেশি গুরুত্ব দিতে শুরু করেন। ঘরোয়া ক্রিকেটে কয়েক বছর খেলার পর ভবিষ্যৎ নিশ্চয়তার আশায় ২০০৮ সালে পাড়ি জমান ইংল্যান্ডে। এরপর থেকেই কাউন্টি ক্রিকেট ও ইংল্যান্ডের ক্রিকেট আঙিনায় তিনি পরিচিত মুখ। বছরের পর বছর খেলে ডার্বিশায়ার কাউন্টি ক্লাবের প্রতীকও হয়ে ওঠেন একসময়। দলকে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন।

প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫৩ ম্যাচ খেলে ৪৩ সেঞ্চুরিতে রান করেছেন তিনি ১৭ হাজারের বেশি। এমনকি গত মৌসুমেও ১৪ ম্যাচে ৪ সেঞ্চুরিতে ১ হাজার ১৫৮ রান করেছেন প্রায় ৫৮ গড়ে।

লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি ১১৭টি, টি-টোয়েন্টি ২১৯টি। 

ইতালি তার দাদির দেশ। সেই সূত্রে ইতালিয়ান পাসপোর্ট নিয়ে ফুটবলের দেশটির হয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০২৩ সালে। অভিষেকে খেলেছিলেন ৩০ বলে ৫২ রানের ইনিংস।

সেবার ইতালি বিশ্বকাপ বাছাই উতরাতে ব্যর্থ হওয়ার পর আর খেলেননি। এবার বিশ্বকাপে তাকিয়ে আবার ফেরেন ইতালি দলে। গত জানুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি খেলেন। এক ম্যাচে ৪৬ বলে ৬১, আরেক ম্যাচে ৩০ বলে ৩৯ রানের ইনিংস খেলেন।

এরপর এই বিশ্বকাপ, তার স্বপ্নের মঞ্চ। বিশ্বকাপ নিয়ে অনেক রোমাঞ্চের কথা বলেছিলেন তিনি। বিশ্বকাপ শুরুর আগের দিন জানান তাদের রোমাঞ্চ ও প্রতিজ্ঞার কথা।

“আমরা শুধু সংখ্যা বাড়াতে নই, ম্যাচ জিততে এসেছি। এই দলটি এই ব্যাপারে একদম পরিষ্কার। আমরা ভয়ডরহীন ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই এবং খেলাটাকে সামনে এগিয়ে নিতে চাই। এটা আমাদের সবার প্রথম অভিজ্ঞতা এবং আমরা বিশ্বকাপের আন্ডারডগ, তবে নিজেদের ভাবনায় আমরা খুবই স্বচছ যে ইতালিয়ান ক্রিকেটে কোন ধরনের ছাপ রেখে যেতে চাই।”

কে জানত, অভিযানের শুরুতেই এভাবে ওত পেতে বসে আছে দুর্ভাগ্য!