জিম্বাবুয়ের পর ভারতে আটকা পড়েছে ওয়েস্ট ইন্ডিজ দলও
মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে এখনই দেশে ফিরতে পারছেন না ক্যারিবিয়ান ক্রিকেটাররা।
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেও এখনই ভারত ছাড়তে পারছে না ওয়েস্ট ইন্ডিজ দল। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বিমান যোগাযোগ স্বাভাবিক না থাকায় আপাতত কলকাতায় থাকতে হচ্ছে ক্যারিবিয়ান ক্রিকেটারদের।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সোমবার বিবৃতিতে জানায়, বিশ্বকাপ দলের দেশে ফেরা হচ্ছে না আপাতত।
“টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের দলের ভারত থেকে যাত্রা বিলম্বিত হচ্ছে আন্তর্জাতিক আকাশসীমা বিধিনিষেধের কারণে। উপসাগরীয় অঞ্চলে সামরিক পদক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তা হুমকির কারণে এই বিধিনিষেধগুলি এসেছে, যা বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট রুটকে প্রভাবিত করেছে এবং সুরক্ষার কারণে বিমান সংস্থাগুলিকে নির্ধারিত পরিষেবাগুলি সমন্বয় করতে বাধ্য হয়েছে।”
“আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, সংশ্লিষ্ট সরকারী কর্তৃপক্ষ এবং বিমান সংস্থাসহ অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছে চলেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, যাতে স্কোয়াড এবং স্টাফদের যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ ভ্রমণ ব্যবস্থা নিশ্চিত করা যায়। ক্রিকেটার, কোচ এবং কর্মকর্তাদের নিরাপত্তা এবং সুস্থতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। দল বর্তমানে ভারতে অবস্থান করছে এবং নিরাপদ এবং সুস্থ রয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা এবং ভ্রমণ ব্যবস্থা চূড়ান্ত হলেই আমরা জানিয়ে দেব।”
একই কারণে দেশে ফিরতে পারছে না জিম্বাবুয়ে দলও। সুপার এইট পর্বের শেষ ম্যাচটির পর সিকান্দার রাজার দল আটকে আছে দিল্লিতে।
বিশ্বকাপের গ্রুপ পর্বে অপরাজিত থাকা ওয়েস্ট ইন্ডিজ সুপার এইটে জিম্বাবুয়ের সঙ্গে জিতলেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ার পর কোয়ার্টার-ফাইনালে রূপ নেওয়া ম্যাচে হেরে যায় ভারতের কাছে। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে চমকপ্রদ পারফরম্যান্সে অপরাজিত থাকা জিম্বাবুয়ে সুপার এইটে হেরে গেছে তিন ম্যাচেই।
