ফাইনাল উন্মাদনা: টিকেটের মূল্য আকাশছোঁয়া, হোটেল ভাড়ায়ও উল্লম্ফন
ভারত-নিউ জিল্যান্ডের ফাইনালের সাড়ে তিন হাজারের টিকেট কালোবাজারে বিক্রি হচ্ছে ৫৪ হাজার রুপিতে!
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ঘিরে রোমাঞ্চ, উত্তেজনার পারদ এখন শিখরে। আর এই উন্মাদনার সুযোগ নিতে পিছিয়ে নেই টিকেট কালোবাজারি ও অসাধু ব্যবসায়ীরা। ভারত-নিউ জিল্যান্ডের শিরোপা নির্ধারণী ম্যাচটিকে কেন্দ্র করে টিকেটের দাম ও হোটেলের ভাড়া এখন আকাশচুম্বী। কালোবাজারিদের থাবায় বহুগুণ বেড়ে গেছে টিকেটের দাম। আর সুযোগ কাজে লাগিয়ে হাজার হাজার রুপি হাতিয়ে নিচ্ছে হোটেল মালিকরা।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোববার ইতিহাস গড়ার অভিযানে নামবে স্বাগতিক ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দল হিসেবে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ার হাতছানি তাদের সামনে।
ম্যাচটি দেখতে মরিয়া হয়ে আছে লাখো মানুষ। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামটিতে এক লাখের বেশি দর্শক উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে বেশিরভাগই থাকবে ভারতের দর্শক। টিকেটের চাহিদা সরবরাহের চেয়ে অনেক বেশি হওয়ায় মূল দামের ১৫ গুণেরও বেশি অর্থ খরচ করছেন ভক্তরা।
‘বুকমাইশো’ অনলাইন প্ল্যাটফর্মে দুই হাজার রুপি মূল্যের টিকেট কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। এতে টিকেটের জন্য ভিন্ন পথ খুঁজছেন হাজারো সমর্থক। আর এই সুযোগটাই নিচ্ছে কালোবাজারিরা।
টিকেট পুনর্বিক্রির বাজার পুরোপুরি দখলে নিয়েছে দালালরা। রয়টার্স তাদের প্রতিবেদনে লেখেছে, সাড়ে তিন হাজার রুপির টিকেট ৫৪ হাজারেও বিক্রি করা হচ্ছে!
নাম প্রকাশে অনিচ্ছুক মুম্বাইয়ের এক ব্যবসায়ী রয়টার্সকে বলেন, “অপেক্ষমাণদের তালিকা থেকে টিকেট না পাওয়ায়, ৩ হাজারের টিকেট আমাকে ৩৫ হাজার রুপিতে কিনতে হয়েছে।”
তিনি আরও জানান, টিকেট পুনরায় বিক্রির জন্য নির্দিষ্ট কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, “সিরিয়াস হলেই কেবল আপনাকে সেখানে যুক্ত করা হবে। আর অগ্রিম অর্থ দিতে হয় যাতে ক্রেতারা সিদ্ধান্ত বদলাতে না পারে।”
চড়া দামে টিকেট বিক্রি করায় এক যুবককে আটক করেছে আহমেদাবাদের পুলিশ।
দিল্লির একজন বলছেন, “এমন পরিস্থিতি আমাদের জন্য নতুন নয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও অত্যধিক মূল্যে টিকেট কিনতে হয়েছিল আমাদের।”
টিকেট পুনরায় বিক্রির অনলাইন প্ল্যাটফর্মগুলোতেও দাম আকাশ ছুঁয়েছে। সেখানে একেকটি টিকেটের মূল্য ১১ হাজার রুপি থেকে শুরু।
টিকেটের এমন উচ্চমূল্য সাধারণ সমর্থকদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছে। কারণে এত দাম দিয়ে টিকেট কিনতে পারছেন না তারা। আবার প্রতারণার ফাঁদে পড়ার ঝুঁকিও রয়েছে।
গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন (জিসিএ) জানায়, স্টেডিয়ামের বাইরে কী ঘটছে তাদের কোনো ধারণা নেই। জিসিএ-এর সচিব আনিল প্যাটেল রয়টার্সকে বলেন, “টিকেট বুকিং হয় কেবল বুকমাইশো অ্যাপের মাধ্যমে। ক্রিকেট অ্যাসোসিয়েশন কোনো ফিজিক্যাল টিকেট বিক্রি করে না।”
বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ করতে চেয়ে ব্যর্থ হয় বার্তা সংস্থা রয়টার্স।
শুধু টিকেটই নয়, আহমেদাবাদে হোটেল ভাড়া ১০ গুণ পর্যন্ত বেড়ে গেছে। উচ্চমূল্য হলেও স্টেডিয়ামের কাছের হোটেলগুলো পূর্ণ হয়ে গেছে। মুম্বাই-আহমেদাবাদ হাইওয়ে এবং গান্ধীনগরের সাধারণ হোটেলগুলোর ভাড়া যেখানে সাধারণত ৪ হাজার রুপি থাকে, সেগুলো এখন ৪০ হাজার রুপি ভাড়া চাইছে।
এক হোটেল মালিক বলেন “এটাই আমাদের লাভ করার সেরা সময়। কারণ অনেক মানুষ ম্যাচটি দেখতে এখানে আসছে।” আরেকজন হোটেল মালিকের মতে, ভারত ফাইনালে না উঠলে মানুষের এত ভিড় হতো না।
দুই বছর আগের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা জেতে ভারত। এবার নিজেদের আঙিনায় তৃতীয় ট্রফি ঘরে তোলার সুযোগ তাদের সামনে। আর নিজেদের প্রথম বিশ্বকাপের খোঁজে আছে নিউ জিল্যান্ড।
