২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের ‘মৃত্যুকূপে’ বড় অঘটন ঘটানোর আশায় আরব আমিরাত

জুনাইদ সিদ্দিকির বিশ্বাস, যেকোনো দলকে হারিয়ে দেওয়ার সামর্থ্য তাদের আছে।

বিশ্বকাপের ‘মৃত্যুকূপে’ বড় অঘটন ঘটানোর আশায় আরব আমিরাত
অনুশীলনে সংযুক্ত আরব আমিরাত দল। ছবি: ইউএই ক্রিকেট এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 08:31 AM

Updated : 26 Aug 2026, 02:54 PM

নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো প্রতিষ্ঠিত শক্তির সঙ্গে গত আসরে চমক জাগানো আফগানিস্তান যোগ হওয়ায়, অনেকের চোখে ‘ডি’ গ্রুপ এবারের বিশ্বকাপের ‘গ্রুপ অব ডেথ।’ সেখানেই বড় বিস্ময় হয়ে আবির্ভূত হওয়ার স্বপ্ন দেখছে সংযুক্ত আরব আমিরাত।

বিশ্বকাপ অভিযানের শুরুতে কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে উপসাগরীয় দেশটি। চেন্নাইয়ে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় নিউ জিল্যান্ডের বিপক্ষে শুরু হবে তাদের ম্যাচ।

নিজেদের আগের দুই বিশ্বকাপে কেবল একটি ম্যাচ জিততে পারে আরব আমিরাত। আর ২০২৪ সালের গত আসরে তো চূড়ান্ত পর্বেই উঠতে পারেনি তারা। তবে এতে তাদের সাফল্যের ক্ষুধা আরও বেড়েছে বলে জানালেন পেসার জুনাইদ সিদ্দিকি।

“দুই থেকে তিন বছর আগে, আমরা কেবল অঘটন ঘটানোর কল্পনাই করতে পারতাম। কিন্তু এখন, আমাদের বিশ্বাস আছে যে আমরা করতে পারব। আমরা অঘটন ঘটাতে কিংবা যেকোনো দলকে হারাতে পারি।”

“একটা ভালো ইনিংস, একটা ভালো স্পেল এবং আমরা যেকোনো দলকে হারাতে পারি। টি-টোয়েন্টি ক্রিকেটই এমন।”

২০২৩ সালে শুরু হওয়া সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএল টি-টোয়েন্টির মাধ্যমে দেশটির ক্রিকেটাররা বিশ্বসেরা খেলোয়াড়দের সঙ্গে লড়াইয়ের সুযোগ পেয়েছে, এর ফলে তাদের ক্রিকেট উন্নত হয়েছে বলে বিশ্বাস সিদ্দিকির।

“অধিকাংশ খেলোয়াড় এখন আইএল টি-টোয়েন্টিতে খেলছে এবং ভালো সুযোগ পাচ্ছে, বড় খেলোয়াড়দের থেকে শিখছে। তাই এখন আমরা দারুণ আত্মবিশ্বাসী এবং আমাদের বিশ্বাস আছে যে, আমরা এই বিশ্বকাপে ভালো কিছু করতে পারব।”

পরের ম্যাচে আগামী শুক্রবার কানাডার বিপক্ষে লড়বে আরব আমিরাত। এরপর আগামী ১৬ ফেব্রুয়ারি তারা খেলবে গতবারের সেমি-ফাইনালিস্ট আফগানিস্তানের বিপক্ষে। আর শেষ ম্যাচে দলটির প্রতিপক্ষ গতবারের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা, ম্যাচটি হবে আগামী ১৮ ফেব্রুয়ারি।