২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে ম‍্যাচ বয়কট: পাকিস্তানের কাছে কারণ জানতে চায় আইসিসি

কলম্বোয় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই ম‍্যাচে খেলতে না চাওয়ার বিস্তারিত কারণ পিসিবির কাছে জানতে চেয়েছে আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2026, 10:27 PM

Updated : 26 Aug 2026, 02:53 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম‍্যাচ বয়কটের পেছনের বিস্তারিত কারণ জানতে পিসিবির সঙ্গে যোগাযোগ করেছে আইসিসি। 

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় মুখোমুখি হওয়ার কথা দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের। এই ম‍্যাচে মাঠে না নামার কথা আগেই জানিয়েছে পাকিস্তান সরকার। 

ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে বলেছে, ম‍্যাচ বয়কটের কারণ হিসেবে সরকারের নির্দেশের কথা আইসিসিকে জানিয়েছে পিসিবি।  

বিস্তারিত না বললেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দেওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। 

ভারতের বিপক্ষে ওই ম‍্যাচে শেষ পর্যন্ত না খেললে পাকিস্তানের সামনে অনেক শাস্তি অপেক্ষা করছে বলে খবর এসেছিল ভারতীয় গণমাধ‍্যমে। আইসিসির ই-মেইলে সেটার একটা আভাস রয়েছে। তারা বলেছে, যদি এমন দেখা যায় যে বাধ‍্যবাধকতার গুরুতর লঙ্ঘন হয়েছে, তাহলে চরম ধরনের নিষেধাজ্ঞা ও পাকিস্তানের সদস‍্যপদ বাতিলের মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ গঠনতন্ত্র অনুযায়ী আইসিসি বোর্ডের রয়েছে।