২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দ. আফ্রিকাকে হারাতে চাই’

ম্যাচটি গ্রুপের অন্য দলগুলোর কাছেও যে গুরুত্বপূর্ণ, সেটা ভালো করেই জানেন নেদারল্যান্ডসের ক্রিকেটাররা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2022, 09:04 PM

Updated : 05 Nov 2022, 09:04 PM

নেদারল্যান্ডসের নকআউটের পর্বে ওঠার আশা শেষ হয়ে গেছে আগেই। তবে টুর্নামেন্টে তাদের শেষ ম্যাচের দিকে তাকিয়ে আছে গ্রুপের অন্য দলগুলো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাচরা জয় পেলে যে সহজ হয়ে যেতে পারে কয়েকটি দলের সেমি-ফাইনালে ওঠার পথ। তবে এসব নিয়ে ভাবছে না নেদারল্যান্ডস, বললেন দলটির অভিজ্ঞ স্পিনার রুলফ ফন ডার মেরওয়া। স্রেফ আরেকটি ম্যাচ হিসেবে খেলে প্রোটিয়াদের হারাতে চায় তারা।

অ্যাডিলেইডে সুপার টুয়েলভের দুই নম্বরে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে রোববার মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ জিতলেই ৭ পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালে পৌঁছে যাবে টেম্বা বাভুমার দল। কিন্তু হারলে কিংবা ম্যাচ পরিত্যক্ত হলে অনিশ্চিত হয়ে পড়বে তাদের শেষ চারে ওঠা। তখন তাদের অপেক্ষা করতে হবে অন্য ম্যাচের ফলের ওপর।

বাভুমার দল হারলে অবশ্য অন্যদের পথটা সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ভারত উঠে যাবে সেমি-ফাইনালে। আর নামের পাশে ৪ পয়েন্ট করে থাকা বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের মধ্যে জয়ী দলও জায়গা করে নেবে পরের ধাপে।

অন্য দলগুলোর কাছে ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ, তা বুঝতে পারছেন নেদারল্যান্ডসের ক্রিকেটাররা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ফন মেরওয়া বললেন, তারা কেবল নিজেদের সেরাটা খেলে দক্ষিণ আফ্রিকাকে হারাতে চান।

“ম্যাচটির গুরুত্ব আমরা বুঝতে পারছি। আমরা যদি দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারি…তবে এটা আমাদের জন্য কেবলই আরেকটি ম্যাচ এবং আমরা দক্ষিণ আফ্রিকাকে হারাতে চাই। তাই এর চেয়ে বেশি কিছু আমরা ভাবছি না।”

“আমাদের কেবল সেটাই করতে হবে, যেভাবে আমরা ভালো করে এসেছি, এই টুর্নামেন্টে যা কিছু ভালো করেছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তেমনটা যদি করতে পারি, কে জানে, তাদের সঙ্গে আমরা জিততেও পারি।”

টি-টোয়েন্টিতে এই দুই দলের দেখা হয়েছে কেবল একবার। ২০১৪ বিশ্বকাপে চট্টগ্রামের ওই ম্যাচে ৬ রানে হেরেছিল নেদারল্যান্ডস। দ্বিতীয় সাক্ষাতে তাই দক্ষিণ আফ্রিকাকে হারানোর বাসনা তাদের মনে।

ওয়ানডেতে অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনেকবার খেলেছে নেদারল্যান্ডস। তবে মেলেনি জয়; এখন পর্যন্ত ছয়টি ওয়ানডে খেলে পাঁচটিতেই হেরেছে তারা, অন্যটি পরিত্যক্ত।

অস্ট্রেলিয়া বিশ্বকাপে এবার ভালোই পারফরম্যান্স করছে নেদারল্যান্ডস। প্রাথমিক পর্বে সংযুক্ত আরব আমিরাত ও নামিবিয়ার বিপক্ষে জয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে হারে তারা। প্রথমবার সুপার টুয়েলভে জায়গা করে নেওয়া দলটি এরপর হারিয়ে দেয় ছন্দে থাকা জিম্বাবুয়েকে।

মেরওয়া বললেন, এই পারফরম্যান্সের আত্মবিশ্বাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের মেলে ধরতে মরিয়া তারা।

“আমি মনে করি, দক্ষিণ আফ্রিকা খুবই ভালো দল। আমরা এই টুর্নামেন্টে কিছু ম্যাচে ভালো ক্রিকেট খেলেছি। জানি, নিজেদের দিনে আমরা তাদেরকে হারিয়ে দিতে পারি, যদি আমরা যা কিছু ভালো পারি সেগুলো এই ম্যাচেও করি এবং প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।”