মেন্ডিসের ক্যারিয়ার সেরা ইনিংসে লঙ্কানদের পুঁজি
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের আগের সেরা স্পর্শ করেছেন শ্রীলঙ্কার এই ওপেনার।
ইনিংস শুরুর করতে নেমে শেষ ওভারে ফিরলেন কুসল মেন্ডিস। ব্যাট হাতে ঝড় তুলে উপহার দিলেন ঝকঝকে এক ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্পর্শ করলেন তার আগের সেরা। এই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি গড়ল শ্রীলঙ্কা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে ভিক্টোরিয়ার জিলংয়ে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। ম্যাচের প্রথমভাগটি নিজের করে নিলেন মেন্ডিস। পাঁচটি করে ছক্কা-চারে ৪৪ বলে খেললেন ৭৯ রানের ইনিংস।
২০১৯ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৭৯ রানের ইনিংস খেলেছিলেন মেন্ডিস। ২ ছক্কার সঙ্গে তার ওই ইনিংসে ছিল ৮টি চার।
মেন্ডিসের ব্যাটে ভর করে ডাচদের বিপক্ষে ৬ উইকেটে ১৬২ রান করেছে শ্রীলঙ্কা। দলটির ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ চারিথ আসালাঙ্কার, ৩ চারে ৩১ রান।
শুরুতে ইনিংস গড়ায় মনোযোগ দেন মেন্ডিস। তৃতীয় ওভারে ফ্রেড ক্লাসেনকে চার মারার পর রুলফ ফন ডার মেরওয়াকে মারেন আরেকটি। পাওয়ার প্লে শেষে তার রান ছিল ১৮ বলে ১৯।
সপ্তম ওভারে পরপর দুই বলে পাথুম নিসানকা ও ধনাঞ্জয়া ডি সিলভাকে হারায় শ্রীলঙ্কা। চাপে পড়া দলকে টানেন মেন্ডিস। এক প্রান্ত আগলে রেখে খেলে যান নিজের মতো।
টিম প্রিঙ্গলকে স্লগ সুইপে ছক্কায় ওড়ান স্কয়ার লেগ দিয়ে। পরে পল ফন গুগটেনকে মারেন আরেকটি। বাস ডে লেডেকে ছক্কায় উড়িয়ে ৩৪ বলে পা রাখেন ক্যারিয়ারের নবম পঞ্চাশে।
১৯তম ওভারে ক্লাসেনকে টানা দুই ছক্কায় ওড়ান ডানহাতি এই ব্যাটসম্যান। শেষ ওভারে গুগটেনকে চার মারার পর ছক্কার চেষ্টায় ধরা পড়েন ডিপ মিডউইকেটে। সমাপ্তি ঘটে তার জ্বলজ্বলে ইনিংসের।
