২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্দান্ত বোলিংয়ে দুই ‘প্রথমের’ স্বাদ তাসকিনের

প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন বাংলাদেশের এই পেসার।

দুর্দান্ত বোলিংয়ে দুই ‘প্রথমের’ স্বাদ তাসকিনের

তাসকিন আহমেদকে ঘিরে সতীর্থদের উল্লাস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 02:59 PM

Updated : 24 Oct 2022, 04:01 PM

ব্যাট হাতে সতীর্থরা পারলেন না দলকে বড় সংগ্রহ এনে দিতে। ব্যাটিংয়ের সুযোগ পেয়ে তাসকিন আহমেদ নিজেও পেলেন গোল্ডেন ডাকের তেতো স্বাদ। তবে নিজের মূল কাজ, বোলিংটা খুব ভালোভাবেই করলেন গতিময় এই পেসার। ক্যারিয়ার সেরা বোলিং উপহার দিয়ে নেদারল্যান্ডসকে হারানোর পথে রাখেন সবচেয়ে বড় অবদান।

হোবার্টে টি-টোয়েন্টি বিশ্বকাপে সোমবার ডাচদের ৯ রানে হারিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটায় বাংলাদেশ। বৈশ্বিক আসরে সুপার টুয়েলভ পর্বে তুলে নেয় নিজেদের প্রথম জয়। সুপার এইট, টেন বা টুয়েলভ পর্বে মিলিয়ে আগের ১৬ ম্যাচেই হেরেছিল দলটি।

বাংলাদেশের এই সাফল্যের মূল কারিগর তাসকিন। ইনিংসের প্রথম দুই বলে শিকার ধরে দলের জয়ের ভিত গড়ে দেন তিনি। পরে আরও দুই উইকেট নিয়ে এই পেসারের বোলিং বিশ্লেষণ, ৪-০-২৫-৪।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম ৪ উইকেট পেলেন তাসকিন। সঙ্গে ৪২ টি-টোয়েন্টির ক্যারিয়ারে প্রথমবার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন ২৭ বছর বয়সী ক্রিকেটার।

এই সংস্করণে তাসকিনের আগের সেরা ছিল ১২ রানে ২ উইকেট, গত বিশ্বকাপে পাপুয়া নিউ গিনির বিপক্ষে।

২০ ওভারের বৈশ্বিক আসরে ইনিংসে ৪ উইকেট নেওয়া বাংলাদেশের তৃতীয় বোলার তিনি। দেশের একমাত্র বোলার হিসেবে বিশ্বকাপে ৫ উইকেট আছে কেবল মুস্তাফিজুর রহমানের। এই পেসার চার উইকেট নিয়েছেন একবার। তিন বার এই কীর্তি গড়েছেন সাকিব আল হাসান।

স্বীকৃত টি-টোয়েন্টিতে অবশ্য এর আগে চারবার চার উইকেট নিয়েছেন তাসকিন। অভিজ্ঞতা আছে ৫ উইকেট নেওয়ারও। সেটি ২০১৬ সালের বিপিএলে রাজশাহী কিংসের বিপক্ষে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে।

বেলেরিভ ওভালে সতীর্থদের ব্যর্থতায় ১৪৪ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। এই পুঁজিই পরে বাংলাদেশের জন্য যথেষ্ট করে তোলেন তাসকিন অসাধারণ বোলিং করে।

ইনিংসের প্রথম ওভারে তার হাতে বল তুলে দেন সাকিব আল হাসান। অধিনায়কের আস্থার প্রতিদান দেন তিনি প্রথম দুই বলেই সাফল্য এনে দিয়ে।

অ্যাঙ্গেলে বেরিয়ে যাওয়া ওভারের প্রথম বলটি বাঁহাতি বিক্রমজিত সিং ব্যাট চালিয়ে ধরা পড়েন প্রথম স্লিপে। দারুণ ক্যাচ নেন ইয়াসির আলি চৌধুরি। পরের বলটি ছিল আউট সুইঙ্গার। শরীর থেকে দূরের বলে ব্যাট চালিয়ে কিপারের গ্লাভসে ধরা পড়েন ছন্দে থাকা বাস ডে লেডে।

হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত অবশ্য সেই স্বাদ পাননি তাসকিন। তবে ওভার শেষ করেন কেবল ৩ রান দিয়ে। নিজের পরের ওভারে উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে স্রেফ ১ রান দেন তিনি।

পাওয়ার প্লেতে আরেকটি ওভার করে অবশ্য দুই চার হজম করেন তাসকিন। স্পেল শেষ করেন ৩ ওভারে ১২ রানে ২ উইকেট নিয়ে।

সপ্তদশ ওভারে কোটা শেষ করতে আসেন তাসকিন। তাকে কাট শটে চার মেরে স্বাগত জানান বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা শারিজ আহমাদ। পরের বলে তাকে ফিরিয়ে শোধ নেন বাংলাদেশ পেসার।

দুই বল পর তার শিকার কলিন আকারম্যান। ডাচদের হয়ে ২ ছক্কা ও ৬ চারে সর্বোচ্চ ৬২ রান করা ব্যাটসম্যান বাউন্সারে উড়িয়ে মেরে ধরা পড়েন স্কয়ার লেগ বাউন্ডারিতে। নিজের শেষ ওভারে তিন চার হজম করে ১৩ রান দেন তাসকিন। 

বল হাতে দারুণ অবদান রাখেন হাসান মাহমুদও। ৪ ওভারে একটি উইকেট মেডেনসহ ১৫ রান দিয়ে তরুণ এই পেসার নেন ২ উইকেট। সাকিব ও সৌম্য সরকার নেন একটি করে উইকেট। তাদের নৈপুণ্যে নেদারল্যান্ডসকে ১৩৫ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।