২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেক ফিল্ডিং নিয়ে ‘প্রোপার ফোরামে’ বলার অপেক্ষায় বিসিবি

স্কুলের মতো ‘হেডমাস্টারের’ কাছে অভিযোগ করার কারণ দেখছেন না বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

অ্যাডিলেইড থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2022, 03:01 PM

Updated : 03 Nov 2022, 03:01 PM

ভারতের বিপক্ষে ম্যাচে ফেক ফিল্ডিং থেকে ৫ রান পেনাল্টি না পাওয়া নিয়ে আপাতত কিছু করার দেখছে না বিসিবি। এটি দেশের ক্রিকেট আঙিনায় আবেগ-উত্তেজনা থাকলেও ‘স্কুলের মতো হেডমাস্টারের’ কাছে বিচার দেওয়ার বাস্তবতা নেই বলেই মনে করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। সুযোগ পেলে উপযুক্ত জায়গায় এটি উপস্থাপন করা হবে, জানালেন দলের সঙ্গে থাকা এই বোর্ড পরিচালক। 

অ্যাডিলেইড ওভালে বৃহস্পতিবার ম্যাচ শেষে নুরুল হাসান সোহান তুলে ধরেন ফেক ফিল্ডিং থেকে প্রাপ্য রান না পাওয়ায় দলের আক্ষেপ। দ্রুতই এটি নিয়ে আলোচনার ঝড় ওঠে। ফেক ফিল্ডিংয়ের ওই ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। যে ক্লিপ থেকে পরিষ্কার ফুটে ওঠে, বাংলাদেশের রান তাড়ায় সপ্তম ওভারে ফেক ফিল্ডিং করেছিলেন বিরাট কোহলি। 

এই ইস্যু নিয়ে সামাজিক মাধ্যম উত্তাল ম্যাচের পর দিনও। বিসিবির পক্ষ থেকে কিছু করার আছে কিনা, এই প্রশ্নও উঠছে। তবে অ্যাডিলেইডে টিম হোটেলের বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জালাল ইউনুস বললেন, এই মুহূর্তে বোর্ডের করণীয় কিছু নেই।

“কিছু হলেই যে বোর্ড থেকে আলাপ করা হবে, ব্যাপারটা এত সহজ না। এটা তো স্কুল না যে, আপনি গিয়ে হেডমাস্টারের কাছে অভিযোগ করবেন। এই ধরনের পরিস্থিতি না। তারপরেও এটা আমাদের মাথায় আছে, আমরা যেন প্রপার ফোরামে গিয়ে কথা বলতে পারি, এটা মাথায় আছে।” 

ফেক ফিল্ডিংয়ের ওই ঘটনার সময় ক্রিজে থাকা ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত তাৎক্ষণিক আম্পায়ারকে জানান। তবে আম্পায়ার তখন বলেছিলেন যে তাদের নজরে পড়েনি। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জানালেন, খেলার পরও এটা নিয়ে দলের পক্ষ থেকে কথা হয়েছে আম্পায়ারদের সঙ্গে।  

“আম্পায়ারকে এটা নিয়ে জানানো হয়েছে। তিনি বলেছেন যে তিনি এটা খেয়াল করেননি। এজন্যই রিভিউতে যায়নি। মাঝখানে সাকিব এটা নিয়ে অনেক আলাপ করেছে এরাসমাসের (আম্পায়ার) সঙ্গে। খেলার পরও এটা নিয়ে আলাপ হয়েছে।” 

এই ম্যাচকে ঘিরে বিতর্ক শুধু ফেক ফিল্ডিংয়েই সীমাবদ্ধ নেই। বাংলাদেশে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় চলছে ভেজা মাঠে খেলানোর অভিযোগ নিয়েও। বৃষ্টির পর মাঠ যথেষ্ট না শুকিয়েই খেলা শুরু করা হয়েছে বলে মনে করছেন ক্রিকেট অনুসারীদের অনেকে। এই ভাবনা আরও উসকে দিয়েছে আম্পায়ারদের সঙ্গে সাকিবের তর্ক করা ভিডিও। সেখানে দেখা যায়, দুই আম্পায়ারের সঙ্গে বেশ উত্তেজিত হয়ে কথা বলছেন বাংলাদেশ অধিনায়ক। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও ছিলেন পাশে। তিনি কিছু বলার চেষ্টা করলে সাকিব তাকে থামিয়ে দেন। ওই আলোচনাপর্ব শেষেও সাকিবকে খুব একটা খুশি মনে হয়নি। 

সাকিব যদিও পরে সংবাদ সম্মেলনে বারংবার প্রশ্নে দাবি করেন, ভেজা মাঠ নিয়ে কোনো আপত্তি তার নিজের বা দল থেকে ছিল না। ভেজা মাঠে খেলা শুরু করায় ফিল্ডিং দল হিসেবে ভারতের প্রতিকূলতাই যে বেশি ছিল, সেটিও মনে করিয়ে দেন তিনি। 

তবে ম্যাচের পরদিন জালাল ইউনুস বললেন, সাকিবের চাওয়া ছিল ম্যাচ শুরু করতে আরেকটু সময় নেওয়া। 

“মাঠ ভেজা নিয়েও আলাপ হয়েছিল (আম্পায়ারদের সাথে)। সাকিব বারবার বলছিল যে, ‘তুমি আরও সময় নিয়ে মাঠ শুকাও, আরেকটু সময় নিয়ে খেলা শুরু করো।’ কিন্তু আম্পায়ারদের, ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। এটা নিয়ে তর্ক-বিতর্কের সুযোগ ছিল না। সিদ্ধান্ত একটাই, আপনি খেলবেন কী খেলবেন না।”