২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টিংয়ের ‘বার্তায়’ পাকিস্তানকে হারানোর রসদ

আগের রাতে উত্তেজনায় ঘুমাতে পারছিলেন না জিম্বাবুয়ের অফ স্পিনিং অলরাউন্ডার সিকান্দার রাজা।

পন্টিংয়ের ‘বার্তায়’ পাকিস্তানকে হারানোর রসদ

পাকিস্তানের বিপক্ষে জয়ের নায়ক সিকান্দার রাজা (বাঁয়ে) ও অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2022, 10:37 PM

Updated : 27 Oct 2022, 10:40 PM

চমকে ভরা বিশ্বকাপে আরেকটি নাটকীয় ম্যাচ উপহার দিল জিম্বাবুয়ে। পার্থে রোমাঞ্চ ছড়ানো লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে জাগাল সেমি-ফাইনাল খেলার আশা। তাদের নায়ক সিকান্দার রাজা জানালেন, পাকিস্তানকে হারানোর রসদ পেয়েছেন রিকি পন্টিংয়ের কাছ থেকে।

প্রথম রাউন্ডে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার টুয়েলভে ওঠে জিম্বাবুয়ে। দুই জয়েই ম্যাচ সেরা ছিলেন রাজা। ব্যত্যয় ঘটল না পাকিস্তান ম্যাচেও। ব্যাট হাতে স্রেফ ৯ রান করে আউট হলেও, বোলিংয়ে ২৫ রানে ৩ উইকেট নিয়ে তিনিই জিম্বাবুয়ের জয়ের নায়ক।

ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে অস্ট্রেলিয়ান কিংবদন্তি পন্টিংয়ের একটি ভিডিও দেখে আত্মবিশ্বাস পাওয়ার কথা জানান রাজা। তাই পন্টিংকে ধন্যবাদ দিতে ভোলেননি জিম্বাবুয়ের এ তারকা অলরাউন্ডার।

“আজ (বৃহস্পতিবার) সকালে আমার কাছে একটি ভিডিও ক্লিপ পাঠানো হয়। সেখানে রিকি পন্টিং কিছু কথা বলেছিলেন। আমি খুবই উত্তেজিত ছিলাম, খুব ভীত ছিলাম। আজকের দিনটি নিয়ে রোমাঞ্চিতও ছিলাম। অনুপ্রেরণা সবসময়ই ছিল। তবে বাড়তি একটা ধাক্কার প্রয়োজন ছিল। আমার মনে হয়, সেই ভিডিওটি ধাক্কার কাজ করে দিয়েছে। তাই পন্টিংকে অনেক ধন্যবাদ।”

পরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন রাজা। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজার ব্যাপারে পন্টিংয়ের মূল্যায়নের একটি ভিডিও আপলোড করেছিল আইসিসি। সেই ভিডিও দেখেই বাড়তি আত্মবিশ্বাস পেয়েছেন বলে জানিয়েছেন রাজা।

“রাতে আমি তেমন ঘুমাতে পারিনি। আমার মাথায় এই ম্যাচ ঘুরছিল। বারবার ভাবছিলাম কীভাবে ব্যাটিং করব। আমি কিছু নোট নিয়েছিলাম। সেগুলো বারবার পড়ছিলাম এবং মাথায় শুধু এগুলোই ঘুরপাক খাচ্ছিল। কারণ জিম্বাবুয়ের জন্য এসব ম্যাচে শেখার সুযোগ অনেক। আমরা সহসাই বড় মঞ্চে এমন ম্যাচ খেলার সুযোগ পাই না। আমরা ফ্লাডলাইটের নিচে বেশি খেলার সুযোগ পাই না। পার্থে এটি আমার প্রথম ম্যাচ ছিল। এই ম্যাচে আমার জন্য এবং আমাদের দলের জন্য শেখার অনেক কিছু ছিল। আমি এখানের কিছু ম্যাচ দেখেছি এবং নিজে নিজে নোট বানিয়েছি। আমার শরীর হয়তো ঘুমাচ্ছিল কিন্তু আমার মন শুধু সেগুলো নিয়েই ভাবছিল।"

"আমি ঘুম থেকে ওঠার পর আমার এক বন্ধু মেসেজ দিল, তুমি কি আইসিসির পেজের ভিডিওটি দেখেছ? আমি বললাম, না! তখন সে বলল, তাহলে তাড়াতাড়ি দেখে ফেলো। সেই ভিডিওটি ছিল রিকি পন্টিংয়ের। তিনি আমাদের দলের ব্যাপারে, বিশেষ করে আমাকে নিয়ে ভালো ভালো কথা বলছিলেন। আমার পরিবার, বন্ধুবান্ধবরা বলছিল এটি দেখে তাদের চোখে আনন্দের অশ্রু চলে এসেছিল।”

খেলাটির সেরাদের একজনের কাছ থেকে প্রশংসা শুনে রাজা নিজেও রোমাঞ্চিত হন। যা তাকে মাঠে ভালো খেলতে বাড়তি শক্তি দিয়েছে।

"আমার মধ্যে এক ধরনের শিহরণ কাজ করছিল। ক্রিকেটের সর্বকালের সেরাদের একজন জিম্বাবুয়ের ব্যাপারে, বিশেষ করে আমার ব্যাপারে এসব বলছিলেন। এমন নয় যে আমার একটি বাড়তি অনুপ্রেরণা জরুরি ছিল। তবে সেই ভিডিওটিই ছিল আমার বিশেষ অনুপ্রেরণা। আমি শান্ত থাকতে চেয়েছিলাম। একইসঙ্গে এই ম্যাচের জন্য রোমাঞ্চিত ছিলাম।"

সেই ভিডিওতে পন্টিং বলেছিলেন, রাজা যেন জানেন কখন কী করতে হবে। যার প্রমাণ পাওয়া গেছে হাতেনাতে। শান মাসুদ ও শাদাব খানের জুটিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিল পাকিস্তান। ইনিংসের ১৪তম ওভারে পরপর দুই বলে শাদাব খান ও হায়দার আলিকে ফিরিয়ে পাকিস্তানকে ফের চাপে ফেলে দেন রাজা।

পরের ওভারে নিজের কোটা শেষ করতে এসে জিম্বাবুয়ের পথের শেষ কাঁটা শান মাসুদকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন রাজা। যা ম্যাচের পাল্লা পুরোপুরি ঘুরিয়ে দেয় জিম্বাবুয়ের দিকে। শেষ পর্যন্ত দারুণ ডেথ বোলিং করে ১ রানের রোমাঞ্চকর জয় নিয়েই মাঠ ছাড়েন রাজারা।