২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের সঙ্গে কথা বলে মোসাদ্দেকের চ্যালেঞ্জ জয়ের গল্প

সাকিবের সঙ্গে কথা বলে স্নায়ুর চাপকে জয় করেন জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় শেষ ওভারে বোলিং করা অলরাউন্ডার।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

ব্রিজবেন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2022, 10:09 PM

Updated : 30 Oct 2022, 10:09 PM

এক ম্যাচে দ্বিতীয়বার জয়ের পর বোলার মোসাদ্দেক হোসেনকে ঘিরে চলছিল বাংলাদেশ দলের উদযাপন। সাকিব আল হাসান ছিলেন একটু দূরে। বাংলাদেশ অধিনায়ক হাসিমুখে এগিয়ে গেলেন সেই জটলার দিকে। দুহাত বাড়িয়ে আলিঙ্গনে জড়ালেন মোসাদ্দেককে, এরপর পিঠ চাপড়ে দিলেন। প্রচণ্ড চাপের সময়ে পরিকল্পনার নিখুঁত বাস্তবায়নের পর তো অধিনায়কের কাছ থেকে এমন বাহবাই প্রাপ্য।

 চ্যালেঞ্জটা ছিল স্কিলের। আরও বেশি ছিল স্নায়ুর চাপকে বশ করার। সেটিও একবার নয়, দুই দফায়! জয়ের তৃপ্তির স্রোতে যখন অবগাহন করার পালা, তখনই জানা গেল লড়াই শেষ নয়। যে চ্যালেঞ্জে একটু আগে জিতে এলেন মোসাদ্দেক, সেটিই নতুন করে জয়ের পরীক্ষা। এবারও জিতে গেলেন মোসাদ্দেক। জিতল বাংলাদেশ।

ব্রিজবেনে রোববার জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ৩ রানের জয়ে শেষ মুহূর্তের নায়ক মোসাদ্দেক। ‘নো’ বল বিড়ম্বনায় শেষ বলটি তাকে করতে হয় দুই দফায়। সেই নাটকীয়তার দৃশ্যগুলি মাঠে দেখেছেন অনেকেই। মোসাদ্দেক শোনালেন আড়ালের গল্প। শেষ সময়টার কৃতিত্ব শুধু তার একার নয়, সেখানে ছিল সাকিবের সঙ্গে তার যুগলবন্দি। 

শেষ বলের চ্যালেঞ্জে দুই দফায় জয়ের কাজটি সহজ নয়। বিশেষ করে, প্রথম দফায় উদযাপন সেরে ফেলার পর আবার নতুন করে মনোযোগ দেওয়া, একই ‘ইনটেনসিটি’ ফিরিয়ে আনার কাজটি সহজ নয়। স্নায়ুর চাপে খেই হারানোর নজির তো ক্রিকেটে কম নেই! মোসাদ্দেক জানালেন, এখানেই তিনি আশ্রয় নেন সাকিবের অভিজ্ঞতার। 

“এটা অন্যরকম একটা অভিজ্ঞতা আমাদের সবার জন্যই। যখন আমরা এলাম, আবার ভেতরে গেলাম, সবাই নার্ভ কন্ট্রোল করার চেষ্টা করেছি। চিন্তা ছিল, আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী বল করব। এরপর ওরা যদি ভালো খেলে বল মারতে পারে, তাহলে আর এটা নিয়ে চিন্তা করি না।” 

“ক্রিকেট খেলায় যেকোনো কিছুই হতে পারে। ছয় হতে পারত, চার হতে পারত। স্নায়ুর চাপ নিয়ন্ত্রণে রাখার জন্য আমি সাকিব ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। উনার সঙ্গে আমার আলোচনা হওয়ার পর চাপ নিয়ন্ত্রনে ছিল।’ 

শেষ বলটির জন্য দুই দফায়ই একই কৌশল দেখা যায় মোসাদ্দেকের। ডানহাতি ব্লেসিং মুজারাবানির জন্য রাউন্ড দা উইকেটে গিয়ে অফ স্টাম্পের বাইরের জোরের ওপর লেংথ বল করেন তিনি। দ্বিতীয় দফায় যদিও ভিন্ন একটি পরিকল্পনার ভাবনাও ছিল, তবে ঝুঁকির দিকটা ভেবে সেই পথ বেছে নেওয়া হয়নি। 

“দুই রকম কথা ছিল যে, ইয়র্কার করব নাকি লেংথ বল করব। একটা ভাবনা ছিল যে সামনে যেহেতু মাঠ ছোট, ইয়র্কার করতে গিয়ে লেংথ মিস করলে ছয় হওয়ার চান্স আছে। এজন্য পরিকল্পনা করেছিলাম একটু ব্যাক অব লেংথ করব, জোরের ওপর করব, যেন মিস টাইমিং হয়।” 

শেষ বলটি দ্বিতীয়বার হওয়ায় ভালো একটি সুযোগ সৃষ্টি হয়েছিল জিম্বাবুয়ের জন্য। তবে মোসাদ্দেকের মতে, মানসিকভাবে পিছিয়ে ছিল জিম্বাবুয়ের স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান। 

“পরেরবার যখন আমরা গিয়েছি, আমাদের জন্য একটা ব্যাপার ভালো হয়েছে, ওদের ব্যাটসম্যানদের এই মানসিকতা আগে থেকেই ছিল যে হেরে গেছি। শেষ বলের জন্য যখন ওরা ব্যাটিংয়ে যাচ্ছিল, স্ট্রাইকে থাকা ব্যাটসম্যানকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছিল নন-স্ট্রাইক ব্যাটসম্যান (রায়ান বার্ল)। কারণ, ওর স্ট্রাইকে যাওয়ার চান্স নেই। যে আছে, তারই মারতে হবে। বাউন্ডারিই মারতে হবে। ওই জায়গা থেকে আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে বাউন্ডারি মারতে পারবে না।” 

এরকম তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ ওভারটি তার করতে হয়েছে, এটিও যথেষ্ট কৌতূহল জাগানিয়া। তবে ৪ বিশেষজ্ঞ বোলার নিয়ে নামায় অধিনায়কের নানা হিসাব-নিকাশে শেষ পর্যন্ত মোসাদ্দেকের ওপরই দায়িত্ব পড়ে। মানসিক প্রস্তুতির সময়ও কিছুটা দেওয়া হয় তাকে। মোসাদ্দেক জানালেন, ১৬তম ওভার থেকেই তিনি জানতেন যে শেষ ওভারের ভার পড়বে তার কাঁধে। 

এই ধরনের চাপের ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা পিষ্ট হয়েছে অনেকবারই। শেষ বলের ফয়সালায় হার সঙ্গী হয়েছে তো কতই। মোসাদ্দেকের বিশ্বাস, এবারের জয় থেকে নতুন শুরু হবে। 

“জেতার জন্য সবার ক্ষুধাটা ছিল, অবশ্যই সবাই জিততে চেয়েছে। সেই মানসিকতা, সেই শরীরী ভাষা মাঠের মধ্যে সবাই দেখিয়েছে। পুরো দলীয় প্রচেষ্টা ছিল আমাদের জেতার পেছনে। শেষ পর্যন্ত জিততে পেরেছি।” 

“আমরা আমাদের মৌলিক পরিকল্পনায় থাকার চেষ্টা করেছি। আজকের পর থেকে হয়তো এই ধারণা সবার পরিবর্তন হবে যে আমরা এই অবস্থা থেকেও জিততে পারি।”