২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ পণ্ড বৃষ্টিতে, আলোচনায় ‘ছাদযুক্ত’ স্টেডিয়াম

মেলবোর্নে পাঁচ ম্যাচের তিনটিই পরিত্যক্ত হয়ে গেছে।

ম্যাচ পণ্ড বৃষ্টিতে, আলোচনায় ‘ছাদযুক্ত’ স্টেডিয়াম

বৃষ্টিতে শুক্রবার মেলবোর্নের দুটি ম্যাচই পরিত্যক্ত হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2022, 10:01 PM

Updated : 28 Oct 2022, 10:01 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপে বারবার বাগড়া দিচ্ছে বৃষ্টি। ভেসে যাচ্ছে একের পর এক ম্যাচ। বৃষ্টির শঙ্কা রয়েছে সামনের ম্যাচগুলোতেও। এ অবস্থায় আলোচনায় উঠে এলো মেলবোর্নের ছাদযুক্ত ডকল্যান্ডস স্টেডিয়ামের কথা।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার ছিল দুটি ম্যাচ। কিন্তু বৃষ্টির বাধায় একটি ম্যাচেও টস করা সম্ভব হয়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি হয়েছে আফগানিস্তান-আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে। বুধবার নিউ জিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচও ভেসেছে বৃষ্টিতে।

এর বাইরে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ফল এসেছে ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচে। মেলবোর্নে সবমিলিয়ে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের স্রেফ একটিতে পুরো ৪০ ওভার খেলা সম্ভব হয়েছে। ভারত ও পাকিস্তানের রুদ্ধশ্বাস উত্তেজনার সেই ম্যাচের ফল হয়েছিল শেষ বলে।

অনেক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গ্রুপের সমীকরণও বদলে যাচ্ছে। দুই ম্যাচ ভেসে যাওয়া আফগানিস্তানের হতাশার মাত্রা তাই অন্যদের চেয়ে বেশি।

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর সংবাদ সম্মেলনে হতাশা লুকিয়ে রাখেননি আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট। তিনিই সামনে আনেন মেলবোর্নের ছাদযুক্ত ডকল্যান্ডস স্টেডিয়ামের আলোচনা।

“হতাশার বিষয় হলো, রাস্তার ওপাড়েই আরেকটি স্টেডিয়াম রয়েছে যেটিতে ছাদ দেওয়া আছে। আপনি সেখানেও ক্রিকেট খেলতে পারেন। (এমনটা হলে) আমরা অনেক ম্যাচ পুরোটা খেলতে পারতাম।”

পরমুহূর্তে নিজেকে সান্ত্বনা দিতেই হয়তো বৃষ্টির অনিশ্চয়তার মাঝে ইতিবাচকতা খুঁজে নিচ্ছেন ট্রট। এতে টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা ও রোমাঞ্চ আরও বেড়ে যায় বলে মন্তব্য করেছেন তিনি।

“তবে বিষয়টি আসলে এমনই। এসব কারণেই টুর্নামেন্টগুলো অনিশ্চয়তায় মোড়া থাকে। সামনের ম্যাচগুলো এখন আরও রোমাঞ্চকর হবে। অবশ্যই জিততে হবে। আশা করি, আমরাও এই লড়াইয়ে থাকব। সেদিকেই তাকিয়ে আছি।”

মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামটি অস্ট্রেলিয়ান ফুটবল বা রাগবি খেলার জন্য বেশি ব্যবহৃত হয়। মাঠে ছাদ থাকায় বৃষ্টিতেও খেলা চালানো যায় নির্বিঘ্নে। ড্রপ-ইন পিচ ব্যবহার করে ক্রিকেট ম্যাচও আয়োজন করা হয় এই মাঠে। বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডস তাদের হোম ম্যাচগুলো এই মাঠেই খেলে থাকে।

বৃষ্টির সমস্যা এড়াতে বিকল্প হিসেবে ডকল্যান্ডস স্টেডিয়ামের কথা চিন্তা করা যেত কি না জিজ্ঞেস করা হলে তাতে সায় দেননি ট্রট। বরং এমসিজিতে খেলার রোমাঞ্চের দিকটি উল্লেখ করেছেন ইংল্যান্ডের এই সাবেক মিডল-অর্ডার ব্যাটসম্যান।

“না! আমার মনে হয় না এরকম বিকল্প কিছু করা যেতে পারে। কারণ বিশ্বকাপে কারিগরি বিষয়গুলো অনেক বিস্তৃত হয়ে থাকে। এসব আয়োজনের ব্যাপারে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আইসিসি অনেক কিছু বিবেচনায় রাখে। আমাদের সূচিতে যেমন ছিল, কে না চাইবে এমসিজিতে এমন দুইটি ম্যাচ খেলতে? আমরা খুবই রোমাঞ্চিত ছিলাম।”

উল্লেখ্য, সম্প্রতি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নামানুসারে মার্ভেল স্টেডিয়াম নামকরণ করা হয়েছে ডকল্যান্ডসের মাঠটিকে।