বোলিংয়ে আস্থা রেখে ভারতের অপেক্ষায় দ.আফ্রিকা
আনরিক নরকিয়ার জানালেন, ভারত ম্যাচের জন্য মুখিয়ে আছে পুরো দল।
কাগিসো রাবাদা, আনরিক নরকিয়া, লুঙ্গি এনগিডি, ওয়েইন পার্নেলদের নিয়ে গড়া দক্ষিণ আফ্রিকার পেস বোলিং আক্রমণ সময়ের সেরাদের একটি। এর সঙ্গে আছেন দুই কার্যকর স্পিনার কেশভ মহারাজ ও তাবরাইজ শামসি। বাংলাদেশকে বিধ্বস্ত করার পর এবার তারা অপেক্ষায় ভারতের। গতিময় পেসার নরকিয়া বললেন, শক্তিশালী ব্যাটিং লাইন আপের প্রতিপক্ষকে সামালাতে নিজেদের বোলিংয়ে অগাধ আস্থা আছে তাদের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে রোববার পার্থে রোহিত শর্মা, বিরাট কোহলিদের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
নিজেদের প্রথম ম্যাচে জয়ের খুব কাছে থেকেও বৃষ্টির কারণে জিম্বাবুয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয় প্রোটিয়াদের। এরপর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দেয় তারা।
রাইলি রুশোর বিধ্বংসী সেঞ্চুরি, কুইন্টন ডি ককের কার্যকর ইনিংসে ২০৫ রান করে দক্ষিণ আফ্রিকা। পরে নরকিয়ার ক্যারিয়ার সেরা বোলিং, রাবাদা, শামসিদের নৈপুণ্যে বাংলাদেশকে গুঁড়িয়ে দেয় তারা মাত্র ১০১ রানে। জয় তুলে নেয় ১০৪ রানের, টি-টোয়েন্টিতে যা তাদের দ্বিতীয় বৃহত্তম জয়।
ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে নরকিয়ার কণ্ঠে ঝরল নিজেদের বোলিংয়ে বিশ্বাস রাখার কথা।
“হ্যাঁ, আমরা নিজেদের উপর আস্থা রাখছি। নিজেদেরকে আমরা সেরা বোলিং আক্রমণগুলোর একটি হিসেবে দেখছি…আমাদের বোলিং বিভাগে দারুণ বৈচিত্র্য আছে। আমরা অনেক দিক কভার করছি। বোলিং বিভাগ হিসেবে যেকোনো দলের বিপক্ষে নিজেদের উপর আস্থা আছে। নির্দিষ্ট দিনে আমাদের যা করনীয় সেটা করে জয়ের চেষ্টা করি।”
“এরপর আমাদের দুজন তরুণ স্পিনারও আছে। তাই আমরা এই বিভাগে নিজেদের ওপর ভরসা রাখি। আমি নিশ্চিত ছেলেরা আগামীকালের ম্যাচের জন্য মুখিয়ে আছে।”
অস্ট্রেলিয়ায় যাওয়ার ঠিক আগে ভারতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি সিরিজ খেললেও ওয়ানডেতে ছিলেন না ভারতের বিশ্বকাপ দলের কেউ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেই অস্ট্রেলিয়ায় পাড়ি জমান রোহিত-কোহলিরা।
নরকিয়া অবশ্য এতে অসুবিধার কিছু দেখছেন না। তার মতে, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কন্ডিশন প্রায় কাছাকাছি। তাই তাদের এমনিতেই ধারণা রয়েছে এখানকার কন্ডিশনের।
“খেলার মধ্যে থেকে অস্ট্রেলিয়ায় যাওয়া আমাদের সহায়তা করছে বলে আমার মনে হয়। কন্ডিশনের সম্পর্কে জানতে ভারতের মতো বাড়তি সপ্তাহ পেলে সম্ভবত দারুণ হতো।”
“তবে আমার মনে হয়, আমাদের বেশিরভাগ ছেলেই অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত। আমরা দক্ষিণ আফ্রিকা থেকে এসেছি। সেখানেও কঠিন ব্যাটিং কন্ডিশন। অনেক স্টেডিয়ামে প্রচুর বাউন্স দেখা যায় বলে। আমরা এই কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত…”
